শিশু অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা শিশু, আমাদেরও আছে অধিকার, লেখাপড়া শিখব, মেহেনতের কাজ করব না আর...’ গানটা বিটিভিতে একসময় নিয়মিত দেখানো হতো। উদ্দেশ্য পরিষ্কার। প্রতিটি শিশু যাতে তার অধিকার সম্পর্কে সচেতন হতে পারে। আমাদের পাশের বাসার পিচ্চিটা তার অধিকার সম্পর্কে সচেতন ছিল কি না, তা জানি না। তবে গানটা তার মুখস্থ ছিল। ক্রিয়েটিভ ছেলে। গাওয়ার সময় সে গানের কথায় কিছুটা পরিবর্তনও আনত। ‘বাবু, একটা গান শোনাও তো’—এই কথা বললেই সে আশপাশে তাকিয়ে দেখত তার মা আছে কি না। না থাকলেই কচি গলায় গেয়ে উঠত ‘আমরা শিশু, আমাদেরও আছে অধিকার, খেলাধুলা করব, পড়ালেখার কাজ করব না আর।’ চমৎকার! নিজের ইচ্ছার কথা গানের মাধ্যমে কয়জন ফুটিয়ে তুলতে পারে? পিচ্চি পেরেছিল। কিন্তু ওই গান গাওয়া পর্যন্তই। মা খুন্তি হাতে সামনে এসে দাঁড়ালেই সব ধরনের গান গাওয়া থেকে সে আনুষ্ঠানিকভাবে অবসর নিত। কিছুক্ষণ পর তাকে দেখা যেত পড়ার টেবিলে বসে হোমওয়ার্ক করছে। আহা রে! আমাদের দেশে শিশু অধিকার বিষয়টা এ রকমই। শিশুদের যে অধিকার আছে তা শিশুরা জানে, কিন্তু কিছু করতে পারে না। বড়ই আফসোসের ব্যাপার। এক শিশু ঘরে বসে কী যেন পড়ছিল। খুবই স্বাভাবিক দৃশ্য। কিন্তু বাবা-মা জেমস বন্ডের নিকটাত্মীয় প্রাইজ বন্ড। তাদের মন অত্যন্ত সন্দেহপ্রবণ। এই দৃশ্য দেখেই বাবার সন্দেহ হলো। ছেলে খেলা ফেলে পড়াশোনা করছে, ঘটনা কী? রহস্য উদ্ধার করতে বাবা পা টিপে টিপে ছেলের পেছনে গিয়ে বললেন,- কী পড়ছ আব্বা?- শিশু অধিকার সনদ পড়ছি।- নালায়েক! পাঠ্যবই তো একদিনও পড়তে দেখি না। শিশু অধিকার সনদ পড়? অধিকার তোকে পানির সঙ্গে গুলিয়ে খাওয়াব, বেয়াদব! যা, ইংরেজি বই নিয়ে আয়। আজকে তোর খবর আছে। ইংলিশ ফর টুডে!শিশু অধিকারের কথা শুনলে অনেক অভিভাবকই এ রকম খেপে ওঠেন। কিছু অভিভাবক বলেন, ‘শিশুদের অধিকার? আরে ধুর, শিশুদের আবার অধিকার আছে নাকি? বাচ্চা মানুষ, ওরা অধিকারের কী বোঝে? বাবা-মা যা বলবেন, তা-ই ওদের অধিকার। তা ছাড়া এই দেশে আমাদেরই কোনো অধিকার নেই, আর ওরা তো মাসুম বাচ্চা!’ এ ধরনের কথা শুনলে হাতের কোনো স্পর্শ ছাড়াই মেজাজ খারাপ হয়ে যায়। আসলে শিশু অধিকার সনদে কী লেখা আছে তা অভিভাবকদেরই আগে পড়া উচিত। অথবা অভিভাবকদের জন্যই আলাদা সনদ তৈরি করা উচিত। কারণ সব অধিকার ও ক্ষমতার উৎস হচ্ছেন অভিভাবকেরা। সন্তান কী খাবে, কী পড়বে—এসব তো আছেই; কোন হাত দিয়ে লিখবে, সেটাও অভিভাবকেরা ঠিক করে দিতে চান। আমাদের এলাকায় শান্ত নামের ষষ্ঠ শ্রেণীর এক ছেলে বাঁহাতি স্পিনে খুবই দক্ষ। ব্যাটিংও করে বাঁ হাতে। কিন্তু বাবাকে দেখলেই সে ডানহাতি হয়ে যায়। কারণ বাঁ হাতে বোলিং করলে বিপক্ষ দলের ব্যাটসম্যান পেটাতে না পারলেও বাবার কাছে ঠিকই পিটুনি খেতে হবে। শান্তর বাবার ধারণা, ভদ্রলোকেরা বাঁ হাতে খেলে না। তিনি একজন বিশিষ্ট ভদ্রলোক এবং তাঁর ছেলে যাতে বাঁ হাতে খেলতে না পারে, সে জন্য তিনি মাঠের একপাশে লাঠি হাতে দাঁড়িয়ে থাকেন।এমন ঘটনা আরও আছে। আমাদের এক বন্ধু বাঁ হাতে লিখত। খুবই সুন্দর হাতের লেখা। একদিন স্যার ওকে দেখে বললেন,- এ্যাই বেয়াদব, বাঁ হাতে লিখছিস কেন?- স্যার, আমি বাঁহাতি। ডান হাতে লিখতে পারি না।- বাঁহাতি? ব্রায়ান লারা হয়েছিস? এদিকে আয়। বেতের বাড়ি না খেলে তুই সোজা হবি না।স্যার ওকে ইচ্ছামতো পিটিয়েছিলেন। ব্রায়ান লারা যেভাবে বোলারদের পেটাতেন, অনেকটা সেভাবেই। মারের ভয়ে আমাদের সেই বন্ধু স্যারের ক্লাসে ডান হাতে লেখা শুরু করল। লেখা শেষ করতে দেরি হলে আবার মার। বেচারা।সব ক্ষেত্রেই অভিভাবকদের এই স্বৈরাচারী মনোভাব। সন্তানের সাবজেক্ট থেকে শুরু করে পোশাক—সব বিষয়ে তাঁদের হিসাবই চূড়ান্ত। এ রকম একজন বাবার সঙ্গে তার ছেলের কথোপকথন লক্ষ করলেই ঘটনা সহজে বোঝা যাবে:- কী ব্যাপার, পাঞ্জাবির সঙ্গে প্যান্ট পরেছিস কেন?- মানে কী? শুধু পাঞ্জাবি পরলে মানুষ কী বলবে? প্যান্ট পরতে হবে না?- পাঞ্জাবির সঙ্গে প্যান্ট কেন? পাজামা কোথায়?- বাবা, পাজামা পরতে ভালো লাগে না। ফিতায় ঠিকমতো গিট্টু দিতে পারি না। বারবার খুলে যায়।- হোয়াট? ভালো লাগে না মানে? তোর বাপ-দাদা চৌদ্দগুষ্টি পাজামা পরে। বারবার খুলে গেলে টেনে ওঠাবি। পাজামা তোকে পরতেই হবে।এই হচ্ছে অবস্থা। আসলে সবই অভিভাবকদের হাতে। আলু-পটোল-পেঁয়াজের দাম আছে, কিন্তু শিশুদের ইচ্ছা-অনিচ্ছার কোনো দাম নেই। বাবা-মা কোনো এক রহস্যময় উপায়ে ভুলে যান যে তাঁরাও একসময় শিশু ছিলেন। বইয়ের বোঝা থেকে শুরু করে নিজেদের অন্যায় সিদ্ধান্ত সবকিছু তাঁরা শিশুদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। চারপাশের চাপে শিশুরা এতই ভীত থাকে যে মোস্তাকিমের চাপ-লুচিও তাদের কাছে সুজির হালুয়ার মতো পানসে লাগে। অভিভাবকেরাই যদি সবকিছু ঠিক করে দেবেন, তাহলে শিশুদের অধিকার নিয়ে আলাদা প্যাঁচালের দরকারটা কী? তার পরও প্যাঁচাল হবে। শিশু দিবসের পর আলাদা করে শিশু অধিকার সপ্তাহ পালন করা হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রঙিন বেলুন ও শান্তির দূত সাদা পায়রা (সাদা ছাড়া অন্য পায়রাগুলো সম্ভবত শান্তির দূত না) উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন। তারপর হবে শোভাযাত্রা। সেই শোভাযাত্রা নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক (যেসব সড়কে খুব সহজেই মিডিয়ার লোক চলে আসেন) ঘুরে আসবে। তারপর ‘শিশু অধিকার’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ‘শিশুরাই দিনবদলের হাতিয়ার’—এই টাইপের কোনো একটা বিষয়ের পক্ষে-বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। টিভি চ্যানেলগুলো তাদের রাতের সংবাদে দেখাবে সুবিধাবঞ্চিত শিশুদের করুণ কাহিনি অথবা শ্রমজীবী শিশুদের মানবেতর জীবনযাপন নিয়ে সাক্ষাৎকারধর্মী বিশেষ প্রতিবেদন। ব্যস, কাহিনি শেষ। এরপর যে লাউ সেই কদুই থাকবে। শিশুদের কোনো লাভ না হলেও কীভাবে যেন কিছু কিছু সংগঠন ও ব্যক্তির ব্যাপক লাভ হবে। আগামী বছর আবার একইভাবে শিশু অধিকার সপ্তাহ পালন করা হবে। কিন্তু শিশুদের অধিকারের বিষয়টা অধিকার সনদেই থেকে যাবে। বাস্তব প্রয়োগ আর হবে না। আফসোস!