বাংলাদেশে আসা পর্যটকদের কাছে একটা বড় আকর্ষণ ত্রিচক্রযান রিকশা। রিকশার হুডে, পর্দায়, পেছনের বনেটে আঁকা রং-বেরঙের চিত্রকর্ম রীতিমতো শিল্পের মর্যাদা পাচ্ছে। দেশ-বিদেশের পত্রপত্রিকায় এ নিয়ে উচ্ছ্বাসও কম নয়। রিকশাকে বলা হচ্ছে চলমান শিল্পকর্ম। তবে এ শিল্পকর্মের স্বীকৃতি জুটলেও শিল্পীর মর্যাদা কিংবা সম্মান কোনোটিই পাননি রিকশার শিল্পীরা। রিকশার হুডে, ঝালরে, পেছনের পর্দায় রং-বেরঙের বিভিন্ন নকশা ও ছবি আঁকেন মিস্ত্রি বাবুল চন্দ্র। নগরের সদরঘাট এলাকায় একটি দোকানে কারিগর হিসেবে কাজ করেন তিনি। রিকশা শিল্পকর্ম (রিকশা পেইন্টিং) নিয়ে প্রশ্ন করতেই বিষণ্নভাবে তাকিয়ে আবার হাতের কাজে মন দেন। কিছুক্ষণ পর বলেন, ‘চুরিচামারি করার চেয়ে কাজ করে খাওয়া অনেক ভালো। তা যত কষ্টেরই হোক না কেন। তাই এ পেশায় কোনোক্রমে কাজ করে জীবন চালাচ্ছি।’সম্প্রতি সদরঘাটের রিকশা মার্কেটে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। বাবুল জানান, আজ থেকে আনুমানিক ২০ বছর আগে তিনি এ কাজ শুরু করেন। তখন মোটামুটি ভালো আয় হতো। বর্তমানে রিকশা কমে যাওয়ায় কাজও অনেক কমে গেছে। আয় হয় না আগের মতো।রিকশা মার্কেটের এই দোকানটিতে কাজ করছিলেন জনা পাঁচেক কারিগর। সেলাই মেশিনের ওপর ঝুঁকে রেকসিনের ওপর ময়না, তোতা, ময়ূর, গোলাপ কিংবা তাজমহলের ছবি ফুটিয়ে তুলছিলেন তাঁরা। কারিগর অমর চৌধুরী খুব মনোযোগের সঙ্গে রিকশার ঝালরে নানা রকম নকশা তৈরি করছিলেন। কাঁচির সাহায্যে সুচারুভাবে রেকসিন কেটে বসিয়ে দিচ্ছিলেন ফুল ও নকশা। নকশার নিচে রঙিন প্লাস্টিক দিয়ে লিখছিলেন ‘শাহ আমানত’, ‘আল্লাহ মেহেরবান’, ‘আল্লাহ মহান’ ইত্যাদি বাণী। এতক্ষণ আলাপচারিতার মনোযোগী শ্রোতা ছিলেন তিনি। এবার নিজ থেকেই কথা বলে উঠলেন। কণ্ঠে একরাশ হতাশা। বললেন ‘ভাই, পেটই যদি না চলে শিল্পকর্মের আর কোনো মূল্য থাকে? এ রকম একেকটি ঝালরে নকশা করতে প্রায় দুই দিন লেগে যায়। বিনিময়ে পাই মাত্র পাঁচ থেকে ছয় শ টাকা। আয় কমে যাওয়ায় অনেকেই এ পেশা ছেড়ে দিচ্ছেন।’ তিনি আরও জানান, নগরে আগের তুলনায় সিএনজিচালিত অটোরিকশা ও বাস বেড়ে যাওয়ায় রিকশা কমে গেছে। তা ছাড়া এখন রিকশার মালিকদের আগের মতো শিল্পীসুলভ মনও নেই। অনেকেই টাকা খরচ করে কাজ করাতে চান না।পাশেই কাজ করছিলেন কারিগর নিবারণ দাস। এ পেশার বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে তাঁর কাছ থেকে জানা গেল। তিনি বললেন, বিভিন্ন ছবির নামানুসারে ঝালরের নাম রাখা হয়। একেক রকম ঝালরের দামও একেক রকম। যেগুলোতে নকশা বেশি সেগুলোর দামও বেশি। ক্ষেত্রবিশেষে এসব ঝালর বিক্রি হয় ৫০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। নিবারণ দাস জানালেন, একটা কাজ শেষ হলে তৃপ্তি পান। অনেকে দূর-দূরান্ত থেকে কাজ দেখতে আসেন। দেশি-বিদেশি শিল্পীরা এখান থেকে তাঁদের আঁকা ঝালর কিনেও নিয়ে যান।জানা গেছে, নগরের সদরঘাট এলাকা ছাড়াও বন্দরটিলা, স্টিলমিল, হাজিপাড়া, বউবাজারসহ বেশ কিছু জায়গায় রিকশার কারিগররা কাজ করেন। এর মধ্যে কেবল সদরঘাট এলাকায়ই কাজ করেন প্রায় ৫০ জনের মতো কারিগর।রিকশার চিত্রকর্ম সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন বলেন, ‘রিকশার হুডে ও ঝালরে আঁকা চিত্রকর্ম আমাদের শহুরে লোকসংস্কৃতির অংশ (আরবান ফোক আর্ট)। এ ধরনের শিল্পকর্মে একটা জনগোষ্ঠীর জীবনযাপন, বিশ্বাস ও সংস্কৃতি উঠে আসে। তাই রিকশার চিত্রকর্ম আমাদের কাছে মূল্যবান।’