শিল্পকলায় ম্যাকবেথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ে ও আয়ারল্যান্ডের যৌথ বাহিনীর সঙ্গে যুদ্ধে সাহসিকতার পরিচয় দিয়েছেন সেনাপতি ম্যাকবেথ। স্কটল্যান্ডের রাজা ডানকান সেনাপতির এই সাফল্যে মুগ্ধ হয়ে তাঁর প্রাসাদে আতিথ্য গ্রহণ করেন। লোভ ও উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে ম্যাকবেথ সেই রাতেই ডানকানকে হত্যা করে নিজেকে স্কটল্যান্ডের রাজা ঘোষণা করেন। কিন্তু শেষ রক্ষা হয় না। বিদ্রোহীদের হাতে তাঁর মৃত্য হয় এবং ডানকানপুত্র ম্যালকমই সিংহাসনে বসেন।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে ২০ জুন শুক্রবার সন্ধ্যা সাতটায় ঢাকার পদাতিক নাট্য সংসদ মঞ্চে আনে উইলিয়াম শেকসপিয়ারের ম্যাকবেথ নাটক। কথাসাহিত্যিক ও কবি সৈয়দ শামসুল হকের অনুবাদ করা এই নাটকের নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।
অরিন্দম নাট্যসম্প্রদায় আয়োজিত দুই দিনব্যাপী নাটক প্রদর্শনী উপলক্ষে পদাতিকের এই প্রদর্শনী। এর আগে ১৯ জুন অনুষ্ঠানের শুরুর দিন অরিন্দম নাট্যসম্প্রদায় মঞ্চস্থ করে তারাশংকরের উপন্যাস অবলম্বনে রচিত নাটক কবি।
শেকসপিয়ারের ম্যাকবেথ নাটকের মূল বিষয়বস্তু ছিল উচ্চাকাঙ্ক্ষা ও ক্ষমতার লোভ। আর তাঁর ফলেই ম্যাকব্যাথের এমন করুণ পরিণতি। ডাইনি কিংবা স্ত্রীর প্ররোচনার বিষয়টি দেখানো হলেও আদতে এই অহেতুক রক্তপাতের জন্য ম্যাকবেথ নিজেই দায়ী। ব্যক্তির এই ট্র্যাজিক পরিণতি নাটকে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে।
নাটকের ম্যাকবেথ চরিত্রে শাখাওয়াত হোসেন ও লেডি ম্যাকবেথ চরিত্রে অভিনয় করেন শামছি আরা। এ ছাড়া অভিনয় করেন হামিদুর রহমান, সাগর, ইকরাম, শুভ, জনি, রাসেল, ওয়ালিদ, জুয়েল, জয়, তন্ময়, নাজিম ও মশিউর রহমান। এটি দলটির ৩৭তম প্রযোজনা।