
কখনো প্রেম, কখনো পূজা। ছিল প্রার্থনা ও স্বদেশপর্বের গান। রবীন্দ্রসুরে মোহনীয় সন্ধ্যায় শ্রোতাদের মাতিয়ে রাখলেন শিল্পীরা।
গত ২৭ নভেম্বর বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে নগরের শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারির নিচতলায় বসে এ আয়োজন। শিরোনাম—‘আনন্দধারা বহিছে ভুবনে’।
আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সঞ্চালনায় আনোয়ারা আলমের সভাপতিত্বে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে আয়োজন উদ্বোধন করেন ওস্তাদ মিহির কুমার নন্দী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক লাকী দাশ। প্রায় আড়াই ঘণ্টার অনুষ্ঠানে শিল্পীরা পরিবেশন করেন ২৯টি গান।
শুরুতে সমবেত কণ্ঠে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’। রবীন্দ্রনাথের পূজাপর্বের এ যেন নতুন আবেগে ধরা দেয় মিলনায়তনভর্তি দর্শকদের সামনে। এরপর শিল্পীরা গাইলেন পূজাপর্বের আরও দুটি গান—‘আমার মাথা নত করে দাও’ ও ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’। সমবেত সংগীতের পর একক সংগীতের পালা। কান্তা দে গেয়ে শোনান ‘আনন্দধারা বহিছে ভুবনে’। এই পরিবেশনাটি সবার মন ছঁুয়ে যায়। এরপর শীলা চৌধুরী গাইলেন ‘আমার নাইবা হল পারে যাওয়া’ ও সেঁজুতি শ্রেয়া পরিবেশন করেন ‘দিন শেষের রাঙা মুকুল জাগল চিতে’।
এরপর শিল্পীরা একে একে শোনান ‘ডেকো না আমারে’, ‘আমি তোমায় যতো শুনিয়েছিলেম গান’, ‘আমার মনের কোণের বাইরে’, ‘তোমার আমার এই বিরহের অন্তরালে’, ‘শুধু তোমার বাণী নয় গো’, ‘যদি জানতেম আমার কিসের ব্যথা’সহ বেশ কয়েকটি গান।
ভালো লেগেছে সলিল বড়ুয়ার কণ্ঠে ‘আমি হৃদয়েতে পথ কেটেছি’, কাবেরী দাশগুপ্তের ‘সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে’ ও শ্যামলী পালের ‘ওহে সুন্দর মম গৃহে’। এরপর শুভাগত চৌধুরী পরিবেশন করেন ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’। চেনা এই সুর দর্শকদের মন ভিজিয়ে দেয়। আসরের শেষ দিকে মশিউল আনোয়ারের ‘ভাবনা করিস নে তুই’, বনানী দত্তের ‘ও যে মানে না মানা’, কেশব জিপসীর ‘তোমায় গান শোনাব’ ও লাকী দাশের কণ্ঠে ‘মাঝে মাঝে তব দেখা পাই,’ দর্শকদের মন ভরিয়ে দেয়।
সবশেষে অনুষ্ঠানের পর্দা নামে সমবেত কণ্ঠে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ পরিবেশনার মধ্য দিয়ে।