শিল্পীদের হাতে পাল্টে যাচ্ছে গুচ্ছগ্রাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ  পতেঙ্গার লালদিয়ার চরে গ্রামবাসীর সঙ্গে বিদেশি শিল্পীরা
দক্ষিণ পতেঙ্গার লালদিয়ার চরে গ্রামবাসীর সঙ্গে বিদেশি শিল্পীরা

দক্ষিণ পতেঙ্গার লালদিয়ার চরের ছোট্ট একটি গ্রাম-গুচ্ছগ্রাম। গ্রামের একপাশে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর অন্যপাশে কর্ণফুলী নদী। নিস্তরঙ্গ শান্ত গ্রামটিতে কয়েক সপ্তাহ ধরে চলছে নানা কর্মযজ্ঞ। বিশ্বের নানা প্রান্তের ১৪ জন শিল্পী পাল্টে দিচ্ছেন এই গ্রামের চেহারা। কেউ তাঁদের বাড়িঘর নতুনভাবে সাজিয়ে দিচ্ছেন। কেউ বিদ্যালয়ের দেয়ালে তৈরি করছেন ম্যুরাল। গ্রামবাসী শুরুতে বিস্মিত হলেও পরম ভালোবাসা দিয়ে গ্রহণ করেছেন এই ভিনদেশি শিল্পীদের।
পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্ট ও ফিনল্যান্ড আর্টিস্ট অ্যাসোসিয়েশন-এমইউইউর যৌথ উদ্যোগে ৭ নভেম্বর থেকে চলচ্ছে এ কর্মযজ্ঞ। কাল ২২ নভেম্বর শুক্রবার আনন্দ শোভাযাত্রা, উন্মুক্ত প্রদর্শনী ও উত্সব আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এ শিল্পযাত্রার।
বাংলাদেশের আবু নাসের ও ফিনল্যান্ডের জেপি কালিওনেন যৌথভাবে তত্ত্বাবধান ও কিউরেটিং করছেন এসব কাজের।
জাপান, দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, নেপালসহ নানা দেশের শিল্পীরা হঠাত্ কেন দক্ষিণ পতেঙ্গায়? কী করতে চাইছেন তাঁরা? বিষয়টা পরিষ্কার করলেন আবু নাসের। বললেন, এটা নতুন ধরনের শিল্পমাধ্যম। এর নাম সামাজিক শিল্প বা স্যোশাল আর্ট।
গত সোমবার সন্ধ্যায় বিমানবন্দর ও কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটের পাশে অবস্থিত পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্ট এর স্টুডিওতে পা দিতেই চোখে পড়ল কয়েকটি দলে ভাগ হয়ে কাজ করছেন দেশি-বিদেশি শিল্পীরা। সারা দিনের কাজের অগ্রগতি আর আগামী দিনের পরিকল্পনা ঠিক করছিলেন তাঁরা।
জাপানি শিল্পী চিকোহিরো হানামুরার নেতৃত্বে শিল্পীদের একটি দল গুচ্ছগ্রামে বাঁধ তৈরির কাজ করছেন। কয়েক বছর আগে এই এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় প্রায় প্রতিদিনই জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে গ্রামটি। হানামুরা পেশায় একজন ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট। তাঁর নকশা ও পরিকল্পনায় হচ্ছে বাঁধটি। বালুর বল দিয়ে তৈরি এই বাঁধের রঙ লাল। দেখতে হবে অনেকটা সাপ বা ড্রাগনের মতো। বাঁধটির নাম দিয়েছেন তাঁরা রেড গার্ডিয়ান বা লাল অভিভাবক। হানামুরার দলের জনা ছয়েক শিল্পী ও এলাকাবাসী এখন বাঁধটির মাথা তৈরি করছেন। শিল্পীরা গ্রামবাসীকে বাঁধ নির্মাণের পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন। তাঁরা চলে গেলে গ্রামবাসী সরকারের সহায়তা নিয়ে নিজেরাই বাকি অংশ সমাপ্ত করবেন।
বাংলাদেশের শিল্পী অরণ্য শর্মা গুচ্ছগ্রামের তিনটি বাড়ির চেহারা পুরেপুরি বদলে দিয়েছেন। উঠোনের মাটি সমান করে ঘাস লাগিয়েছন সেখানে। বাঁশের বেড়ায় লাগিয়েছেন টেকসই আবরণ। ফিনল্যান্ডের আন্না কেনাপে ও বাংলাদেশের মেহেরুন আক্তার গ্রামের আবর্জনা পরিচ্ছন্ন করার জন্য সুদৃশ্য কয়েকটি ডাস্টবিন বানিয়েছেন। সাইকেলে ভ্রাম্যমাণ চা দোকান বানিয়েছেন ফিনল্যান্ডের আরেক শিল্পী কাল হাম। নেপালের শিল্পী সঞ্জীব মহাজন বিদ্যালয়ের দেয়ালে তৈরি করেছেন ম্যুরাল। একই দেশের শিল্পী সরিতা দঙ্গল মেয়েদের পরিচ্ছন্নতা নিয়ে কাজ করছেন। নারীর প্রজনন অনুষঙ্গ নিয়ে তিনি তৈরি করছেন একটা ভাস্কর্য।
জেপি কালিওনেন খুব উত্তেজিত। তিনি বললেন, ‘২২ তারিখ আমাদের কর্মকাণ্ড শেষ হবে। তবে গুচ্ছগ্রামের এ পরিবর্তন চলতেই থাকবে। আমরা এভাবে বাংলাদেশ এবং পৃথিবীটাকেও বদলে দিতে চাই।’