শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, রাজনীতি ও অর্থনীতি হাতে হাত ধরে চলে। এগুলো বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। বাঙালির একটি সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস আছে। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই একটি শিল্পসমৃদ্ধ বাংলাদেশ গড়তে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে। বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করছে। ‘চট্টগ্রামে বাণিজ্য ও বিনিয়োগ: আঞ্চলিক সহযোগিতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। গত বুধবার নগরের আগ্রাবাদ হোটেলের কর্ণফুলী হলরুমে ফোরাম ফর পিপলস্ ভয়েস (এফপিভি) এই গোলটেবিলের আয়োজন করে। এফপিভির সভাপতি মনজুর-উল-আমীন চৌধুরীর সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ইরশাদ কামাল খান। আলোচনা করেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ, ভারতীয় সহকারী হাইকমিশনার একে গোস্বামী, রাজনীতিবিদ হায়দার আকবর খান, ত্রিপুরা রাজ্যের চেম্বার সভাপতি এম এল দেবনাথ ও এফপিভির কার্যকরী সভাপতি এস এম নুরুল হক। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম। হায়দার আকবর খান বলেন, অর্থনীতির সঙ্গে রাজনীতির বিষয় অনেক সময় জড়িয়ে যায়, এতে অনেক জটিলতার সৃষ্টি হয়। তাই রাজনীতির সঙ্গে দেশের অর্থনীতিকে জড়িয়ে ফেলা মোটেও উচিত নয়।সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এশিয়া হাইওয়ের নামে অন্য কোনো দেশকে করিডোর দেওয়ার সুযোগ নেই। অনেক ক্ষেত্রেই বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। তাই জাতীয় স্বার্থ সুরক্ষিত করেই বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে হবে। ভারতীয় সহকারী হাইকমিশনার একে গোস্বামী বলেন, দুটি প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক অনেক ধরনের সমস্যা থাকতে পারে। বন্ধু দেশের সমস্যর সবসময় সমাধান আসে আলোচনার মাধ্যমে। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বৈশ্বিক মন্দা বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারেনি।