শিল্পীর চোখে রানা প্লাজা '১১৩৪ সংখ্যা নয় প্রাণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘১১৩৪ সংখ্যা নয় প্রাণ’। পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট আয়োজিত প্রদর্শনী।
‘১১৩৪ সংখ্যা নয় প্রাণ’। পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট আয়োজিত প্রদর্শনী।

রানা প্লাজা ট্র্যাজেডিকে শিল্পীরা কীভাবে দেখেছেন, দেখছেন? ভবন ধসে হাজারো শ্রমিকের প্রাণহানির প্রথম বার্ষিকীকে ঘিরে এক যৌথ শিল্পকর্ম প্রদর্শনীতে দেখা যাবে তা। ২২ থেকে ২৬ এপ্রিল ‘১১৩৪ সংখ্যা নয় প্রাণ’ শিরোনামে এ প্রদর্শনীর আয়োজক পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। রাজধানীর পান্থপথে পাঠশালার ক্যাম্পাসে চলবে শিল্পকর্মের এই উপস্থাপনা, শিল্পী ও সমালোচকদের আলোচনা।

শিল্প আয়োজনটির উদ্বোধন হবে ২২ এপ্রিল বিকেল চারটায়। উদ্বোধন করবেন রানা প্লাজায় নিহত শ্রমিক সমাপ্তির মা তসলিমা আখতার, অধ্যাপক আহমেদ কামাল এবং শিল্পী মাহবুবুর রহমান। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।

আলোকচিত্র, স্থাপনা-শিল্প, পারফরম্যান্স এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পাশাপাশি সংগীত পরিবেশনা ও নাটকও মঞ্চস্থ হবে পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানে। সামিনা লুত্ফা নিত্রা পরিচালিত নাটক মঞ্চস্থ করবে নাটকের দল বটতলা। সংগীত পরিবেশন করবেন কফিল আহমেদ, অমল আকাশ ও অরূপ রাহী।

এই শিল্প প্রদর্শনীর কিউরেটর শিল্পী মাহবুবুর রহমান ও আলোকচিত্রী মুনেম ওয়াসিফ। প্রদর্শনীটি বাংলাদেশের পোশাক কারখানার ‘হারিয়ে যাওয়া’ শ্রমিকদের উদ্দেশ্যে উত্সর্গ করা হয়েছে।

অংশগ্রহণকারী শিল্পীরা হলেন আবীর আবদুল্লাহ, এমদাদুল হক, আয়েশা সুলতানা, অয়ন রেহাল, জয়দেব রোয়াজা, কে এম আসাদ, কবীর আহমেদ মাসুম চিশতী, মাহমুদ হোসেন অপু, মোহাম্মদ হাসানুর রহমান, পারভেজ আহমেদ, প্রমথেশ দাশ পুলক, রাহুল তালুকদার, ঋতু সাত্তার, শিমুল সাহা, সুলেখা চৌধুরী, শুভ্র কান্তি দাশ, তুশিকুর রহমান, ইয়াসমিন জাহান নূপুর, দেবাশীষ সোম, তাসলিমা আখতার, দিলারা বেগম জলি ও মুনেম ওয়াসিফ।

প্রদর্শনীর স্থান: পাঠশালা, ১৬ শুক্রাবাদ, পান্থপথ, ঢাকা-১২০৭।
পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর নানান অনুষ্ঠানের সময়সূচি জানা যাবে এই ওয়েব ঠিকানায়: (http://pathshala.net/1134-lives-not-number/)