গত বুধবার। দুপুর সাড়ে ১২টা। রাঙামাটি জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড। ২৩ নম্বর শয্যায় এক সঙ্গে চলছে দুই শিশুর চিকিৎসাসেবা। একইভাবে আরও দুটি শয্যায়ও দুজন করে রোগী রাখা হয়েছে। এ ছাড়া শয্যা সংকুলান না হওয়ায় একই মেঝেতে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে চার শিশুকে। ২০ শয্যার ওয়ার্ডটিতে তখন ভর্তি আছে ২৭ জন।
২৩ নম্বর শয্যায় রাখা সাড়ে তিন মাস বয়সী ফোরকান হোসেন আর এক বছর বয়সী আফসানা আক্তার দুজনেরই সর্দি, কাশি ও পেটের ব্যথা। তাদের অভিভাবকেরা জানান, শিশু দুটিকে দুদিন (২৫ জুলাই) আগে ভর্তি করা হয়েছে। কোনো শয্যা খালি না থাকায় তাঁদের সম্মতি নিয়ে দুই শিশুকে একই শয্যায় রাখা হয়েছে।
শুধু শিশু ওয়ার্ড নয়, হাসপাতালের পুরুষ, নারী, গাইনি ও সংক্রামক ব্যাধি ওয়ার্ডেও একই অবস্থা। শয্যা সংকুলান না হওয়ায় প্রায় সময় রোগী রাখতে হয় মেঝেতে।
হাসপাতাল সূত্র জানায়, ওষুধ ও খাদ্য সরবরাহ ১০০ শয্যার হলেও অবকাঠামোগত সমস্যা কাটেনি। অপরদিকে মঞ্জুরিকৃত চিকিৎসক পদের অর্ধেক চিকিৎসকও নেই হাসপাতালে। ফলে চিকিৎসক ও রোগীদের দুর্ভোগ বাড়ছেই।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মংক্যচিং সাগর বলেন, প্রতিদিন গড়ে শতাধিক রোগী ভর্তি থাকছে। কম লোকবল দিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে ৫০ শয্যার অবকাঠামো নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতাল ভবন নির্মাণ করা হয়। ছয় মাস পর হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। ৫০ শয্যার হাসপাতালে শুধু দুটি ওয়ার্ড ছিল। পরবর্তী সময়ে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি ওয়ার্ডের সংখ্যাও পাঁচটিতে উন্নীত করা হয়। কিন্তু হাসপাতালের অবকাঠামো আর বাড়ানো হয়নি। ফলে শয্যাগুলো গাদাগাদি করে রাখতে হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, রাঙামাটি জেলায় চিকিৎসকের মঞ্জুরিকৃত পদ ১৭৬টি। কর্মরত আছেন ৮৭ জন। শূন্যপদ ৮৯টি। এ ছাড়া পরামর্শক (কনসালট্যান্ট) পদ ৪৭টি। কর্মরত আছেন মাত্র ১১ জন। এর মধ্যে রাঙামাটি জেনারেল হাসপাতালে ৩১টি চিকিৎসক পদের মধ্যে ১৭ জন ও পরামর্শকের ১০টি পদের মধ্যে ছয়জন কর্মরত রয়েছেন। এ ছাড়া হাসপাতালে নার্সসহ সব পদেই জনবল অর্ধেক শূন্য।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের কোনো ওয়ার্ডেই শয্যা খালি নেই। মেঝেতে শয্যা পেতেও রোগী রাখা হয়েছে। ওই দিনও ভর্তি আছে শতাধিক রোগী।
বরকল উপজেলার সুবলং ইউনিয়নের চিলাকডাক গ্রাম থেকে আসা হিরণ চাকমাকে (৩) রাখা হয়েছে শিশু ওয়ার্ডের মেঝেতে। তার বাবা নিখিল চাকমা জানান, হিরণের খিঁচুনি, সর্দি আর জ্বর হয়েছে।
রাঙামাটি জেলা সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা বলেন, হাসপাতালে প্রায় সময় শয্যার চেয়ে রোগী বেশি থাকে। বিশেষ করে শিশু ওয়ার্ডে। স্থান সংকুলান না হওয়ার পাশাপাশি চিকিৎসকের সংকটে হাসপাতালে পর্যাপ্ত সেবা প্রদান করা সম্ভব হয় না। জেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে রোগীরা এসে ঠিকমতো সেবা না পাওয়া দুঃখজনক। মাঝে-মধ্যে এক শয্যায় দুজন করে এবং মেঝেতে রোগী রাখতে হয়।
সিভিল সার্জন জানান, স্বাস্থ্য বিভাগের যথেষ্ট জায়গা থাকার পরও বরাদ্দের অভাবে অবকাঠামো নির্মাণ করা সম্ভব হচ্ছে না। রাঙামাটিতে দিন দিন লোকসংখ্যা বাড়ছে। ফলে রোগীও বাড়ছে। কিন্তু হাসপাতালে সুযোগ-সুবিধা বাড়ছে না। অর্ধেকের বেশি পদ খালি থাকায় কর্মরত চিকিৎসকদের নানা ভোগান্তিতে পড়তে হয়।