শিল্পীর কাজে উজ্জ্বল মলিনের সংসার
কাগজের মণ্ড দিয়ে নানা সামগ্রী তৈরি করে সংসারে বাড়তি উপার্জনের পথ করে নিয়েছেন রাঙ্গুনিয়ার শিল্পী বিশ্বাস। একসময় শখের বশে কাজটি শুরু করলেও বর্তমানে বাণিজ্যিকভাবে সরবরাহ করে লাভবান হচ্ছেন। রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর ইউনিয়নের সাবেক রাঙ্গুনিয়া গ্রামের বাসিন্দা শিল্পী বিশ্বাস। স্বামী মলিন বিশ্বাস, সাত বছরের টুনি ও তিন বছরের রিমেল বিশ্বাসকে নিয়ে তাঁর সংসার।শিল্পী বলেন, ‘কাগজ দিয়ে গৃহসামগ্রী তৈরি করে নিজের দিনবদল করতে সক্ষম হয়েছি। স্বামী সেনাবাহিনীতে চাকরি করেন। সেই সুবাদে ২০০৪ সালে চট্টগ্রাম ফৌজদারহাট ক্যাডেট কলেজ ক্যাম্পাসে সরকারি আবাসিক ভবনে বসবাস করার সময় স্বামীর সহকর্মীর স্ত্রীর কাছ থেকে কাগজ দিয়ে গৃহসামগ্রী তৈরির কাজ শিখি।’স্বামী বেতন ও রেশন যা পান তা দিয়ে কোনো রকমে সংসার চলে। নতুন আয়ের উৎস খুঁজতেই তিনি সংসারের কাজের পাশাপাশি কাগজ দিয়ে গৃহসামগ্রী তৈরি শুরু করেন। এক পর্যায়ে বাণিজ্যিকভাবে এসব সামগ্রী বাজারে সরবরাহ করতে থাকেন। তিন বছর ধরে কাগজের তৈরি সামগ্রী বিক্রি করে গ্রামে একতলা পাকা ঘর করেছেন। স্বামী মলিন বিশ্বাস জানান, ‘কাগজের তৈরি এসব সামগ্রী আমার সংসারকে উজ্জ্বল করেছে। গত তিন বছরে শিল্পীর তৈরি প্রায় পাঁচ লাখ ২১ হাজার টাকার সামগ্রী বাজারে বিক্রি করা সম্ভব হয়েছে। বর্তমানে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা মূল্যের সামগ্রী তৈরি অবস্থায় রয়েছে।’মণ্ড তৈরি হয় যেভাবে: শিল্পী বলেন, সাদা বা রঙিন সব রকমের কাগজ দিয়ে মণ্ড তৈরি হয়। বাচ্চাদের লেখাপড়ায় ব্যবহূত খাতার কাগজ, পুরোনো পত্রিকাসহ ফেলনা কাগজ টুকরো টুকরো করে একটি পাত্রে পানি দিয়ে প্রায় তিন থেকে চার ঘণ্টা ভিজিয়ে নরম করা হয়। এরপর ময়দার মতো করে মণ্ড তৈরি করা হয়। মণ্ডের সঙ্গে ভাতের মাড় মেশানো হয়। পোকা বা ইঁদুর না খাওয়ার জন্য মণ্ডের সঙ্গে তুত মিশিয়ে নেওয়া হয়। এরপর গৃহসামগ্রী তৈরির কাজ শুরু হয়। গৃহসামগ্রী তৈরি করা হয় যেভাবেশিল্পী জানান, ফুলের টব, ঝুড়ি ও শিশু খেলনাসহ সব সামগ্রী তৈরির আগে আকৃতি এঁকে নেওয়া হয়। সেই অনুযায়ী মণ্ড দিয়ে তলানি তৈরি করা হয়। রোদে শুকিয়ে তলা শক্ত হয়ে উঠলে মণ্ডের ওপর মণ্ড লাগিয়ে পণ্যটির মূল কাঠামো গড়ে তোলা হয়। তবে কোনো পণ্য একবারে তৈরি করা সম্ভব নয়। মণ্ডের ওপর মণ্ড লাগানোর সময় ঢলে পড়ার আগে রোদে শুকিয়ে শক্ত করে নিতে হয়। প্রতিটি গৃহসামগ্রী তৈরি করতে কমপক্ষে ছয় থেকে সাত দিন সময় লাগে।তিনি বলেন, কাগজের মণ্ড দিয়ে শুধু ছোটখাটো সামগ্রী বা শিশু খেলনা নয়। বড় আকৃতির ফুলের টব, জুতা ও রান্নাসামগ্রী রাখার ঝুড়ি, চেয়ার, টেবিল, সোফাসহ সবকিছু তৈরি করা হয়। প্রতিকেজি কাগজের মণ্ড দিয়ে ৩০০ টাকা মূল্যের বড় আকৃতির একটি ফুলের টব, ৬০ কেজি কাগজ দিয়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা মূল্যের একসেট সোফা, আট কেজি কাগজ দিয়ে দুই হাজার টাকা মূল্যের একটি টেবিল, দুই কেজি কাগজ দিয়ে ৬০০ টাকা মূল্যের একটি মোড়া তৈরি করা যায়। কিন্তু খরচ হয় বিক্রয়মূল্যের ১০ ভাগের এক ভাগ। রং দিয়ে সাজিয়ে তোলা: শিল্পী জানান, রোদে শুকিয়ে শক্ত হলেই রং, তুলি দিয়ে ফুল ও পাখি এঁকে বর্ণিল সাজে সাজিয়ে তোলা হয়। সাজিয়ে তোলার আগে পণ্যটি পাথর আর সিরিজ কাগজ দিয়ে ঘষে তেলতেলে করে নেওয়া হয়। এতে রং ভালোভাবে ফোটে। আর রং দিয়ে যত বেশি সুন্দর ছবি আঁকা যায় পণ্যটির চাহিদাও বাজারে তত বেশি। ব্যবসায়ীদের মতামত: চট্টগ্রাম শহরের রিয়াজউদ্দিন বাজারের উপহারসামগ্রী-বিক্রেতা আবদুল হামিদ জানান, কাগজের তৈরি গৃহসামগ্রী ও শিশু খেলনা, কাঠ ও যেকোনো ধাতব পদার্থের তৈরি সামগ্রীর চেয়ে সুন্দর। দামও কম। তাই কাগজের তৈরি সামগ্রী ক্রয়ে ক্রেতাদের ঝোঁক বেশি। তিনি জানান, বাজারে কাগজের তৈরি সামগ্রীর চাহিদা বেশি থাকলেও সরবরাহ অপ্রতুল। কারণ এসব সামগ্রী এখনো ব্যাপকভাবে তৈরি হচ্ছে না। চট্টগ্রামের সীতাকুণ্ড, সাতকানিয়া, বাঁশখালি, চন্দনাইশ উপজেলার কয়েকটি এলাকা এবং রাঙ্গুনিয়ায় এসব সামগ্রী তৈরি হয়। পানি থেকে সাবধানশিল্পী জানান, বহু সময় ব্যয় করে শ্রম দিয়ে রং এর তুলিতে সাজানো কাগজের তৈরি গৃহসামগ্রী সহজে ভাঙে না, মচকায় না, দাগ পড়ে না। কিন্তু সামান্য পানিতে নিমিষেই গলে যেতে পারে। তাই সুন্দর মজবুত সামগ্রীটি রক্ষায় পানি থেকে সাবধান।