
নগরের জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারির প্রদর্শনকক্ষে যেতেই চোখে পড়ল পাশাপাশি সাজানো হয়েছে পাঁচটি চেয়ার। চেয়ারগুলোর কোনোটির খুঁটি ভেঙে ভারসাম্য রক্ষার জন্য সেখানে স্থাপন করা হয়েছে পাথর। আবার কোনো চেয়ারের খুঁটিতে জুড়ে দেওয়া হয়েছে প্লাস্টার অব প্যারিস মাধ্যমে করা পায়ের ভাস্কর্য। ক্ষমতার রাজনীতিকে বিদ্রুপ করে এই স্থাপনাকর্মটি করেছেন তরুণ শিল্পী মারুফ আদনান। বিস্তার আর্ট কমপ্লেক্সের দুই বছর পূর্তি উপলক্ষে এই শিল্পকর্ম স্থান পায় বিস্তার শিল্পোৎসবের দৃশ্যশিল্পের প্রদর্শনীতে। ৯ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেষ হয় এই শিল্পোৎসব।
৫ জানুয়ারি বিকেল পাঁচটায় নগরের চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শুরু হয় তিন দিনব্যাপী শিল্পোৎসব। উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারি মমতাজ। সমাজবিজ্ঞানী অনুপম সেনের সভাপতিত্বে কথামালায় অতিথি ছিলেন চট্টগ্রােমর জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, কন্টিনেন্টাল গ্রুপের নির্বাহী পরিচালক আতাউল করিম ও নাট্যকার রবিউল আলম। আসরে স্বাগত বক্তব্য দেন বিস্তারের পরিচালক আলম খোরশেদ। এই উৎসবে ছিল চলচ্চিত্র প্রদর্শনী, ধ্রুপদি বাঁশি ও বেহালা, একক অভিনয়, সেমিনার, দৃশ্যশিল্প ও আলোকচিত্র প্রদর্শনী, বাচিক শিল্প, ব্যান্ড সংগীত, নাচ ও লোকগান। শিল্পকলার প্রায় সব মাধ্যমকে নিয়েই আয়োজন করা হয়েছে উৎসবটি। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক গানের দিকপাল আবদুল গফুর হালী ও সম্প্রতি প্রয়াত সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ বিশ্বাসকে।
উৎসবের প্রথম দিন ৫ জানুয়ারি উদ্বোধনী কথামালার পর সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হয় কামার আহমাদ সাইমন পরিচালিত একটি সুতার জবানবন্দি চলচ্চিত্রটি। চলচ্চিত্র প্রদর্শনের পর ধ্রুপদি বাঁশি শোনাতে মঞ্চে আসেন ওস্তাদ আজিজুল ইসলাম। তিনি বাঁশিতে শোনান ধ্রুপদ, খেয়াল, টপ্পা ও ঠুমরি। এরপর আবদুল গফুর হালীর গান পরিবেশন করে ব্যান্ডদল আসওয়াদ। আসওয়াদের গানের পর ঢাকার পদাতিক নাট্য সংসদের অভিনয়শিল্পী শামসি আরা সায়কা পরিবেশন করেন একক নাটক গহনযাত্রা।
উৎসবের দ্বিতীয় দিন ৬ জানুয়ারি সকাল ১০টায় শিল্পকলা একাডেমির সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয় ‘চলচ্চিত্রকারের বয়ান’ শিরোনামে আলোচনা। এতে আলোচনা করেন চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন। এরপর বিকেল সাড়ে চারটায় শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে দৃশ্যশিল্প ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ‘ঘোড়ার ডিম-এর রাজনৈতিক ইতিহাস’ শিরোনামে দৃশ্যশিল্পের এই প্রদর্শনীতে স্থান পেয়েছে তরুণ শিল্পী রাজীব দত্ত, হোসাইন মাহমুদ, সুমিত চক্রবর্তী ও মারুফ আদনানের স্থাপনাকর্ম। এর পাশাপাশি গ্যালারির অপর কক্ষে আয়োজন করা হয় ‘শোজ দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পায় ৩০ দেশের আলোকচিত্র শিল্পীদের ৩০টি ছবি। দৃশ্যশিল্প ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনের পর বিকেল পাঁচটায় দোলন কানুনগোর মোহনবীণা বাজানোর মধ্যে দিয়ে শুরু হয় সাংস্কৃতিক আয়োজনের। আসরের শুরুতে আবৃত্তি নিয়ে মঞ্চে আসে স্বরনন্দন। আবৃত্তির পর মঞ্চ মাতায় মায়াবী ড্যান্স একাডেমির নাচ। এরপর লোকগান পরিবেশন করে ঢাকার লোকগানের দল লোকরঙ্গ। সবশেষে সংগীত পরিবেশন করে ব্যান্ডদল দ্য ট্রি।
উৎসবের শেষ দিন ৭ জানুয়ারি সকাল ১০টায় শিল্পকলা একাডেমির সেমিনারকক্ষে আয়োজন করা হয় সাহিত্য বক্তৃতার। এতে প্রবন্ধ পড়েন ইমতিয়ার শামিম। এরপর বিকেল সাড়ে পাঁচটায় ধ্রুপদি বেহালা পরিবেশন করেন শ্যামল চন্দ্র দাশ। বেহালার পর আবৃত্তি নিয়ে মঞ্চে আসে উচ্চারক আবৃত্তি কুঞ্জ। নাচ পরিবেশন করে ঢাকার নৃত্যদল সাধনা। নাচের পর শাহ আবদুল করিমের গান গেয়ে শোনান সিলেটের শিল্পী আব্দুর রহমান।