শিশু অধিকার সনদ ও বাস্তবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুসমর্থনকারী দেশ হিসেবে সরকার জাতিসংঘের শিশু অধিকার সনদ (সিআরসি) বাস্তবায়নে দায়বদ্ধ। দায়বদ্ধতার কারণেই জাতিসংঘ শিশু অধিকার কমিটির কাছে সরকারকে সিআরসি বাস্তবায়ন-বিষয়ক প্রতিবেদন প্রতি পাঁচ বছর অন্তর পাঠাতে হয়। কমিটির কাছে জবাবদিহিও করতে হয়। তবে সনদ ও সনদ বাস্তবায়নে রয়েছে আকাশ-পাতাল ফারাক। তাই জবাবদিহির সময় ঘুরেফিরে করছি, করব বা প্রক্রিয়াধীন শব্দগুলো বলে সরকারকে সে যাত্রায় রেহাই পেতে হচ্ছে। অন্যদিকে জাতিসংঘের কমিটি সরকারের পাঠানো প্রতিবেদন পর্যালোচনা করে উদ্বেগ প্রকাশ করে ও সংশ্লিষ্ট রাষ্ট্র আগামী পাঁচ বছর কী কী পদক্ষেপ নেবে, তার সুপারিশ করে। এ ক্ষেত্রে কমিটিকেও প্রতিবার একই ধরনের উদ্বেগ প্রকাশ করে সুপারিশ করতে হচ্ছে।গত ২০ অক্টোবর সরকার ঠিক সময়ে জাতিসংঘ কমিটির কাছে পঞ্চম প্রতিবেদন জমা দিয়েছে। তবে শিশু অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা প্রশ্ন তুলেছেন, ঠিক সময়ে প্রতিবেদন জমা দিলেও এতে কি শিশুদের কোনো লাভ হবে?১৯৯০ সালে সনদটি অনুসমর্থনকারী প্রথম ২২টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। অনুসমর্থনের পর ১৯৯৭ সালে সরকার কমিটির কাছে প্রথম প্রতিবেদন পাঠায়। সরকার ২০০৩ সালে দ্বিতীয় এবং ২০০৭ সালে জাতিসংঘ কমিটির কাছে একসঙ্গে তৃতীয় ও চতুর্থ প্রতিবেদন পাঠায়। ২০০৯ সালে তৃতীয় ও চতুর্থ প্রতিবেদন পর্যালোচনা করে কমিটির প্রকাশ করা উদ্বেগ এবং সুপারিশগুলো কতটুকু বাস্তবায়িত হয়েছে, তা জানিয়েই সরকার এবার পঞ্চম প্রতিবেদন পাঠিয়েছে। তবে এবারের প্রতিবেদনে সরকার নিজেই স্বীকার করে নিয়েছে, বিভিন্ন ক্ষেত্রেই শিশুদের পরিস্থিতির অগ্রগতি নেই বা হয়নি।বয়সের ভিত্তিতে শিশুর একক সংজ্ঞা নির্ধারণ করতে পারেনি সরকার। শিশুদের জন্য ন্যায়পাল নিয়োগের বিষয়ে সরকার হাতই দেয়নি। চিন্তা, বিবেক ও ধর্মের স্বাধীনতা-সংক্রান্ত সনদের ১৪(১) অনুচ্ছেদ এবং দত্তক ব্যবস্থাসংক্রান্ত ২১ অনুচ্ছেদে রাষ্ট্রপক্ষের আপত্তি রয়েই গেছে। শিশুর জন্য অর্থ ও মানবসম্পদ বরাদ্দ, শরণার্থী শিশুসহ অন্য উদ্বেগের বিষয়গুলো প্রায় একই আছে।১৯৯৮ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তখনকার জ্যেষ্ঠ রিসার্চ ফেলো আতিউর রহমান এবং উন্নয়ন উদ্যোগের নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ পাল শিশু অধিকার সনদ ও দেশের বাস্তবতা-বিষয়ক যে প্রতিবেদন তৈরি করেছিলেন, তাতেও এ উদ্বেগগুলোই প্রাধান্য পেয়েছিল। ১৪ বছর পরও শিশুদের পরিস্থিতি একই রকম আছে।সরকারের পঞ্চম প্রতিবেদনে জাতীয় শিশুনীতি, শিশুশ্রম নিরসন নীতিসহ বেশ কিছু আইন ও নীতি প্রণয়নের কথা বলা হয়েছে। তবে আইন ও নীতির বাস্তবায়নের চিত্র নেই এতে। প্রতিবেদনে ঢালাওভাবে বলা হয়েছে, দেশের অনেক শিশু এখনো অপুষ্টিতে ভুগছে। রোগব্যাধি তাদের নিত্যসঙ্গী। বহু শিশু নির্যাতনের শিকার হচ্ছে। দেশে বাল্যবিবাহ ও শিশুশ্রম বাড়ছে। কিন্তু এ প্রতিবেদনে আসলেই কত শিশু বিভিন্ন ঝুঁকির মধ্যে আছে, তা নিয়ে পূর্ণাঙ্গ তথ্য নেই বা সরকারের হাতে পর্যাপ্ত তথ্যও নেই। জাতিসংঘ কমিটির উদ্বেগের মধ্যে সরকারের হাতে পর্যাপ্ত তথ্য না থাকার বিষয়টিও ছিল।বাস্তবতা: মানুষের জন্য ফাউন্ডেশন গত বছর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বলছে, বছরটিতে এক কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৫৫৯টি শিশুর অধিকার কোনো না কোনোভাবে লঙ্ঘিত হয়েছে। এর মধ্যে নির্যাতন, অবহেলা ও দুর্ঘটনায় মারা গেছে এক হাজার ৭৬০ জন। আহত হয়েছে ১৮ হাজার ৩৫ জন। তবে এ চিত্র শুধু সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে করা। আসলেই কত শিশু এ ধরনের পরিস্থিতির শিকার, তা জানার উপায় নেই।জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার পুনর্বীক্ষণ পদ্ধতির আওতায় গত ৯ অক্টোবর জাতিসংঘ মানবাধিকার-বিষয়ক হাইকমিশনে পাঠানো জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে পাঁচ থেকে ১৪ বছর বয়সী শিশুর ৭ শতাংশই (প্রায় ২৬ লাখ) স্কুলে যায় না। এই শিশুরা বিভিন্ন কাজ করছে। অন্যদিকে কর্মজীবী এই শিশুদের অধিকাংশই অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করায় তাদের মানবাধিকার পরিস্থিতি আরও নাজুক।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাবা বা মা আর্থিক অনটন, পারিবারিক কলহ, অনেক সময় পরকীয়া সম্পর্কের জেরে খুন করছেন নিজের সন্তানকে। এসব বিষয়ে অভিভাবককে সচেতন করার জন্যও সরকারের তেমন কোনো কার্যক্রম নেই। শিশুকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া, পর্নোগ্রাফিতে শিশুকে ব্যবহারসহ বড় বড় সমস্যার আড়ালে শিশুর মতামতকে গুরুত্ব দেওয়া তো মামুলি ব্যাপার। এই সনদকে দেশীয় প্রেক্ষাপটে ব্যবহারের জন্য কোনো সমন্বিত আইন না থাকার বিষয়টিতেও কমিটি বারবার উদ্বেগ প্রকাশ করেছে।বিনিয়োগ কম: শিশুর ক্ষেত্রে, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগের পরিমাণ এখনো খুব কম। সব পর্যায়ে শিশু খাতে বিনিয়োগের বিষয়টি বাজেটে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়নি বা বাজেটে আলাদা বরাদ্দ করা হয়নি। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বাজেট ব্যয় পর্যবেক্ষণ ও জবাবদিহির দুর্বলতা নিয়ে কমিটি উদ্বেগ প্রকাশ করেছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মোট বাজেটের কত অংশ শিশুদের জন্য ব্যয় হচ্ছে, তার হিসাব নেই।শিশুর সংজ্ঞা: সনদ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী সবাই শিশু। তবে সরকারের আইন ও নীতিমালায় শিশুর জন্য একক কোনো সংজ্ঞা নেই বলে কমিটি উদ্বেগ পুনর্ব্যক্ত করেছে। জাতীয় আইনে শিশুর সর্বোত্তম স্বার্থের মূলনীতিটিও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি।খেলার মাঠ ও খেলাধুলার সুযোগ-সুবিধার অভাব, সব বয়সের শিশুর জন্য সীমিত অবসর, বিনোদন ও সাংস্কৃতিক সুবিধার বিষয়ে কমিটি উদ্বেগ প্রকাশ করেই চলছে। সুযোগ-সুবিধা যেটুকু, তা-ও আবার বৈষম্যপূর্ণ।৬৪ জেলার বাইরে বাংলাদেশ শিশু একাডেমীর কার্যক্রম আছে মাত্র ছয়টি উপজেলায়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দরিদ্র শিশুরা এখনো সেভাবে শিশু একাডেমীর কার্যক্রমের আওতায় আসতে পারছে না।সরকারের চাইল্ড রাইটস মনিটরিং কমিটি, প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল, শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি বন্ধে সরকারের বিভিন্ন প্রজ্ঞাপন জারি, যৌন হয়রানি বন্ধে হাইকোর্টের গাইডলাইনসহ বিভিন্ন কার্যক্রমে শিশুদের পরিস্থিতি উন্নত হচ্ছে।তবে শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কন্যাশিশুর অগ্রগতি, শিশুমৃত্যুর হার কমানোসহ বেশ কিছু ক্ষেত্রে পরিস্থিতির উন্নয়ন ঘটেছে। তবে এ ধরনের কার্যক্রম প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। ফলে পঞ্চম প্রতিবেদন পর্যালোচনা শেষে সরকারকে জবাবদিহির সময় আবারও একই কথা বলতে হবে কি না, তার সরাসরি কোনো উত্তর দেননি প্রতিমন্ত্রী।সেভ দ্য চিলড্রেনের উপপরিচালক (শিশু অধিকার ও সুশাসন বিভাগ) শামসুল আলম প্রথম আলোকে বলেন, শিশুবিষয়ক কার্যক্রম নিয়ে আন্তমন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাব আছে। একদিকে সমন্বয়ের অভাব, অন্যদিকে শিশুদের জন্য সুস্পষ্টভাবে অর্থ বরাদ্দ না থাকায় আইন ও নীতির বাস্তবায়নও হতাশাজনক।কমিটির অন্যান্য উদ্বেগ ও সুপারিশ: কমিটি বলছে, তথ্য ও গণমাধ্যমে সব শিশুর, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক শিশুর সমান প্রবেশাধিকার নেই। একই অবস্থা বিচারব্যবস্থা এবং প্রশাসনিক কাজে মতামত প্রকাশের ক্ষেত্রে।বিদ্যালয় এবং ক্লিনিকে শিশুর উপযোগী ও গোপন পরামর্শের ব্যবস্থা রাখা হয়নি। কত বছর বয়স থেকে শিশু কাজ করতে পারবে, সে সংক্রান্ত জাতিসংঘ শ্রম সংস্থার (আইএলও) ন্যূনতম বয়স-নির্ধারক সনদ ১৩৮, শরণার্থীর মর্যাদাবিষয়ক জাতিসংঘ সনদও সরকার অনুসমর্থন করেনি। কমিটি মেয়েশিশু, প্রতিবন্ধী, বস্তি ও গ্রামের শিশু এবং সংখ্যালঘু শিশুসহ কিছু বিশেষ গোষ্ঠীর শিশুরা বৈষম্যের শিকার হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে।আশ্রয়কেন্দ্র, এতিমখানা, শিশুসদনে পারিবারিক পরিবেশের মতো ব্যবস্থা না থাকা এবং পথশিশুর সংখ্যা বাড়তে থাকার বিষয়েও কমিটি উদ্বেগ পুনর্ব্যক্ত করে। অপরাধের দায়দায়িত্ব নেওয়ার বৈধ বয়স ভবিষ্যতে আরও বাড়িয়ে কমপক্ষে ১২ বছর নির্ধারণ করার সুপারিশ করেছিল কমিটি। তবে দেশে শিশুদের অপরাধী হিসেবে গণ্য করার বয়স মাত্র নয় বছর।