শিল্পী ও গেমারদের জন্য নোটবুক
প্রযুক্তি বাজারে ডিজিটাল শিল্পী ও গেমারদের জন্য এসেছে এইচপির নোটবুক। এটি অফিসের কাজের পাশাপাশি শিক্ষার্থী ও গ্রাফিকস ডিজাইনারদের জন্য বেশ সাশ্রয়ী। প্রযুক্তি বাজারের নতুন এ অতিথি হচ্ছে কোর আই-৫ প্রসেসর সমন্বিত তৃতীয় প্রজন্মের এইচপি (১০০০-১৪১৬টিএক্স) নোটবুক। এতে রয়েছে এক গিগাবাইট ডেডিকেটেড গ্রাফিকস কার্ড। ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দা। নোটবুকটির তথ্য ধারণ ক্ষমতা ৫০০ গিগাবাইট। ৪৬ হাজার টাকা দামের নোটবুকটির ব্যাকআপ সময় তিন ঘণ্টার বেশি।
এসার অ্যাস্পায়ার নোটবুক: প্রযুক্তি বাজারের আর এক অতিথি এসার অ্যাম্পায়ার ই১-৪৭০ নোটবুক। তৃতীয় প্রজন্মের ইন্টেল কোর আই থ্রি আলট্রা লো ভোল্টেজ প্রসেসরসমৃদ্ধ এই ল্যাপটপে রয়েছে দুই গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ড ডিস্ক, ডিভিডি রাইটার, কার্ড রিডার, গিগাবিট ল্যান, ওয়াইফাই, ব্লুটুথ, ওয়েবক্যাম, ইউএসবি তিনটি পোর্ট ইত্যাদি।
নতুন ডিজাইনের এই ল্যাপটপ ২৫ মিলিমিটার পুরু। ওজন মাত্র দুই কেজি। ব্যাটারি ব্যাকআপ সময় পাঁচ ঘণ্টা। ল্যাপটপটির দাম রাখা হচ্ছে ৩৬ হাজার ৮০০ টাকা। পাওয়া যাচ্ছে কালো, রুপালি, সাদা—এই তিন রঙে।
ডি-লিংক সুইচ: নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীকে একটি দলগত নেটওয়ার্কে যুক্ত করে ডেটা শেয়ার, ভিডিও লেনদেন ও ই-মেইল আদান-প্রদানের সুযোগ করে দিতে ডি-লিংক ব্র্যান্ডের সুইচ এসেছে বাজারে। ছোট বা মাঝারি আকারের অফিসের জন্য চাহিদাভেদে এই সুইচগুলো ৫, ৮, ১৬ ও ২৪ পোর্টের হয়ে থাকে। নিজস্ব প্রতিবেদক।