শিল্পী যখন সরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
প্রদর্শনীতে উৎসুক দর্শক। ছবি: এলাই অ্যান্ড এডিথ ব্রড জাদুঘরের সৌজন্যে
প্রদর্শনীতে উৎসুক দর্শক। ছবি: এলাই অ্যান্ড এডিথ ব্রড জাদুঘরের সৌজন্যে
যুক্তরাষ্ট্রের মিশিগানের এলাই অ্যান্ড এডিথ ব্রড আর্ট মিউজিয়ামে চলছে বাংলাদেশের শিল্পী দম্পতি তৈয়বা বেগম লিপি ও মাহবুবুর রহমানের প্রদর্শনী ‘দ্য আর্টিস্ট অ্যাজ অ্যাকটিভিস্ট’। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই শিল্পী। দেশে ফিরে শুনিয়েছেন সেই গল্প।

‘এই যে আতাটা খান। খুব মিষ্টি।’ বলতে বলতে হাসিমুখে পাকা আতা সামনে রাখলেন শিল্পী মাহবুবুর রহমান। মাহবুবের লম্বা চুলে রুপালি ঝিলিক। আর মুখে হাসি। স্ত্রী অথবা শিল্পসঙ্গী তৈয়বা বেগম লিপি কাজ করছিলেন রান্নাঘরে। সাড়াশব্দ পেয়ে বেরিয়ে এসে বললেন, ‘রান্নাটা শেষ করি। আমাদের সঙ্গে দুইটা ডালভাত খান।’ খানিক অবাক লাগে। কে বলবে কদিন আগেই যুক্তরাষ্ট্রের নামীদামি এলাই অ্যান্ড এডিথ ব্রড জাদুঘরে প্রদর্শনী থেকে ফিরেছেন। এঁরা দুজন সেই শিল্পী, যাঁরা তাঁদের অভিনব ভাবনার কাজ দিয়ে বিস্ময় আর চ্যালেঞ্জের মুখে ঠেলে দেন শিল্প রসিকদেরও।

মাহবুব-লিপিকে তাই নিত্যদিনকার সংসারী রূপ থেকে বের করে আনতে সময় লাগে। বেশ খানিক পর আমরা ফিরে যেতে পারি যুক্তরাষ্ট্রের মিশিগানে দুই শিল্পীর ‘দ্য আর্টিস্ট অ্যাজ অ্যাকটিভিস্ট’ শিরোনামে সেই প্রদর্শনীর আলাপে। এলাই অ্যান্ড এডিথ ব্রড জাদুঘরে শিল্পী মাহবুবুর রহমান আর তৈয়বা বেগম লিপির একটা প্রদর্শনী হতে চলেছে। সেই কথা ছাপাও হয়েছিল ছুটির দিনের পাতায়। ৫ এপ্রিল তাঁদের বাসায় হাজির হয়েছিলাম সেই প্রদর্শনীর অভিজ্ঞতা শুনব বলে।

 ২.

‘জাদুঘর যেখানে সে জায়গাটার নাম ইস্ট ল্যান্সিং। ওখানে যাওয়ার পর থেকে দেখি আবহাওয়া খুব খারাপ। বাইরে লোকজন নেই বললেই চলে। খুব ভয়ে ভয়ে ছিলাম, এর মধ্যে কে আসবে প্রদর্শনী দেখতে।’ বলছিলেন লিপি। লিপির সেই আশঙ্কা অবশ্য সত্যি হয়নি।

‘আমাদের অবাক করে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার সময় দেখি বহু মানুষ হাজির। মন থেকে বড় একটা উৎকণ্ঠা নেমে গেল’ বলছিলেন লিপি। শিল্পী মাহবুবুর রহমানের কাজের মাধ্যমের মধ্যে ভিডিওচিত্র একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সম্ভবত সে কারণেই মাহবুব বলেন, ‘আপনি বরং আমার আইফোনে করা এই ভিডিওটা দেখেন। তাহলে বুঝতে সুবিধা হবে।’

আমরা দেখি। বিমান নামছে আস্তে-ধীরে দূর মিশিগানে। তারপর সুবিশাল এলাই অ্যান্ড এডিথ ব্রড জাদুঘরের সামনের অংশ। প্রদর্শনীর উদ্বোধনীর দিনে এসেছে বাদকদের একটা দল। যুক্তরাষ্ট্রের দর্শকেরা কৌতূহলী চোখ নিয়ে ঘুরছেন প্রদর্শনীর নানা ঘর। এক জায়গায় এসে থামতে হলো। চোখের সামনে মাহবুবুর রহমানের সাউন্ডস ফ্রম নোহয়্যার। একটা ভায়োলিন। তার ওপর চলছে করাত। মাহবুবের আলোচিত এই শিল্পকর্ম আমাদের ফিরিয়ে নিয়ে যায় পেছনে। তিনি বলছিলেন,

প্রদর্শনীর উদ্বোধনী দিনে তৈয়বা বেগম লিপি ও মাহবুবুর রহমান
প্রদর্শনীর উদ্বোধনী দিনে তৈয়বা বেগম লিপি ও মাহবুবুর রহমান

‘ভায়োলিনের ওপর যে করাত চলছে ওটা কিন্তু একটা হেক্সো ব্লেড। ধ্বংসস্তূপের মাঝে আটকে পড়া একজন মানুষকে টেনে আনতে তার পা কেটে বিচ্ছিন্ন করতে হয়েছিল। আর যেকোনো কাটার মধ্যে দেখবেন একটা ছন্দ আছে। ছন্দে বা তালে হাত না চালালে কোনো কিছু কাটা যায় না।’
মাহবুবু-লিপির সংক্ষিপ্ত বসার ঘরে অকস্মাৎ একটা বিষণ্নতা নামে। সেটা কাটাতে আমরা আবার লিপির কাছে ফিরে যাই। এলাই অ্যান্ড এডিথ ব্রড জাদুঘরের মতো জায়গায় প্রদর্শনীর খবরটা প্রথম কার কাছ থেকে পেলেন?
‘দিন-তারিখটা তো মনে নেই পরিষ্কার। মনে হয় বছর দেড়েক আগে। কিউরেটর অমিত কুমার জৈন ফোন করেছিলেন। বলেছিলেন, তুমি কি খুব ভালো একটা খবর শুনতে চাও? ’
‘তবে আমাদের এই প্রদর্শনী বড় কৃতিত্ব কিউরেটর কেইটলিন ডুহার্টিরও। তিনি এলাই অ্যান্ড এডিথ ব্রড জাদুঘরের উপ পরিচালক। আমাদের কাজের ব্যাপারে তিনিও দারুণ আগ্রহ দেখিয়েছিলেন।’ সঙ্গে যোগ করেন মাহবুব। ভিডিওচিত্রে চোখে পড়ে লিপির সেই সুবিখ্যাত ‘একাকী স্নানপাত্র’, যার শৈল্পিক শিরোনাম লেটস টেক এ ব্রেক। মানে, স্টেনলেস স্টিল আর ব্লেডের তৈরি ​সেই স্নানপাত্র। ছিল রিকলিং-১ শিরোনামের সেই ব্লেডের সেলাই মেশিন, ‘মাইলস আফটার মাইলস’ শিরোনামের সেই সাড়া জাগানো পাদুকা জোড়াসহ নানা শিল্পকর্ম। ছিল মাহবুবের ফিচার-২, ট্রান্সফরমেশন, মার্কেট-১। সব মিলিয়ে দুই শিল্পীর নির্বাচিত কাজের একটা প্রদর্শনী।
দুপুরবেলার আলাপটা হয়তো আরও লম্বা হতে পারত। কিন্তু এর মধ্যেই, ‘মনে হয় রান্নাঘরে কিছু একটা পুড়ল।’ বলে দুড়দাড় করে উঠতে হলো শিল্পী তৈয়বা বেগম লিপিকে। খানিক পর শিল্পকলা একাডেমিতে একটা দরকারি কাজ আছে তাঁর। অগত্যা আমাদেরও উঠতে হলো। ও হ্যাঁ, বাংলাদেশের এই শিল্পী জুটির প্রদর্শনী কিন্তু এখনো চলছে যুক্তরাষ্ট্রের মিশিগানে। ৫ মার্চ শুরু হয়েছিল, ফুরোবে আগামী ৭ আগস্ট।