শিশু-কিশোরদের সাহিত্য আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাগুন শেষে চৈতি হাওয়া বইতে শুরু করেছে। এমনই দিনে ১৫ মার্চ শুক্রবার সকাল ১০টায় ফুলকি মিলনায়তনে বসেছিল শিশু-কিশোরদের ঋতুভিত্তিক সাহিত্য আসর বাসন্তিকা। এবারের আসরে অতিথি হয়ে এসেছিলেন নাট্যব্যক্তিত্ব ও ছড়াকার সনজীব বড়ুয়া। তিনি তাঁর স্বভাবসুলভ স্বতঃস্ফূর্ততায় শিশুদের সঙ্গে একাত্ম হয়ে যান এবং আসর হয়ে ওঠে প্রাণবন্ত। প্রায় ২৫ জন শিশু-কিশোর তাদের নিজেদের লেখা ছড়া, কবিতা, ফিচার ও গল্প পাঠ করে। শিশুরা তাদের লেখায় বসন্ত ছাড়াও ভূত, মুক্তিযুদ্ধ, বয়স্কদের প্রতি তাদের কর্তব্য, এমনকি গণজাগরণ মঞ্চের কথাও তুলে ধরে। অতিথি শিশুদের প্রতিটি লেখা নিয়ে আলোচনা করেন এবং ছড়া ও কবিতা লেখায় ছন্দ ও অন্ত্যমিলের বিষয়ে শিশুদের অবহিত করেন। তিনি বলেন, ‘ছোটদের পোশাকের মতোই তাদের ভাবনাগুলোও বৈচিত্র্যময়, আবার এর প্রকাশও বিচিত্র। সাহিত্য আসরের ছোট্ট বন্ধুদের সৃজনশীলতা আমাকে মুগ্ধ ও প্রাণিত করেছে। ছোটদের প্রাণের ছোঁয়ায় আমি উজ্জীবিত হলাম।’ অতিথি তাদের লেখা একটি ছড়া পাঠ করেন। এবারের আসরে ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন এবং ফুলকির সম্পাদক কবি ও সাংবাদিক আবুল মোমেন উপস্থিত ছিলেন। শীলা মোমেন আসরে শিশুদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণের জন্য তাদের প্রশংসা করেন এবং অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আসরে ফুলকি ছাড়াও নগরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।