চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নগরের নয়টি ব্যান্ড দলের পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হয় গত ২৮ অক্টোবর। এই সংগীত আসরের আয়োজক ছিল চিটাগাং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (সিএমবিএ)।
‘হ্যালো টুমরো’ শিরোনামে এই কনসার্টে অতিথি ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, কবি কামরুল হাসান বাদল, শিল্পী সুব্রত বড়ুয়া রনি ও আহমেদ নেওয়াজ। শুভেচ্ছা বক্তব্য দেন সিএমবিএর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। কনসার্ট শুরুর আগেই দর্শকদের পদচারণায় মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। তরুণ দর্শকদের হতাশ করেননি শিল্পীরা। বিকেল পাঁচটায় শুরু হওয়া এই কনসার্ট শেষ হয় রাত ১০টায়।
আয়োজনের শুরুতে রানওয়ে ব্যান্ডের শিল্পীরা পরিবেশন করেন ‘সকাল থেকে কত আয়োজন’ ও ‘রাতকে বলি চোখ বুজে তুই থাক’ গানগুলি। এরপর ছিল জলরং ও শূন্যস্থান ব্যান্ডের পরিবেশনা।
ব্যান্ডদল ‘বে অব বেঙ্গল’ পরিবেশন করে তিনটি স্বরচিত গান। এরপর দর্শক মাতান তিরন্দাজ ব্যান্ডের শিল্পীরা।
অনুষ্ঠানে বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করে ব্যান্ডদল ওয়ার্নিং ও আর্টসেল। আসরে নিজেদের গান নিয়ে এসেছে স্টোন ও মানবিক ব্যান্ডদল। সব শেষে ছিল শোল্ডারের পরিবেশনা। ‘রাতের আকাশের দিকে তাকিয়ে, মা তোমায় পড়ছে মনে’ ও ‘আমি সারা রাত দাঁড়িয়ে ছিলাম জানালার পাশে’ শোল্ডরের এই দুটি গানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।