কথামালা ও গানে নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমকে স্মরণ করল নজরুল একাডেমির চট্টগ্রাম শাখা। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে ছিল কথামালা। জাবেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদিকা ফাহমিদা রহমান।
আলোচনা শেষে মঞ্চে প্রথম গান পরিবেশন করেন নজরুলসংগীতশিল্পী ফাহমিদা রহমান। তিনি শুরু করেন ‘হে মায়াবী বলে যাও’ এই গানটির মাধ্যমে। ভৈরবী রাগে গাওয়া গানটি মুহূর্তেই দর্শকদের আপ্লুত করে তোলে। এরপর পরিবেশন করেন ‘আল্লাতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান’। নিশা চক্রবর্তীর কণ্ঠে ‘আমায় নহে গো, ভালোবাস শুধু’ মুগ্ধতার আবেশ ছড়ায়। এরপর কল্পনা লালা পরিবেশন করেন ‘ভালোবাসিয়া তোমায় বধূ, মিটিল না সাধ’। এবার সুর তোলেন আরশাদ হোসেন। গেয়ে শোনান ‘আমি পথ মঞ্জুরী’ ও ‘খেলিছ এই বিশ্বলয়ে’ গান দুটি। এ ছাড়া গান করেন মধুলিকা মণ্ডল, সুস্মিতা মাওলা, খাদিজা খাতুন ও মাহবুবুল আলম। অনুষ্ঠানে তবলায় ছিলেন মনোজ সরকার।