শিল্পের সান্নিধ্যে খাওয়াদাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাওয়াদাওয়া ও আড্ডার পাশাপাশি হাটখোলা ক্যাফেতে মিলবে শিল্পের সান্নিধ্য। এই রেস্তোরাঁর পাশে অবস্থিত গ্যালারিতে নিয়মিত আয়োজিত হয় শিল্প-সাহিত্যের আসর l সৌরভ দাশ
খাওয়াদাওয়া ও আড্ডার পাশাপাশি হাটখোলা ক্যাফেতে মিলবে শিল্পের সান্নিধ্য। এই রেস্তোরাঁর পাশে অবস্থিত গ্যালারিতে নিয়মিত আয়োজিত হয় শিল্প-সাহিত্যের আসর l সৌরভ দাশ

চারদিকে সবুজের সমারোহ। এর মাঝে দাঁড়িয়ে থাকা ভবনের কাঠের সিঁড়িটিও কাঠের। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে চৌকাঠ পার হতেই চোখে পড়ে ওপর থেকে ঝুলতে থাকা হারিকেনের আদলে তৈরি বাতি। বসার বেঞ্চগুলোতেও শিল্পের ছোঁয়া। রিকশা পেইন্টিং দিয়ে সাজানো হয়েছে সেসব। ওপর থেকে বেশ কিছু জায়গার ঝুলছে রিকশা–চিত্রের ঝালর। নগরের সারসন রোড এলাকার হাটখোলা ক্যাফে গ্যালারির বিবরণ এটি। ছিমছাম নান্দনিক পরিবেশে আড্ডা দিয়ে ম্যাক্সিকান বা স্প্যানিশ মেন্যু উপভোগের সুযোগ মিলবে এখানে।
ক্যাফের এক পাশে রয়েছে বই কর্নার। বইয়ের সংখ্যা কিছুটা কম হলেও সেখান থেকে কেউ চাইলে বই নিয়ে পড়তে পড়তেও খেতে পারেন। আর অন্য পাশে বিশাল কাচের গ্লাসের ভেতর দিয়ে দেখা যায় সবুজের সমারোহ। ক্যাফের পাশে গ্যালারিতেও ঝুলছে বিভিন্ন চিত্রকর্ম। রয়েছে ফটোগ্রাফও। দেখে পছন্দ হয়ে গেলে সেসব কিনতেও পারেন ক্রেতারা।
এমন ব্যতিক্রমধর্মী ক্যাফে চালুর প্রসঙ্গে জানতে চাইলে হাটখোলা ক্যাফে গ্যালারির সমন্বয়ক কবি ইউসুফ মুহম্মদ বলেন, ‘বাঙালি সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য আমরা এই ক্যাফে গ্যালারি চালু করেছি। এটি কেবল রেস্তোরাঁ নয়। চট্টগ্রামের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্রও। এখানে নিয়মিতই শিল্প-সাহিত্যের নানা আসর আয়োজন করা হয়।’
মূলত ম্যাক্সিকান ও স্প্যানিশ খাবারের জন্য জনপ্রিয় হলেও বর্তমানে এই ক্যাফেতে কন্টিনেন্টাল ও অ্যারাবিয়ান খাবারও পাওয়া যাচ্ছে বলে জানালেন ক্যাফের ব্যবস্থাপক মো. আশিক উদ্দিন। চিকেন ম্যাক্সিকানা, ম্যাক্সিকান রাইস ও চিকেন দিয়ে তৈরি কন্টিনেন্টাল সেট মেন্যু-১ এর দাম পড়বে ২৪০ টাকা। এ পদের খাবারের মধ্যে চিকেন ম্যাক্সিকানা তৈরি করা হয় স্লাইস করে কাটা মুরগি দিয়ে। এই সেট মেন্যুসহ সাত ধরনের কন্টিনেন্টাল ও অ্যারাবিয়ান সেট মিল রয়েছে ক্যাফেতে। জনপ্রতি ২৫০ টাকা খরচ করে হানি চিকেন সালাদ, ২১০ টাকা খরচ করে থাই কেশুনাট সালাদ ও ২০০ টাকা খরচ করে টুনা ফিশ সালাদের স্বাদ নেওয়া যাবে এই ক্যাফেতে। এ ছাড়া রয়েছে আরও দুই ধরনের বিশেষ সালাদ। পরিবারের সবাই মিলে আড্ডা দিতে দিতে খাওয়ার জন্য এই ক্যাফেতে রয়েছে ছয় পদের বিশেষ প্ল্যাটার। মিক্সড চাওমিন, চিকেন বাবল উইং, চার টুকরো চিকেন ললিপপ, চার টুকরো গোল্ডেন ফ্রায়েড প্রন, ফিশ ফিঙ্গার ও চিকেন সালাদ দিয়ে তৈরি এই বিশেষ প্ল্যাটার খেতে চাইলে ভোজনরসিকদের গুনতে হবে ৮০০ টাকা। এই ক্যাফেতে সকাল ও সন্ধ্যায় খাওয়ার জন্য রয়েছে আট ধরনের মেন্যু। এর মধ্যে ভোজনরসিকদের কাছে জনপ্রিয় হয়েছে চিকেন টিক্কা মাসালা, পরোটা ও পিকেল সালাদ দিয়ে তৈরি সেট মেন্যু। এই সেট মেন্যুর মূল্য ২০০ টাকা। এ ছাড়া এখানে অ্যারাবিয়ান চিকেন বার্গার ১৭০ টাকা, ক্লাব স্যান্ডউইচ ১৮০ টাকা ও অ্যারাবিয়ান রোল ২০০ টাকায় পাওয়া যাচ্ছে। ক্রিম চিকেন স্যুপ, থাই স্যুপসহ এই ক্যাফেতে রয়েছে ছয় ধরনের স্যুপ। আট টুকরো ফ্রায়েড চিকেন ২৬০ টাকা, আট টুকরো স্পাইসি ফ্রায়েড চিকেন ২৯০ টাকা, ছয় টুকরো চিকেন ললিপপ ২০০ টাকা, ছয় টুকরো চিকেন উইং ২০০ টাকা, অন্থন ২২০ টাকা ও এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই ১৫০ টাকায় মিলবে এই ক্যাফেতে।
ম্যাক্সিকান খাবারের মধ্যে আরও মিলবে চিকেন চিলি, বিফ চিলি, ইনসিলাডা, চিকেন ম্যাক্সিকান ফ্রায়েড রাইস, বিফ ম্যাক্সিকান ফ্রায়েড রাইস, ফাজিতাহ, তুর্কি নাচোস, নাচোস কর্ন সালসা ও চিমিচাঙ্গা। দাম ১৯০ টাকা থেকে ২৫০ টাকা।
এখানে রয়েছে চার ধরনের স্প্যানিশ খাবার। এর মধ্যে স্প্যানিশ চিকেন পদটি বেশ জনপ্রিয়তা পেয়েছে সকলের কাছে। হাফ স্প্যানিশ চিকেন ২০০ টাকায় ও ফুল স্প্যানিশ চিকেন ৩২০ টাকায় মিলবে এই ক্যাফেতে। এ ছাড়া এখানে রয়েছে চার ধরনের পাস্তা। ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে এই ক্যাফেতে চার ধরনের চাওমিনও পাওয়া যাবে। ২৭০ থেকে ৩৫০ টাকার মধ্যে মিলবে ‘হাটখোলা স্পেশাল মেন্যু’। এ ছাড়া এখানে বিভিন্ন দামে পাওয়া যাবে লাচ্ছি, তাজা ফলের জুস ও কফি। প্রতিদিনই সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এই রেস্তোরাঁ।