শিল্পীর কণ্ঠে দ্রোহ, প্রেম ও জাগরণের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মঞ্চে এক ঘণ্টা’—তিন আবৃত্তিশিল্পীর কণ্ঠে দ্রোহ, প্রেম ও জাগরণের কবিতা। মুগ্ধ মিলনায়তনভর্তি দর্শক। তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজনে গত ২৬ সেপ্টেম্বর নগরের থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি মিলনায়তনে বসেছিল এই কবিতা পাঠের আসর। এতে আবৃত্তি করেন সেঁজুতি দে, মোয়াজ্জেম হোসেন ও ইভা সাহা।
সন্ধ্যা ছয়টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী আরিফ। বক্তব্য দেন তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি জিন্নাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।
কাজী আরিফ বলেন, ‘কবিতায় জীবনের নান্দনিক ও সুন্দর দিকগুলো উঠে এসেছে বারবার। আবৃত্তির সাংগঠনিক চর্চা এই সুন্দরের অন্বেষণ প্রচেষ্টাকে আরও বেগবান করেছে এবং ছড়িয়ে দিয়েছে।’
শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় একক পরিবেশনার শুরুতে সেঁজুতি দে পরিবেশন করেন কবিতা সিংহের কবিতা ‘ঈশ্বরকে ইভ’। এ ছাড়া তিনি পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’, কাজী নজরুল ইসলামের ‘নারী’, শুভদাশ গুপ্তের ‘দিদি’, ‘আমিই সেই মেয়ে’, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘তিন পাহাড়ি গান’ এবং সেলিনা শেলীর ‘ব্ল্যাকরেইন’। ইভা সাহার পরিবেশনায় ছিল শঙ্খ ঘোষের ‘যমুনাবতী’, কাজী নজরুল ইসলামের ‘গানের আড়াল’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছেলেবেলা’, বুদ্ধদেব বসুর ‘চিল্কায় সকাল’, সুভাষ মুখোপাধ্যায়ের ‘জননী জন্মভূমি’, ফাউজুল কবিরের ‘তোমার বিশ্বাস হয়’ শিরোনামের কবিতাগুলো। মোয়াজ্জেম হোসেন আবৃত্তি করেন মাসুম রেজার ‘কিশোরী ফিরে যাও’, অসীম সাহার ‘রহস্যময়ী’, নির্মলেন্দু গুণের ‘তোমার চোখ এত লাল কেন’, জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’, জসীমউদ্দীনের ‘কবিতা’ ও আহমেদ মুনিরের ‘কোথাও আমাকে চলে যেতে হবে’।
সবশেষ ইভা সাহার কণ্ঠে নির্মলেন্দু গুণের ‘ডিসেম্বর ১৯৭১’ কবিতাটি আবৃত্তির মধ্য দিয়ে তিন শিল্পীর ঘণ্টাব্যাপী পরিবেশনা শেষ হয়।