শিল্পদূষণে মাটি বায়ু ও নদী
শিল্পপ্রতিষ্ঠান বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে শিল্পবর্জ্যজনিত দূষণও বাড়ছে। বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ও বায়ু পরিশোধনের ব্যবস্থা না রাখায় প্রতিনিয়ত মাটি, বাতাস ও কর্ণফুলী নদী দূষণের কবলে পড়ছে। এ ছাড়া পরিশোধনাগার থাকলেও অনেক প্রতিষ্ঠান তা নিয়মিত চালু রাখে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ।ইটিপি বন্ধ রাখার প্রমাণ পাওয়ায় ২২ মে কালুরঘাট শিল্পএলাকার সানজি টেক্সটাইল লিমিটেড নামের একটি ডায়িং কারখানাকে ২২ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়। এটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ও আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের পারিবারিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কর্ণফুলী দূষণ করছিল বলে অভিযোগ করা হয়। একই এলাকার শাহ আমানত টেক্সটাইল মিলকে জরিমানা করা হয় ২৮ লাখ টাকা। প্রতিষ্ঠানটি ইটিপি ছাড়াই উৎপাদন অব্যাহত রেখেছিল। পরিবেশ অধিদপ্তরের ২০১০ সালের হিসাব অনুযায়ী চট্টগ্রামে ১৩২টি ভারী শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ২৫টি চলছে ইটিপি ছাড়া। বাকিগুলোর মধ্যে ইটিপি প্লান্ট ও বায়ুদূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলেও কিছু কিছু প্রতিষ্ঠান তা সবসময় চালু রাখে না। পরিবেশ অধিদপ্তর এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পর্যায়ক্রমে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। এ পর্যন্ত ৯০টিরও বেশি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়। বেশির ভাগ ক্ষেত্রে দেওয়া হয়েছে অর্থদণ্ডই। এর মধ্যে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ইয়ং ইন্টারন্যাশনাল (বিডি) লিমিটেডকে নয় লাখ, সীতাকুণ্ডের সানম্যান টেক্সটাইলকে ১৬ লাখ, পাহাড়তলীর লিজ ওয়াশিং লিমিটেডকে সাত লাখ, এপিক রেডিমিক্স অ্যান্ড কনক্রিট প্রোডাক্টসকে আড়াই লাখ এবং ম্যাক স্টিলকে চার লাখ টাকা জরিমানা করা হয়। কালুরঘাট শিল্পএলাকার পাশে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান উসমানিয়া গ্লাস শিট কারখানাকেও জরিমানা করা হয়।এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন কারখানা নানাভাবে পরিবেশ দূষণ করছে। আমরা এসব কারখানাকে প্রথমে নোটিশ দিই। তাতে যদি তারা না শোধরায় তখন জরিমানা দিই। এরপরও যদি কেউ নিয়ম না মানে তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’জানা গেছে, শিল্পপ্রতিষ্ঠানের দূষণের মধ্যে ডায়িং, টেক্সটাইল ও ওয়াশিং কারখানার দূষণ সবচেয়ে ভয়াবহ। ডায়িং কারখানাগুলোতে ইটিপি থাকলেও তা নিয়মিত চালু রাখা হয় না। এ প্রসঙ্গে কালুরঘাট শিল্পএলাকার দায়িত্বে নিয়োজিত পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হারুনুর রশীদ বলেন, ‘আমাদের চাপাচাপিতে বিভিন্ন প্রতিষ্ঠান শেষপর্যন্ত ইটিপি স্থাপন করলেও বেশির ভাগ প্রতিষ্ঠান তা চালু রাখে না। তাই আমরা আকস্মিক অভিযান পরিচালনা করি।’কর্ণফুলী দূষণ: খোঁজ নিয়ে জানা যায়, কর্ণফুলী নদীকে দূষণ করছে সরকারি-বেসরকারি ১৪১টি ছোট-বড় কারখানা। এসব কারখানার মধ্যে ৩৫টি ‘লাল’ তালিকাভুক্ত (মারাত্মক দূষণকারী) এবং বাকিগুলো ‘কমলা খ’ তালিকাভুক্ত (অপেক্ষাকৃত কম দূষণকারী মাঝারি অথবা ছোট শিল্পপ্রতিষ্ঠান)। এর মধ্যে স্বায়ত্তশাসিত কর্ণফুলী কাগজকল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের অপরিশোধিত বর্জ্য অন্যতম। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, কারখানাগুলো থেকে প্রতিদিন অপরিশোধিত তরল রাসায়নিক বর্জ্য সরাসরি বিভিন্ন খাল ও নর্দমার মাধ্যমে কর্ণফুলী নদীতে পড়ে। এর মধ্যে কেবল সিটি করপোরেশন এলাকার বিভিন্ন বাসাবাড়ির ৩০০ টন তরল ও কঠিন বর্জ্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্ণফুলীতে মেশে। ফলে নদীটির নাব্যতা কমার পাশাপাশি পানিতে দ্রবীভূত অক্সিজেন, সিওডি ও বিওডির মান নির্ধারিত মাত্রা অতিক্রম করেছে। এতে করে বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। জানা গেছে, দুই বছর আগে পরিবেশ অধিদপ্তর জরিপ চালিয়ে ৩৯টি কারখানা ও স্থাপনাকে কর্ণফুলী নদী মারাত্মক দূষণকারী হিসেবে চিহ্নিত করেছিল। লাল তালিকাভুক্ত ৩৫টি কারখানা ওই জরিপ প্রতিবেদনের অন্তর্ভুক্ত ছিল। সে সময় অপেক্ষাকৃত কম দূষণকারী (কমলা খ) মাঝারি ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জরিপের বাইরে রাখা হয়েছিল। দূষণের মাত্রা অনুযায়ী ইটিপিবিহীন কারখানাগুলোকে একাধিকবার বিজ্ঞপ্তিও দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের (২০১০ জানুয়ারি) জরিপের পরীক্ষা থেকে দেখা যায়, নদীর কোনো কোনো শাখা খালের মুখে পানিতে দ্রবীভূত অক্সিজেনের (ডিও) পরিমাণ শূন্যের কোটায় নেমেছে। আবার বিওডি ও সিওডি সহনীয় মাত্রার যথাক্রমে পাঁচ ও আট গুণ পর্যন্ত বেড়েছে। এভাবে ক্রমাগত দূষণের কারণে কর্ণফুলী নদী এখন মাছশূন্য হয়ে পড়ছে। বিলুপ্ত হয়েছে ৫৮ প্রজাতির মাছ, যা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের গবেষণায়ও দেখা গেছে। এ প্রসঙ্গে কর্ণফুলী নদী নিয়ে গবেষণারত চট্টগ্রাম কলেজের অধ্যাপক মো. ইদ্রিস আলী বলেন, ‘শিল্পকারখানা বাড়ার সঙ্গে সঙ্গে দূষণও ক্রমাগত বাড়ছে। কর্ণফুলীর দূষণ নিয়ন্ত্রণের জন্য জরিমানার পাশাপাশি জনসচেতনতাও বাড়ানো দরকার।’বায়ুদূষণ: ইস্পাত কারখানা (স্টিলমিল), অ্যালুমিনিয়াম কারখানাসহ কালো ধোঁয়া নির্গমনকারী বিভিন্ন প্রতিষ্ঠান নগরের বায়ুদূষণ করছে প্রতিনিয়ত। কালো ধোঁয়ার সঙ্গে বস্তুকণা, সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেন ডাই-অক্সাইড, সিসাসহ অন্যান্য ক্ষতিকর উপাদান বাতাসে ছড়িয়ে পড়ছে। এভাবে চট্টগ্রামের বাতাস দ্রুত দূষিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন সময়ের পরীক্ষায় দেখা গেছে, নগরের কদমতলী মোড়, একে খান মোড়, বায়েজিদ এলাকা, আগ্রাবাদসহ বিভিন্ন স্থানে পরিচালিত পরীক্ষায় দেখা গেছে, বাতাসে এসপিএমের (সাসপেনডেন্ট পারটিকুলেট মেটার) পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার অন্তত পাঁচ-ছয় গুণ বেশি। বায়ুদূষণ রোধেও কলকারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ২ মে পরিবেশ অধিদপ্তর নগরের বায়েজিদ বোস্তামি এলাকায় পৃথক অভিযান চালিয়ে বায়ুদূষণের অপরাধে তিনটি কারখানাকে ১৩ লাখ টাকা জরিমানা করেছে। এর মধ্যে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে পাঁচ লাখ, ইসলাম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে পাঁচ লাখ ও দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।