শিল্পের রং বদলায় গেরিলা প্রতিবাদে

প্রতিবাদের ভাষা হিসেবে শিল্পের শক্তি সর্বজনবিদিত। শিল্পীরা যুগে যুগে যেমন রাজনৈতিক-সাংস্কৃতিক লড়াই-সংগ্রামে মানুষকে ভাষা দিয়েছেন, তেমনি যুগে যুগে সুনির্দিষ্ট রাজনৈতিক পক্ষাবলম্বনও করেছেন। দেশে দেশে শাসক-বিজেতাদের কীর্তি অমর করে রাখতে ভাস্কর্য, মিনার, সৌধও বানানো হয়েছে শিল্পীদের হাত দিয়েই। কিন্তু কোনো বিশেষ শক্তি বা মতাদর্শের প্রতীক হয়ে ওঠা কোনো সৌধ বা স্থাপত্য-ভাস্কর্য যদি ‘রাজনৈতিক ন্যায্যতা’ হারায় তাহলে সমকালীন শিল্পীরা কী করবেন? হয়তো এর উত্তর পাওয়া যাবে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ‘সোভিয়েত সেনাসৌধ’কে ঘিরে সাম্প্রতিক প্রতিবাদ-বিক্ষোভে।
ইউক্রেনে রুশ প্রভাবের প্রতিবাদ জানিয়ে বুলগেরিয়ার শিল্পীরা শনিবার সোফিয়ার ‘সোভিয়েত সেনাসৌধে’র একটি ভাস্কর্য রাঙিয়ে দিয়েছে ইউক্রেনের পতাকার রঙে। স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশ এবং এর ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই এ নিয়ে হইচই শুরু হয়ে যায়। তাত্ক্ষণিকভাবেই একে ‘বর্বর ঘটনা’ আখ্যা দিয়ে বুলগেরিয়ার কাছে এর ব্যাখ্যা চেয়েছে রাশিয়া। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেন-রাশিয়া-বুলগেরিয়া
সম্প্রতি রাশিয়া-সমর্থিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের পর দেশটিতে নতুন প্রশাসন সবচেয়ে বেশি চ্যালেঞ্জর মুখে পড়েছে দেশটির রুশ ভাষাভাষী অঞ্চল এবং জনগোষ্ঠীর কাছ থেকে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের নতুন প্রশাসনকে ‘নৈতিক সমর্থন’ দিতে শুরু করেছে। কিন্তু রাশিয়া সবাইকে সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেন থেকে যেন কেউই ‘একতরফা সুবিধা’ নেওয়ার চেষ্টা না করে। আর যুক্তরাষ্ট্র বলেছে ইউক্রেন ‘পূর্ব-পশ্চিমের সংঘাতে’ জড়িয়ে যায়নি।
এ পরিস্থিতিতেই সাবেক সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বুলগেরিয়ার ঐতিহাসিক রাজনৈতিক সম্পর্কের স্মারক এই ‘সোভিয়েত সেনাসৌধ’টির ভাস্কর্যের রং পালটে দেওয়া হয়েছে। এটা একদিকে যেমন ইউক্রেনের গণতন্ত্রপন্থী নাগরিকদের আন্দোলনের প্রতি সংহতি ও রুশ প্রভাবের প্রতিবাদ তেমনি বুলগেরিয়ায় একসময়কার রুশ আধিপত্যকেও স্মরণ করিয়ে দেওয়া যেন।

সোভিয়েত সেনাসৌধ
সোফিয়ার ‘সোভিয়েত সেনাসৌধে’ ভাস্কর্যের রং পালটে দেওয়া বা ভাস্কর্যের চরিত্রগুলোকে পোশাক পরিয়ে দিয়ে সেগুলোকে ভিন্নরূপে হাজির করার ঘটনা এটাই প্রথম নয়। একটি মূল ভাস্কর্য ঘিরে বিশাল একটি উদ্যানসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এই সৌধ। অনেক উঁচু একটি বেদিতে স্থাপন করা মূল ভাস্কর্যটি এক রুশ সেনাকে ঘিরে দুপাশে দুই বুলগেরিয়ান নারী ও পুরুষের। তবে, ১৯৫৪ সালে নির্মিত এই সৌধে মূল স্থাপনার পাশাপাশি বেশ কয়েকটি অন্য ভাস্কর্যও রয়েছে। সোফিয়া বিশ্ববিদ্যালয়ের খুব কাছেই অবস্থিত হওয়ায় বিপুলসংখ্যক ছাত্রছাত্রী, তরুণ-তরুণী এবং সাংস্কৃতিক-রাজনৈতিক কর্মীর আনাগোনা রয়েছে এই উদ্যানে।
সময়ের সঙ্গে রং বদলানো
২০১১ সালের ১৭ জুন অজ্ঞাত শিল্পীরা গেরিলা কায়দায় রাতারাতি এই ভাস্কর্যটির রুশ সেনাদের গায়ে (রং করে) পোশাক পরিয়ে দিয়েছিলেন। তখন সাবেক রাশিয়ার সেনাদের আবির্ভূত হতে দেখা যায় সুপারম্যান, জোকার, রবিন, ক্যাপ্টেন আমেরিকা, ম্যাকডোনাল্ড, সান্তা ক্লস, উলভারাইন, দ্য মাস্ক, এবং ওয়ান্ডার উইমেনের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের কমিক-সিনেমা এবং ব্যবসায়ীদের নানা চরিত্রে। সাবেক রুশ সেনাদের বদলে সমকালীন সমাজে মার্কিন প্রভাবের প্রতি স্পষ্ট ইঙ্গিত দিয়েই শিল্পীরা এই ব্যঙ্গাত্মক কাজের নাম দিয়েছিলেন ‘সময়ের সঙ্গে তাল মেলানো’। তিন দিন পর ২০ জুন ভাস্কর্যটি পরিষ্কার করে আগের অবস্থায় নিয়ে আসে কর্তৃপক্ষ।
বাণিজ্য চুক্তিবিরোধী বিক্ষোভে
‘অ্যান্টি-কাউন্টাফেইটিং ট্রেড এগ্রিমেন্ট’ (অ্যাকটা) চুক্তির প্রতিবাদে ২০১২ সালের ১০ ফেব্রুয়ারিতে শিল্পীরা আবারও রুশ সেনাদের গায়ে ইংল্যান্ডের ‘বারুদ ষড়যন্ত্রের’ প্রতীকে পরিণত হওয়া গুইডো ফক্সের ‘অজ্ঞাত মুখোশ’ পরিয়ে দেয়। রাজধানী সোফিয়াসহ সারা বুলগেরিয়ায় এই ছবি ছড়িয়ে পড়ে। পরদিন বুলগেরিয়াসহ সারা ইউরোপে ‘অ্যাকটা চুক্তি’বিরোধী বিক্ষোভকারীদের উত্সাহ জোগাতেই এই মুখোশ পরানো হয়েছিল।

পুসি রায়টের সমর্থনে
এরপর পুতিনবিরোধী বিক্ষোভে জনপ্রিয় হওয়া রাশিয়ার গানের দল ‘পুসি রায়ট’-এর সমর্থনে ওই ভাস্কর্যটির রুশ সেনাদের মাথায় পরিয়ে দেওয়া হয় ‘পুসি রায়ট মুখোশ’। ২০১২ সালের ১৭ আগস্ট অজ্ঞাত শিল্পীদের করা এই কাজের ছবি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা তুমুল আলোচনা-সমালোচনার ঝড় তোলে।
বুলগেরিয়ার পতাকা
এ ছাড়াও আরও বেশ কয়েকবার এই ভাস্কর্যের রং পালটে দেন বা একে ব্যঙ্গাত্মকভাবে সাজান আন্দোলনকর্মী-শিল্পীরা। ‘স্তালিনিজম-নািসজম’সহ কর্তৃত্বপরায়ণ শাসনবিরোধী দিন বা ‘ব্ল্যাক রিবন ডে’ উপলক্ষে ২০১৩ সালে এই ভাস্কর্যের তিনজন রুশ সেনাকে বুলগেরিয়ার পতাকার মতো করে সাদা-লাল-সবুজ রঙে রাঙানো হয়।

বুলগেরিয়া ক্ষমা চায়
২০১৩ সালের ২১ আগস্ট অজ্ঞাত শিল্পী-রাজনৈতিক কর্মীরা ‘প্রাগ বসন্ত’-এর সম্মানে এই পুরো ভাস্কর্যটি গোলাপি রঙে রঙিন করে দেয়। ১৯৬৮ সালে কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে তত্কালীন চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগে যে গণ-অভ্যুত্থান হয়েছিল, তা ‘প্রাগ বসন্ত’ নামে পরিচিত। এই অভ্যুত্থান দমনে রাশিয়ার রেড আর্মি প্রাগে সেনা অভিযান চালায় এবং তত্কালীন বুলগেরিয়া রুশ সেনাদের এই অভিযানে সমর্থন দিয়েছিল। তাই চেক অভ্যুত্থানের ৪৫তম বার্ষিকী উপলক্ষে শিল্পীরা সোভিয়েত রেড আর্মির গায়ে ‘প্রাগ বসন্ত’র প্রতীক হিসেবে ‘গোলাপি রং করে দেয়। পাশাপাশি তারা ভাস্কর্যের বেদিতে লিখে দেয় ‘বুলগেরিয়া ক্ষমা চায়’।
রাজধানী সোফিয়ায় ‘সোভিয়েত সেনা সৌধ’ নিয়ে বুলগেরিয়ায় বহুদিন ধরেই বহু তর্কবিতর্ক চলছে। এমনকি এই সৌধ ভেঙে ফেলার পক্ষেও জোরদার আন্দোলন চালিয়েছেন দেশটির ডানপন্থী রাজনৈতিক কর্মীরা। আর রুশপন্থী হিসেবে বিবেচিত অপর পক্ষ এই সৌধ ভেঙে ফেলার বিপক্ষে। কিন্তু আরও একটি পক্ষ আছে লেখক-শিল্পী-রাজনৈতিক কর্মীদের। তাঁদের সঙ্গে আছেন রাস্তা, হিপ্পি, রোমাসহ দুনিয়ার যত ভবঘুরে এবং নানা মত-পথের ছোট ছোট সাংস্কৃতিক গোষ্ঠীর মানুষেরা। সব সময় রাজনৈতিক ন্যায্যতায় ঠিক হোক বা না হোক, এঁরাই এখানে গ্রাফিতি, স্ট্রিট-আর্ট বা এমন গেরিলা কায়দার প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করেন, অংশ নেন। এঁরা মনে করেন সোফিয়া বিশ্ববিদ্যালয়ের কাছের এই সৌধ ও উদ্যানে একটা ‘পরাবাস্তব আবহ’ আছে।