শিল্পকলায় নূপুরের রিনিঝিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃত্যরঙ একাডেমি পা দিল ১৪ বছরে। নাচকে সঙ্গে নিয়েই তাদের পথচলা। তাই নাচের আয়োজনে উদ্যাপিত হলো প্রতিষ্ঠাবার্ষিকী। সেই সঙ্গে ছিল আলোচনা সভা ও সম্মাননা প্রদানের আয়োজন।
৮ আগস্ট সন্ধ্যায় নগরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় নৃত্যসন্ধ্যা। ‘নূপুর বাজুক প্রণোচ্ছলে’ শিরোনামে এ আয়োজনের উদ্বোধন করেন নৃত্য প্রশিক্ষক রূপক সেন।
আয়োজনের শুরুতে ছিল আলোচনা সভা। প্রীতি বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত।
এরপর সম্মাননা জানানো হয় নৃত্যশিল্পী শুভ্রা সেনগুপ্তাকে। সম্মাননা পর্ব শেষে নৃত্যরঙ একাডেমির সদস্যদের পরিবেশনায় মঞ্চে শুরু হয় নৃত্যের ঝংকার। শুরুতেই ‘প্রথম প্রদীপ জ্বালো’ নজরুলসংগীতের সঙ্গে ছিল সমবেত নৃত্য।
‘রিমিঝিমি শ্রাবণের সুর’ গানের সঙ্গে ছোটদের নৃত্য জমিয়ে তোলে আয়োজন। এরপর একে একে ‘সুজন আমার’, ‘প্রিয় যাই যাই বলো না’, ‘বেশি বেশি কথা’, ‘ডিং ডং’ গানগুলোর সঙ্গে মঞ্চে সমবেত নৃত্য পরিবেশিত হয়।
ছোটদের পরিবেশিত ‘প্রজাপতি মন মেলে পাখনা’ গানের সঙ্গে নৃত্য ছিল এ আয়োজনের মূল আকর্ষণ। এরপর তন্ময় বড়ুয়া ও প্রিয়াংকা বড়ুয়া ‘ভালোবেসে সখী’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। ‘সাপুড়ে’ গানের সঙ্গে লিটন হোসেন ও শান্তা খানমের যৌথ পরিবেশনাও মঞ্চ মাতায়।
এরপর কামাল হোসেন ও ঐশী চৌধুরী এবং রবিউল হোসেন ও মনীষা চৌধুরীর নৃত্যও মঞ্চ মাতায়। সবশেষে পাশ্চাত্য সংগীতের তালে সমবেত নৃত্য পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজন।