শিশু একাডেমীতে প্রাণের মেলা
নগরের জেলা শিশু একাডেমী মুখর খুদেশিল্পীদের পদচারণায়, বর্ণিল সব পোশাকে কচিমুখগুলো ঘোরাঘুরি করছে চারপাশে। কারও হাতে পুরস্কার, কারও হাতে বই। তাদের চোখে মুখে অন্য এক দীপ্তি, মায়ের ভাষার মান রাখার গৌরব। শুধু শিশুর নয় মা-বাবা আর অতিথিরাও উচ্ছ্বসিত তাদের সাফল্যে।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে শিশু একাডেমী শিশুদের জন্য ব্যতিক্রমী এ আয়োজন করে। অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের সঙ্গে তাল মিলিয়ে একাডেমীর শিশুশিল্পীদের পরিবেশিত নাচ দর্শকদের প্রশংসা কুড়ায়। চার থেকে ছয়-সাত বছরের এসব শিশুর নাচ দেখে একজন অভিভাবক মন্তব্য করেন, ‘উপযুক্ত পরিচর্যা ও উৎসাহ পেলে এরাও একদিন জাতীয় পর্যায়ে সম্মান কুড়িয়ে আনার মতো যোগ্যতা অর্জন করবে।’ অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে ‘কইলজার ভিতর বান্ধি রাইখ্যুম তোঁয়ারে’ আঞ্চলিক গানটির কয়েক লাইন গেয়ে তাক লাগিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ নুরুল ইসলাম।একুশে ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি হুকুম দখল) আনিছুর রহমান। আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, অধ্যাপক এমদাদুল হক, লেখক-গবেষক মুহাম্মদ শামসুল হক ও ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন। স্বাগত বক্তব্য দেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জি এম আবদুস সালাম। বক্তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পারিবারিক পর্যায়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানিয়ে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার আহ্বান জানান। পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।