শিশুরাই জাতির ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে প্রতিবছর পালিত হয় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। অথচ শিশু অধিকার সপ্তাহ পালনের মাধ্যমে প্রতিনিয়ত এই শিশুদেরই চরম অপমান করা হচ্ছে। শিশু দিবস কিংবা শিশু অধিকার সপ্তাহ পালনসংক্রান্ত কোনো সিদ্ধান্তই শিশুরা নেয়নি। সব সিদ্ধান্ত নিয়েছেন বড়রা। শিশু অধিকার সপ্তাহ কীভাবে পালন করা হবে, কী কী কর্মসূচি থাকবে, আদৌ কোনো কর্মসূচি থাকবে কি না, তা জিজ্ঞেস করা তো বহু দূরের ব্যাপার, এসবের কোনো কিছু শিশুদের জানানোই হয়নি। এ নিয়ে দেশের শিশু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। তবে তারা বড়দের মতো ধ্বংসাত্মক কর্মসূচিতে বিশ্বাস করে না। তাই এখনই আনুষ্ঠানিকভাবে ক্ষোভ প্রকাশ না করে তারা পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। এবারের শিশু অধিকার সপ্তাহের মূল প্রতিপাদ্য হচ্ছে—শিশু সুরক্ষার অধিকার, দিনবদলের অঙ্গীকার। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এই মূল প্রতিপাদ্যটিও শিশুরা নির্বাচন করেনি। শিশু অধিকার সনদ অনুযায়ী প্রতিটি শিশুরই আছে মতামত দেওয়ার অধিকার। অথচ তাদের কোনো রকম মতামত ছাড়াই এই মূল প্রতিপাদ্যটি নির্বাচন করা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। দেশের আনাচে-কানাচে অসংখ্য প্রতিভাবান শিশু থাকার পরও শিশুদের না জানিয়ে শিশু অধিকার সপ্তাহের মূল প্রতিপাদ্য নির্বাচন করে দেশের আপামর শিশু সম্প্রদায়কে সরাসরি অপমান করা হয়েছে। শিশুদের ভালো-মন্দ, তাদের চাহিদা ও অধিকারের কথা শিশুরাই ভালো বুঝবে। তাদের অধিকার নিয়ে একটা আস্ত সপ্তাহ পালন করা হচ্ছে, অথচ তাদের কোনো পাত্তাই দেওয়া হচ্ছে না—বিষয়টি কিছুতেই মেনে নেওয়া যায় না। শিশুরাও এটা কিছুতেই মেনে নিতে পারছে না। দেশের ভবিষ্যৎ কর্ণধারদের এভাবে চোখে আঙুল দিয়ে অপমান করার পরও তাঁরা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে ঝিম মেরে বসে আছেন। এহেন অপমানের পর ক্ষোভে, দুঃখে শিশুরা হতাশাগ্রস্ত হয়ে পড়লে সে দায়িত্ব কে নেবে? আমরা আশা করছি, দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এ সমস্যা নিরসনে সরকার অতিদ্রুত হস্তক্ষেপ করবে।