চীনা চিত্রকর শিল্পী লিউ জদংকে নিয়ে ভিন্নধর্মী এক আয়োজন হয়ে গেল নগরের থিয়েটার ইনস্টিটিউটের লেকচার থিয়েটার মিলনায়তনে। ১৯ জুলাই সন্ধ্যা সাতটায় ‘লিউ জদং–এর সঙ্গে এক সন্ধ্যা’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে বিস্তার আর্ট কমপ্লেক্স।
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন বিস্তারের পরিচালক আলম খোরশেদ। সূচনা বক্তব্যের পর শিল্পী লিউ জদংকে পরিচয় করিয়ে দেন তাঁর ইতালীয় সচিব ফ্লাবিও দেল মেন্ত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লিউ জদং নব্য বাস্তববাদী বা নিউ রিয়েলিস্টিক ঘরানার চিত্রকর। তিনি সাম্প্রতিক বিশ্বে ঘটতে থাকা বিভিন্ন সংকটকে তাঁর চিত্রকলায় হাজির করেন। পরিবেশদূষণ, জনগোষ্ঠীর স্থানচ্যুতি ও অর্থনৈতিক উন্নয়ন তাঁর চিত্রকর্মের বিষয় হয়ে এসেছে। বিশাল ক্যানভাসে রং ও রেখার সম্মিলন ঘটান তিনি।
কথামালার পর প্রজেকশনে প্রদর্শিত হয় শিল্পীকে নিয়ে তৈরি ঘণ্টাব্যাপী তথ্যচিত্র ‘হোমটাউন বয়’। তথ্যচিত্র শেষে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। এই পর্বে ছিল শিল্পীর নিজের কাজ ও দর্শন নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ‘পেইন্টিং অন সাইট’। এতে উঠে আসে তাঁর সারা জীবনের চিত্রকর্ম ও চিত্রকলা–সম্পর্কিত ভাবনা। এরপর তাঁর চিত্রকর্ম ও শিল্পভাবনা নিয়ে ছিল প্রশ্নোত্তর পর্ব ও উন্মুক্ত আলোচনা। এই পর্বে শিল্পী তাঁর মার্কিন দোভাষী জেফ্রি সেকেইরার সহায়তায় দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সবশেষে বিস্তারের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন শিল্পসমালোচক অধ্যাপক আবুল মনসুর, শিল্পী খাজা কাইয়ুম ও নাসিমা মাসুদ।