শিল্পনগর হচ্ছে কর্ণফুলীর দক্ষিণ পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পনগরে পরিণত হচ্ছে কর্ণফুলীর দক্ষিণ পারের বিভিন্ন জনপদ। নতুন নতুন শিল্পকারখানা গড়ে ওঠায় দিন দিন পাল্টে যাচ্ছে শহরতলির চরপাথরঘাটা, শিকলবাহা ও রাঙাদিয়ার চিরচেনা রূপ। নদীপথে সহজ যোগাযোগ, কম মজুরিতে শ্রমিক পাওয়া, কারখানার জন্য কম দামে পর্যাপ্ত জায়গা পাওয়া ইত্যাদি কারণে এখানে ছোট-মাঝারি ও ভারী কলকারখানা গড়ে উঠছে। কর্ণফুলী নদীতে নতুন সেতু হওয়ায় আরও কারখানা গড়ে তোলার উদ্যোগ নিচ্ছেন উদ্যোক্তারা। এতে জমির দাম বাড়ছে হু হু করে। এসব এলাকার বেশির ভাগ জমি বিভিন্ন শিল্পোদ্যোক্তা কিনে নিয়েছেন বলে জানান স্থানীয় ব্যক্তিরা। এলাকায়ও উন্নয়নের ছোঁয়া লেগেছে, তার সুফল পাচ্ছেন স্থানীয় মানুষ। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯৮৯ সালে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু চালু হলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে যোগাযোগব্যবস্থা অনেক সহজ হয়ে যায়। শিকলবাহায় ১৯৮৪ সালে স্থাপিত হয় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র। ইছানগরে একটি সরকারি ও দুইটি বেসরকারি ড্রাইডক স্থাপিত হয়, রয়েছে মৎস্যবন্দর। পাকিস্তান আমলে গড়ে ওঠে মেরিন ফিসারিজ একাডেমি। ৯০-এর দশকের শুরুতে আনোয়ারার রাঙাদিয়ায় প্রতিষ্ঠিত হয় দেশের বৃহত্তম চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা। ১৯৯৪ সালে কর্ণফুলী সার কারখানা (কাফকো) প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে শিল্পএলাকা হিসেবে শহরতলির এসব জনপদের সম্ভাবনা বাড়তে থাকে। এরপর একের পর এক শিল্পকারখানা গড়ে উঠতে থাকে। এসব কারখানায় স্থানীয় ব্যক্তিদের তেমন বেশি কর্মসংস্থান হয়নি। তবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এলাকার গুরুত্ব বেড়ে যায় অনেক গুণ। এদিকে, ১৯৯৬ সালে অনুমোদন লাভের পর ৯৯ সালে অবকাঠামো তৈরির কাজ শুরু করে দেশের প্রথম বেসরকারি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)। চলতি বছরে এটি পুরোদমে চালু হতে পারে বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। এতে ৩২ হাজার মানুষের কর্মসংস্থান হবে। গত শুক্রবার চরপাথরঘাটা ফেরিঘাট এলাকার আবদুল কাদের (৫০) জানান, ‘নানা ধরনের কলকারখানা স্থাপনের কারণে কর্ণফুলীর দক্ষিণ তীরের এ জনপদ এখন খুবই ব্যস্ত। স্থানীয় মানুষের জীবনযাত্রার তেমন মান না বাড়লেও মাঝেমধ্যে মনে হয় আমরা শহরে বাস করছি।’৯০-এর দশকের পর শিকলবাহায় এস আলম গ্রুপের এস আলম স্টিলস লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম সুপার এডিবল অয়েল, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম সিমেন্ট লিমিটেড, এস আলম ব্যাগ ম্যানুফেকচারিং, মডার্ন ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এহসান রি-রোলিং মিলস ও বেলামি টেক্সটাইল লিমিটেড। কালারপোল এলাকায় প্রতিষ্ঠিত হয় এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ও রিজেন্ট পাওয়ার লিমিটেড। ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর কালারপোল সেতু ভেঙে যাওয়ার পর মেরামত না হওয়ায় সেখানকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।২০০০ সালে কালারপোলে স্থাপন করা হয় জাহাজ তৈরির কারখানা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। সেখানে এখন হাজার কোটি টাকার জাহাজ তৈরি হচ্ছে, যা বিদেশে রপ্তানি করা হচ্ছে। ওয়েস্টার্ন মেরিনে শিকলবাহা ও আশপাশের দুই হাজারের বেশি মানুষ চাকরি পেয়েছেন। এখানকার প্রতিটি শ্রমিক ১০ হাজার টাকার বেশি আয় করেন। ফলে শিকলবাহা ও আশপাশের এলাকার মানুষ স্বাবলম্বী হচ্ছেন।ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন জানান, ‘শিপইয়ার্ডের প্রায় ৭০ শতাংশ শ্রমিক শিকলবাহা ও আশপাশের এলাকা থেকে নেওয়া হয়েছে। তাঁদের প্রশিক্ষণের মাধ্যমে জাহাজ তৈরির জন্য দক্ষ করা হয়। আমরা ভেবেছি আমাদের প্রতিষ্ঠানে এলাকার মানুষের কাজ করার অধিকার রয়েছে।’কালারপোল ইউনিয়নের চেয়ারম্যান নুর আলী বলেন, ‘আমাদের এলাকায় শিল্পকারখানা গড়ে উঠছে—তা খুবই ইতিবাচক। কালারপোলে ওয়েস্টার্ন মেরিনসহ বিভিন্ন ভারী কারখানা গড়ে ওঠায় এলাকায় তার ইতিবাচক প্রভাব পড়ছে। তবে শিল্পকারখানার মালিকদের কাছে আমার অনুরোধ থাকবে তাঁরা যেন স্থানীয় ব্যক্তিদের কাজে লাগান।’ কর্ণফুলী নদীর তীরে অবকাঠামোগত সুবিধা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ডায়মন্ড সিমেন্ট ও ন্যাশনাল সিমেন্ট কারখানা, চিনি ও ভোজ্যতেল পরিশোধনাগার এবং স্পিনিং মিল। এদিকে, আনোয়ারা সদরের কাছে ২০১০ সালে শুরু হয়েছে সাদ মুছা শিল্পপার্কের নির্মাণকাজ। এতে স্থানীয় ১০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে জানান সাদ মুছা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন। সরেজমিনে দেখা যায়, কর্ণফুলী এলাকায় এখনো ভালো মানের আবাসিক হোটেল ও বাড়ি গড়ে ওঠেনি। ফলে সস্তায় অনেক ভালো বাসা পাওয়া যায়। সেখানে বসবাস করেন নিম্নআয়ের শ্রমিকেরা। আবার অধিকাংশ কর্মজীবী মানুষ ফিরিঙ্গিবাজার, সদরঘাট, অভয়মিত্রঘাট দিয়ে কর্মস্থলে আসা-যাওয়া করেন। মডার্ন ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কর্মরত জেনারেটর মেকানিক মো. শাহাবুদ্দীন জানান, ‘আমার বাড়ি আনোয়ারায়, তারপরও কারখানার কাছে বাসা নিয়ে থাকি।’বেলামি টেক্সটাইল মিলের মহাব্যবস্থাপক মোরশেদ চৌধুরী জানান, ‘২০০৭ সালে প্রতিষ্ঠিত আমাদের কারখানায় দেড় হাজারের বেশি শ্রমিক কাজ করছেন। পরিবহনের সুবিধা থাকায় তাঁরা বাড়ি থেকে আসা-যাওয়া করছেন। তবে কারখানার ৭৫ শতাংশ শ্রমিক স্থানীয় (আনোয়ারা-কর্ণফুলীর)।’১ নম্বর (খ) চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছমিউদ্দিন জানান, ‘আমাদের এলাকা উপশহর হয়ে উঠছে, কিন্তু সরকারের নজরে আসছে না। প্রত্যাশিত উন্নয়ন হচ্ছে না, যেন চেরাগের নিচে অন্ধকার।’ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দিন বলেন, ‘এলাকায় সরকারি বেসরকারি অনেক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। তারপরও এখানে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, এলাকার অনেকে শিল্পকারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন। মনে হচ্ছে কয়েক বছরের মধ্যে কর্ণফুলীর দক্ষিণ তীর হয়ে উঠবে বড় শিল্পাঞ্চল।