শিশু কুশীলবদের 'কালমৃগয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গীতিনৃত্যনাট্য কালমৃগয়ার দৃশ্য
গীতিনৃত্যনাট্য কালমৃগয়ার দৃশ্য

একবার পাত্র-মিত্রসহ রাজা দশরথ বনে শিকার করতে গেলেন। গহিন বনে শিকার না পেয়ে ক্লান্ত হয়ে পড়েন তিনি। গোধূলিবেলায় হঠাৎ শুনতে পান তৃষ্ণার্ত হরিণের জল পানের শব্দ। শিকারি দশরথ আর অপেক্ষা না করে ছুড়লেন অব্যর্থ বাণ। মুহূর্তে ভেসে এল বালকের আর্ত চিৎকার। থমকে যান দশরথ। এ কী হলো, হরিণ মনে করে অন্ধমুনির পুত্রকেই যে হত্যা করলেন তিনি! দশরথ তখনো জানেন না, অন্ধমুনির অভিশাপে পুত্রশোকে একদিন কাতর হবেন তিনিও।
রামায়ণের এই কাহিনি নিয়ে তৈরি রবীন্দ্রনাথের গীতিনৃত্যনাট্য কালমৃগয়া দেখতে গিয়ে ক্ষণে ক্ষণে শিহরিত হতে হয়েছে। ফেইমের নৃত্যকলা ও শিশুনাট্য বিভাগের এই প্রযোজনায় অসাধারণ অভিনয়-দক্ষতা দেখিয়েছে শিশু কুশীলবেরা। প্রদর্শনীর শুরু থেকে শেষ পর্যন্ত মঞ্চ থেকে চোখ ফেরানো যায়নি। নৃত্যনাট্যটির পরিচালনায় ছিলেন তিলোত্তমা সেনগুপ্তা।
ফেইম-স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের ১৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ সেজেছিল উৎসবের সাজে। পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধনী দিনে কালমৃগয়ার মঞ্চায়নের মাধ্যমে ফেইমের সংগঠকেরা যেন জানান দিলেন, পরবর্তী প্রজন্মের মধ্যেও নাটকের বীজ ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ তাঁরা।
১২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন গীতা দাশ। বেজে ওঠে ঢাক-ঢোল। আতশবাজির আলোয় চারপাশ রঙিন হয়ে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ, কবি ও সাংবাদিক আবুল মোমেন, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক রাফায়েল ইয়েগার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের চেয়ারম্যান কুন্তল বড়ুয়া, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সুচরিত দাশ, চট্টগ্রাম গ্রুপ ফোরাম সভাপতি খালেদ হেলাল এবং শিল্পকলা একাডেমী, চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মকর্তা মোসলেম উদ্দিন সিকদার।
উৎসব উপলক্ষ্যে ফেইমসহ চট্টগ্রামের নাট্যদলগুলোর নাটক ও চালচিত্র নিয়ে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন সোমনাথ ঘোষ।