শিল্পীর হাতের ছোঁয়ায় প্রাণ পাচ্ছে প্রতিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশে সাদা মেঘের ভেলা। নদীর তীর ছেয়ে গেছে সাদা কাশফুলে। সকালে সবুজ ঘাসের ওপর শিশিরভেজা শিউলি। এসবই জানান দিচ্ছে শরতের উপস্থিতি।শরৎ যেন উৎ সবের বার্তাও পৌঁছে দেয় ঘরে ঘরে। সপ্তাহ চারেক পরই শারদীয় দুর্গোৎ সব। তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। চলছে প্রতিমা তৈরির কাজ। ব্যস্ত সময় কাটাচ্ছেন নগরের প্রতিমাশিল্পীরা।নগরের সদরঘাটের কালীবাড়ি মন্দির, রাজ রাজেশ্বর নারায়ণ মন্দির, চকবাজারের কাতালগঞ্জ, দেওয়ানজী পুকুরপাড়, এনায়েত বাজারের কেদার নাথ কলোনি, পাথরঘাটা, হাজারি গলিসহ বিভিন্ন এলাকা ঘুরে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা দেখা গেছে।দীর্ঘ ৫০ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করছেন দেওয়ানজী পুকুরপাড়ের প্রতিমাশিল্পী কালী দাশ পাল। তিনি বলেন, ‘মোটামুটি সারা বছরই মূর্তি তৈরির ব্যস্ততা থাকে। তবে শারদীয় দুর্গোৎ সব ঘিরে এ ব্যস্ততা আরও বেশি।’সদরঘাটের কালীবাড়ি এবং এর আশপাশে অন্তত পাঁচটি কারখানায় শিল্পীদের ব্যস্ততা চোখে পড়ার মতো।কেউ কেউ প্রতিমার গায়ে কাদার প্রলেপ দিচ্ছেন আবার কেউ ঘষামাজা করছেন। রং কখন লাগানো হবে, জানতে চাইলে সদরঘাটের বোস গলির প্রতিমাশিল্পী বাসুদেব পাল বলেন, ‘মোটামুটি কাজ শেষ হয়ে এসেছে। এখন প্রাথমিক রং লাগিয়ে পূজার শুরুর ১৫ থেকে ২০ দিনের মধ্যে বাকি কাজটুকু সেরে ফেলা হবে।’তবে কাঁচামালের দাম বাড়ার কারণে প্রতিমা তৈরিতে খরচ বাড়ছে বলে জানালেন শিল্পীরা। সদরঘাটের রাজ রাজেশ্বর নারায়ণ মন্দিরের প্রতিমার কারিগর বিমল পাল বলেন, ‘প্রতিমা তৈরির প্রতিটি কাঁচামালের দাম আগের চেয়ে অনেক বেড়েছে। ফলে প্রতিমা গড়ার খরচও বেড়েছে। কারখানার ভাড়া, কারিগরদের মজুরি, কাঁচামালের খরচসহ আনুষঙ্গিক ব্যয় বাদ দিলে সামান্যই লাভ থাকে।’নগরের প্রতিমাশিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজা শুরুর চার থেকে পাঁচ মাস আগেই প্রতিমা বানানোর আয়োজন শুরু হয়। প্রতিমার আকার ও কারুকাজ অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের মূর্তি মিলে এক সেট প্রতিমার দাম পড়বে সর্বনিম্ন ১৫ হাজার থেকে ৯৫ হাজার টাকা পর্যন্ত। তবে যত বেশি কারুকাজ থাকবে, তত বেশি দাম বাড়বে।নগরের বাইরে থেকেও প্রতিমা তৈরির ফরমায়েশ আসে। দেওয়ানজী পুকুরপাড়ের প্রতিমাশিল্পী রতন পাল বলেন, ‘মহানগর ছাড়াও উপজেলাগুলো থেকেও প্রতিমা তৈরির ফরমায়েশ আসে। সে ক্ষেত্রে ফরমায়েশকারীরা কাঁচামালসহ যাবতীয় খরচ বহন করেন।’নগরের হালিশহর থানা থেকে প্রতিমা কিনতে আসা কৃষ্ণ কান্তি আচার্য্য বলেন, ‘এখন আর লোকে বাড়িতে কারিগর ডেকে প্রতিমা বানান না। আগেভাগে এসে ফরমায়েশ দিয়ে যান কিংবা পূজা শুরুর মাসখানেক আগে এসে পছন্দ করে প্রতিমা কেনেন।’