শিশু একাডেমীতে ৫৭৫ নিয়োগ
সম্প্রতি বাংলাদেশ শিশু একাডেমী তাদের কেন্দ্রীয় কার্যালয়সহ ৬৪ জেলা ও উপজেলা শাখা পরিচালিত প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন বিষয়ের জন্য মোট ৫৭৫ জন প্রশিক্ষক ও সহকারী প্রশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, খণ্ডকালীন ও ক্লাসভিত্তিক প্রশিক্ষক হিসেবে মোট ৪৭৮ জন এবং সহকারী প্রশিক্ষক হিসেবে মোট ৯৭ জন নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ উভয়ের পাশাপাশি যাঁরা বর্তমানে প্রশিক্ষক বা সহকারী প্রশিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন, তাঁরাও পদগুলোতে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া, পদগুলোর জন্য আবেদন করা যাবে ২০ জুন, ২০১৭ তারিখ পর্যন্ত।
পদ
বাংলাদেশ শিশু একাডেমীর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সংগীত প্রশিক্ষক, নৃত্য প্রশিক্ষক, চিত্রাঙ্কন প্রশিক্ষক, আবৃত্তি প্রশিক্ষক, নাট্যকলা প্রশিক্ষক, তবলা প্রশিক্ষক, হাওয়াইয়ান গিটার প্রশিক্ষক, কম্পিউটার প্রশিক্ষক, সুন্দর হাতের লেখা প্রশিক্ষক, ইংরেজি ভাষা শিক্ষা প্রশিক্ষক, দাবা প্রশিক্ষক, তবলা সহকারী প্রশিক্ষক ইত্যাদি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে।
এ ক্ষেত্রে কোন জেলা বা উপজেলা শাখায় কোন পদে মোট কতজন নিয়োগ দেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে এ <http://bit.ly/2rdzyGi> ঠিকানায়।
আবেদনের যোগ্যতা
পদগুলোতে আবেদনের জন্য আবেদনকারীকে কমপক্ষে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। এ ক্ষেত্রে কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারী বাংলাদেশ শিশু একাডেমীর যে জেলা বা উপজেলা শাখার প্রশিক্ষক বা সহকারী প্রশিক্ষকের জন্য আবেদন করবেন, তাঁকে সে জেলায় বসবাসকারী হতে হবে। শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতার পাশাপাশি আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে ২৫ বছর।
আবেদন প্রক্রিয়া
বাংলাদেশ শিশু একাডেমীতে প্রশিক্ষক বা সহকারী প্রশিক্ষক হিসেবে আবেদনের জন্য আবেদনকারীদের সব প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, নিজস্ব ঠিকানা সংবলিত ৪” x ৯” সাইজের দুটি ফেরত খাম, মোবাইল নম্বর ও ই-মেইল আইডিসহ (যদি থাকে) ২০ জুন, ২০১৭ তারিখের মধ্যে পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমী, দোয়েল চত্বর সড়ক, শাহবাগ, ঢাকা-১০০০ এই ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদন খামের ওপর আবেদনকৃত পদের নাম ও জেলা অবশ্যই উল্লেখ করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে আবেদনপত্র যাচাই-বাছাই করে মৌখিক পরীক্ষায় জন্য নির্বাচিত প্রার্থীদের ডাকা হবে। এরপর মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করা হবে।
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি
চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের প্রশিক্ষক ও সহকারী প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক নির্ধারিত হারে সম্মানী প্রদান করা হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ
বাংলাদেশ শিশু একাডেমী, দোয়েল চত্বর সড়ক, শাহবাগ, ঢাকা-১০০০ ওয়েবসাইট: http://shishuacademy.gov.bd
ই-মেইল: [email protected] ফোন: ০২-৯৫১৩৪০০