
নারীর ভাস্কর্য নানা রকমেরই হয়। আবক্ষ কিংবা পূর্ণ অবয়বের। কিন্তু অনিতা যা করলেন তা দর্শকের প্রাক ধারণা ভেঙে দেয়। তিনি নারীর প্রজনন ইন্দ্রিয়ের ভাস্কর্য করেছেন। দেখে মনে হবে, দুই পায়ের ওপর দাঁড়ানো একটি মাতৃগর্ভ। ত্রিমাত্রিক এই অবয়বের দ্বিমাত্রিক প্রতিরূপও তৈরি করেছেন তিনি। মাটিতে পড়ে থাকা সে অবয়ব দেখে মনে হবে মাতৃগর্ভেরই ছায়া।
ভারতের শিল্পী অনিতা ভট্টাচার্য এই ভাস্কর্যের নাম ‘শ্যাডো অব এ ওম্ব’ অর্থাৎ গর্ভের ছায়া। নগরের শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে গত ২৮ ডিসেম্বর ‘ভিসিনিটি’ বা ‘সান্নিধ্য’ শিরোনামে ভারত ও বাংলাদেশের শিল্পীদের যৌথ প্রদর্শনীতে স্থান পেয়েছিল অনিতার এই ভাস্কর্য। প্রদর্শনীতে অনিতাসহ ভারতের দুজন ও বাংলাদেশের চারজন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছিল। চার দিনব্যাপী এই প্রদর্শনীর মূল উপজীব্য না হলেও অন্যতম প্রধান অনুষঙ্গ ছিল নারী ও তার চারপাশের দুনিয়া। বাংলাদেশের ফাহিমা বিনতে জাহেদ, কিংশুক দাশ চৌধুরী কিংবা শারদ দাশের ছবিতেও সে বিষয়টি দেখা গেল। প্রাসঙ্গিকভাবে এসেছে সমকালও। ক্ষমতার লড়াই বা সহিংসতাও শিল্পীদের স্পর্শ করেছে। এসব সত্ত্বেও দুই দেশের শিল্পীদের এই যৌথ প্রদর্শনীর কোনো কেন্দ্রীয় ভাবনা ছিল বলে মনে হয়নি। সে কারণে প্রদর্শনীটিকে গোছানো ও সুপরিকল্পিত মনে হয়নি। এই ছয়জন কী শিল্পের বিশেষ কোনো ধারার প্রতিনিধিত্ব করেন? জানা যায় না সে তথ্যও। দুই দেশের বিপুল বৈচিত্র্যময় শিল্পধারার কোনো একটি আণুবীক্ষণিক অংশেরও প্রতিফলনও ঘটেনি তাই এই প্রদর্শনীতে।
ভারতের আরেক শিল্পী দিপীকা সাহার ছবিতে পটচিত্রের আঙ্গিক চোখে পড়ে। লৌকিক বিশ্বাসের ভেতর লুকিয়ে থাকা নারীর মাতৃরূপ অনুসন্ধান করেছেন তিনি।
কাগজের ওপর মিশ্র মাধ্যমে করা কিংশুক দাশ চৌধুরীর ড্রয়িংনির্ভর কাজগুলো ভালো লেগেছে। সমকালের সংঘাত, দারিদ্র্য, অসাম্য আর বঞ্চনার ছবি আঁকতে গিয়ে তাকে উচ্চকিত হতে হয়নি। কোথাও মনে হয়নি কাজগুলো কথাসর্বস্ব।
ভালো লেগেছে রিপন সাহা আর শারদ দাশের কাজও। রিপনের ছবি অনেকটাই পরাবাস্তব ধরনের। গত শতকের বিখ্যাত শিল্পীদের কাজের অনুকৃতি হাজির করেন তিনি ব্যঙ্গের ছলে।
শিল্পী শারদের ছবি কৌতূহলী করে তোলে দর্শকদের। রিপনের মতোই তিনি কোনো একটি বিষয় নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য হাজির করেন। তবে সেটা প্রকাশের নিজস্ব ভঙ্গি আছে তারও। ‘ইন্টারেস্টিং হোল’ নামের একটি চিত্রকর্মে দেখা গেল সাদা পটভূমিতে অসংখ্য লাল চেয়ার, নিচে কালো গর্ত। ক্ষমতা বা পদ-পদবি এসবের মাঝে পতনের একটা ফাঁদ পাতাই থাকে। এমন জোরালো বক্তব্য উপস্থাপনের পরও ছবিটা কেবল বক্তব্যনির্ভর হয়ে ওঠে না। তার বিন্যাস আর সুষমাও মুগ্ধ করে দর্শকদের।