গায়ে লম্বা কালো কোট। তার ওপরে চাদর। মাথায় টুপি। বেশভূষা শিল্প সমালোচকের। আসলে সে মানুষ নয়, রোবট। নাম বেরেনসন। বিজ্ঞানীরা তাকে শিল্প সমালোচনার কাজের জন্যই বানিয়েছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসের মুজে দু কে ব্রঁলি জাদুঘরের গ্যালারিতে ঘুরেফিরে সেই দায়িত্ব পালন করছে এই যন্ত্রমানব।
জাদুঘরের দর্শনার্থীরা একেকটি শিল্পকর্ম দেখে কী প্রতিক্রিয়া দেখান, সেগুলো খুঁটিয়ে দেখে রোবটটি। আর সেই তথ্য-উপাত্ত জড়ো করে এটি নিজস্ব ‘বোধ’ গড়ে তোলে। ফলে শিল্পকর্মগুলো দেখে তার মধ্যেও প্রতিক্রিয়া হয়। কখনো হাসি দিয়ে, আবার কখনো ভ্রু কুঁচকে মনোভাব প্রকাশ করে বেরেনসন। জানিয়ে দেয় কোন শিল্পকর্ম তার ভালো লেগেছে আর কোনটি পছন্দ হয়নি।
রোবটটি নিজেও ওই জাদুঘরের প্রদর্শনীর এক দর্শনীয় বিষয়। মানুষ কীভাবে প্রাণহীন বস্তুর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে—তা প্রকাশ করাই এ প্রদর্শনীর লক্ষ্য। এ আয়োজন চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।
ফ্রান্সে ২০১১ সালে তৈরি করা হয় রোবটটি। আর তাকে দেওয়া হয় মার্কিন শিল্পবিশারদ বার্নার্ড বেরেনসনের নামটি। নৃবিজ্ঞানী দোনি ভিদাল ও রোবোটিকস প্রকৌশলী ফিলিপ গসিয়েরের চিন্তার ফল এই রোবট। ভিদাল বলেন, রোবট বেরেনসনের অনুভূতির বিষয়টি তার আশপাশের লোকজনের পছন্দের ওপর নির্ভরশীল। তবে একপর্যায়ে রোবটটি নিজস্ব পছন্দের অনুভব অর্জন করে, যা মানুষের চেয়ে আলাদা; এমনকি অন্য রোবটের চেয়েও।
ডান চোখে লাগানো একটি ক্যামেরার সাহায্যে দেখে বেরেনসন। এতে তোলা সাদাকালো ছবি জাদুঘরের দেয়ালের পেছনে রাখা একটি কম্পিউটারে সংরক্ষিত হয়। তাতে প্রতিটি শিল্পকর্মের বেশ কিছু ফোকাল পয়েন্টের দৃশ্য থাকে। রোবটটির পছন্দ ও অপছন্দ বোঝা যায় সেই ছবিতে যথাক্রমে সবুজ বৃত্ত ও লাল বৃত্তের উপস্থিতি দেখে। সবুজ দাগের সংখ্যা বেশি হলে বুঝতে হবে সার্বিক অনুভূতি ইতিবাচক।