
ওয়াহিদ সাহেবের ছেলে ইমরানের বয়স ছয় বছর। ছেলেটি বেশ দুরন্ত ও চঞ্চল প্রকৃতির। কিন্তু তিনি খেয়াল করলেন, বাড়িতে কোনো আত্মীয় এলে কিংবা তাঁরা কোথাও বেড়াতে গেলে ছেলে কেমন যেন চুপচাপ হয়ে যায়, নিজেকে আড়াল করে গুটিয়ে রাখতে চায়। এ কারণে মাঝেমধ্যে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় ওয়াহিদ সাহেবকে।
অনেক সময়ই শিশুদের ক্ষেত্রে বিষয়টি দেখা যায়। একটি শিশু হয়তো অনেক প্রাণবন্ত, সতেজ কিন্তু মানুষের সামনে গেলেই চুপচাপ হয়ে যায়। এতে বাবা-মায়েদেরও বিব্রত হতে হয় এবং মাঝেমধ্যে তা চিন্তার কারণ হয়েও দাঁড়ায়। এ ব্যাপারে কথা বলতে গেলে অনেক পেছনে যেতে হবে, অর্থাৎ শিশুর বিকাশের কিছু ব্যাপার আমাদের জানতে হবে। এ ধরনের শিশুদের বলা হয় ইজি চাইল্ড বনাম ডিফিকাল্ট চাইল্ড। আমাদের ব্যক্তিত্বের অনেক বড় একটা অংশ টেম্পারামেন্ট, অর্থাৎ মনমেজাজ। প্রত্যেক নবজাতকেরই অন্তর্নিহিত কিছু বৈশিষ্ট্য থাকে। থমাস ও চেস দুজন বিখ্যাত শিশু মনোবিজ্ঞানী। তাঁরা শিশুদের মনমেজাজের এই ব্যাপারটাকে দুই ভাগে ভাগ করেছেন। তাঁদের মতে, একদিকে রয়েছে ইজি চাইল্ড ও অন্যদিকে রয়েছে ডিফিকাল্ট চাইল্ড, অর্থাৎ সহজ শিশু বনাম কঠিন শিশু। যেখানে সহজ শিশু ৪০ এবং কঠিন শিশু ১০ শতাংশ এবং বাকি ৫০ শতাংশ শিশু এই সহজ ও কঠিনের সংমিশ্রণ।
যারা কঠিন শিশু, তাদের অতিসজাগ ধরনের শারীরবৃত্তীয় গঠন থাকে। ফলে তারা কোনো উদ্দীপকের প্রতি তীব্রভাবে সাড়া দেয় কিংবা প্রতিক্রিয়া প্রকাশ করে। যেমন অতি উচ্চ শব্দে কেঁদে ফেলে, বাঁধাধরা কোনো নিয়ম না মেনে যখন খুশি তখন খাওয়ার অভ্যাস থাকে, সহজে তাদের কোনো কিছু বুঝিয়ে সান্ত্বনা দেওয়া কঠিন। তারা বাইরের কাউকে দেখলে নিজেদের আড়াল করে নেয়, অর্থাৎ সবকিছুতেই তারা অতিরিক্ত প্রতিক্রিয়া প্রকাশ করে। ফলে তারা সহজ হতে পারে না এবং সহজভাবে মিশতেও পারে না।
সহজ শিশুরা সহজই থাকে। বাইরের পরিবেশেও তারা সজীব, সতেজ ও সজাগ। অন্যদিকে কঠিন শিশু যারা, তাদের ভেতর ভয়ভীতি, জড়তা, লজ্জা কাজ করে সব সময়। স্বাভাবিকভাবেই কঠিন শিশুদের লালন-পালন করতে বাবা-মায়েদের ওপর চাপ পড়ে। যেকোনো শিশুর জীবনে মা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মা ও শিশুর ভেতর একধরনের সম্পর্ক রয়েছে যা সুরময়, ছন্দময়। একজন কঠিন শিশুর কাঠিন্য, ভীতি, লজ্জা কাটিয়ে তুলতে মায়ের ভূমিকা অনেক বেশি। কঠিন শিশুদের শৈশব থেকেই চিহ্নিত করার প্রয়োজন আছে; কেননা, পরবর্তী পর্যায়ে তাদের নানান ধরনের আবেগগত এবং মানসিক সমস্যা দেখা দিতে পারে।
শিশু মনোবিজ্ঞানী ইউনিকটের মতে, শিশুরা তার চারপাশের পরিবেশ একীভূত করতে না পারলে তাদের ভেতরে অনেক সমস্যার সৃষ্টি হয়। এ ক্ষেত্রে আবারও বলতে হয়, মায়ের ভূমিকা অপরিসীম। কারণ, মা-ই পারেন একটি শিশুকে আশ্বস্ত করতে, যার ওপর ভিত্তি করে একটি শিশু তার সত্তাকে জাগ্রত করতে সক্ষম হয়। মা তাকে ধরে রাখার পরিবেশ দেবেন, যেখানে শিশু ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে ওঠে। একজন মাকে যথেষ্ট ভালো মায়ের ভূমিকা পালন করতে হবে, যাকে গুড এনাফ মাদারিং বলা হয়। কারণ, একটি শিশুর কাছে জীবন-জগতের সবটা একজন মা-ই তুলে ধরতে পারেন। তিনি শিশুর প্রয়োজনকে মর্ম থেকে উপলব্ধি করেন এবং উপলব্ধি করে সহমর্মিতার সঙ্গে সাড়া প্রদান করেন।
একটি শিশু কীভাবে অন্য কারও সামনে বা আত্মীয়ের সামনে কীভাবে সহজ হতে পারবে এবং নিজেকে আড়াল না করে কীভাবে আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারবে? আমরা সবাই জানি, মায়ের সঙ্গে শিশুর বন্ধন অন্য রকম। মাকে আশ্রয় করেই তার সবকিছু শেখা। সে কারণে একজন মা-ই পারেন শিশু যেখানে ভয়, লজ্জা পায়, আড়ষ্ট থাকে, সেখানে তাকে সহজ করে তুলতে। শিশুর জন্য যেসব জায়গা কঠিন, যেখানে শিশু নিজেকে গুটিয়ে নেয়, সেসব জায়গায় একজন মা-ই পারেন এগুলো কাটিয়ে তুলতে, বাচ্চাকে সাহস দিতে। আত্মবিশ্বাস গড়ে দিতে মায়ের কোনো তুলনা নেই। খুব অল্প বয়স থেকেই এগুলো করতে হবে। এভাবে ধীরে ধীরে শিশু ঘরের লোক এবং বাইরের লোকের ভেতর পার্থক্য বুঝবে এবং তার সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করবে।
মায়ের সঙ্গে বন্ধন তিন ধরনের। সেগুলো হলো নিরাপদ বন্ধন, অনিরাপদ বা এড়িয়ে চলার বন্ধন এবং অনিরাপদ দোমনা বন্ধন। সহজ শিশুদের সঙ্গে নিরাপদ বন্ধন গড়ে ওঠে, তাদের খাপ খাওয়ানোর সমস্যা কম থাকে। অন্যদিকে অনিরাপদ যারা থাকে, সেসব শিশু খুব বেশি উদ্বিগ্ন থাকে, তারা সব সময় নিকটজনদের আগলে ধরে থাকতে চায়। ফলে আত্মীয় অথবা কাছের কারও সঙ্গে সহজে মিশতে বা কথা বলতে চায় না।
শিশুর সব ধরনের শারীরিক ও মানসিক বিকাশে পরিবারের ভূমিকা অনেক বেশি। কোন কোন বয়সে শিশুর নতুন ও ভিন্ন ধরনের আচরণ দেখা দেবে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। শিশুর বয়স অনুযায়ী তার কাছ থেকে প্রত্যাশা করতে হবে। শিশুর বিকাশ স্বাভাবিকভাবে না হলে সামাজিকভাবে খাপ খাইয়ে নিতে শিশুর নানা রকম ঝামেলা পোহাতে হবে।
চীনে একটি প্রবাদ আছে, গাছের শাখাকে যেদিকে বাঁকানো হবে, গাছও সেদিকে বাঁকবে। ঠিক তেমনভাবেই একটি শিশুকে ছোটকাল থেকে যেভাবে যা শেখানো হবে, সে তা-ই শিখবে, তা-ই প্রয়োগ করবে। মনোবিজ্ঞানী এরিকসনের মতে, শিশুকালই স্থায়ীভাবে মৌলিক আস্থাগুলোর ভিত্তি স্থাপনের উপযুক্ত সময়। শিশুর কাছে পরিবেশ-পৃথিবী সহজ করে তুলতে হবে।
একটি শিশুর ক্ষেত্রে দুই থেকে পাঁচ বছর বয়স অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সময়। এই বয়সটাতেই তাকে সব শিক্ষা দেওয়া হয়। সবার সঙ্গে খাপ খাইয়ে চলার শিক্ষাও এই বয়সে দেওয়া হয়। এই বয়সে তাকে যা শেখানো হবে, ঠিক তার ওপর ভিত্তি করেই তার ব্যক্তিত্ব গড়ে উঠবে। শিশুকে সবার সঙ্গে কথা বলার সুযোগ করে দিতে হবে। বাড়িতে কেউ এলে তার সঙ্গে কুশল বিনিময় করার শিক্ষা দিতে হবে। এভাবেই সে সবার সঙ্গে মেশার সুযোগ পাবে এবং সবার সঙ্গে মিশতে পারবে।
মো. তাজুল ইসলাম
অধ্যাপক. জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা