
বেশির ভাগ মায়েরই অভিযোগ যে বাচ্চা খেতে চায় না। কিছু কিছু রোগের কারণে শিশুদের রুচি কমে যেতে পারে, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল কিছু নয়। অনেক ক্ষেত্রেই এ বিষয়ে মা-বাবার উৎকণ্ঠা থাকে। হয়তো শিশু তার রুচি ও পরিমাণ অনুযায়ী ঠিকই খাচ্ছে, কিন্তু মা-বাবার তাতে তৃপ্তি হচ্ছে না। অথবা শিশুর আসলে কোনো রোগ নেই, সমস্যাটা তার মনে।
মায়েদের ব্যস্ততা শিশুর মনে দাগ কাটে। সে হয়তো শুধু খাবারের সময়টাতেই মাকে কাছে পায়, তাই অবচেতনে তার মনে ঢুকে যায় যে খাবার খেতে বেশি সময় নিলে বা খাবার নিয়ে যন্ত্রণা করলে মায়ের সঙ্গ আরও বেশি পাওয়া যাবে। শিশুর প্রতি মনোযোগ কমে গেলেও সে খাওয়া কমিয়ে দিতে পারে। সে যখন দেখে যে ঠিকমতো না খেলে বা খাবার নিয়ে যন্ত্রণা করলে তাকে নিয়ে সবাই অস্থির হয়ে পড়ছে, তখন সে খাবার নিয়ে বায়না ধরে।
শিশু খেতে না চাইলে এ নিয়ে বাড়াবাড়ি না করে কিছু আচরণগত পরিবর্তন আনুন।
—ছোট শিশুদের ক্ষেত্রে ঘুম থেকে উঠেই খিচুড়ি না দিয়ে আগে বুকের দুধ দিন। এর দুই-তিন ঘণ্টা পর খিচুড়ি দিন। নতুন একটি খাবার শুরু করার পর অভ্যস্ত না হওয়া পর্যন্ত তিন দিন ওই একই খাবার দিন। শিশুকে যখন-তখন চিপস, জুস, চকলেট ইত্যাদি দেওয়া যাবে না, এতে খিদে নষ্ট হয়।
—আহারের মধ্যবর্তী সময়গুলোতে শিশুকে অন্যান্য খাবার বেশি দেবেন না। যেমন, ভাত খাওয়ার দুই ঘণ্টা আগে দুধ বা নাশতা দেবেন না।
—শিশুর বিদ্যালয় যদি ১২টায় ছুটি হয়, তবে ফিরে এসে তেমন কোনো নাশতা না দেওয়াই উচিত। এ ক্ষেত্রে খিদে থাকা অবস্থাতেই ভাত বা মধ্যাহ্নভোজ দিয়ে দেওয়া যায়।
—শিশুকে এক খাবার প্রতিদিন দেবেন না। যেমন, রোজ ডিম সেদ্ধ না দিয়ে ডিমের তৈরি নানা জিনিস যেমন—পুডিং, জর্দা ইত্যাদি দিতে পারেন। দুধের ক্ষেত্রেও তাই। পুডিং, সেমাই বা পায়েসে প্রচুর দুধ থাকে, সেটাই দিন। ফল খেতে না চাইলে কাস্টার্ড করে দিন।
—অনেক সময় খাবার পরিবেশনেও ভিন্নতা এনে কাজ হয়। রঙিন পাত্রে খাবার পরিবেশন করুন। টেবিলকে করুন সুন্দর ও আকর্ষণীয়। টিভি দেখা কমিয়ে পর্যাপ্ত খেলার ব্যবস্থা করুন, এতে খিদে বাড়বে। খাবার নিয়ে জোর করবেন না। খাবারের সময়টিকে করুন আনন্দময়। পরিবারের সবাই একসঙ্গে খেতে বসুন। শিশুকে নিজের হাতে খেতে অভ্যস্ত করে তুলুন। খাবার প্রস্তুত, বাজার বা পরিবেশনে সম্ভব হলে তাকে সঙ্গে রাখুন। তার পছন্দমতো মাছ, মাংস বা সবজি কিনুন। এতে খাবারের প্রতি শিশুর আগ্রহ বাড়বে।
শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল