
অনেক অভিভাবককে বলতে শোনা যায়, আমার সন্তান ঠিকমতো লম্বা হচ্ছে না। কিংবা টিভিতে তো হরদম এমন বিজ্ঞাপন চলছেই। এই রোগের নাম ‘ফেলিওর টু থ্রাইভ’। এটা শিশু চিকিৎসাশাস্ত্রের একটা রোগের নাম। যে বয়সের শিশু যে হারে বেড়ে ওঠার কথা, কিন্তু তা হচ্ছে না। থেমে গেছে। তা মা-বাবা তো বটেই, পরিবার-পাড়া-পড়শির নজরে পড়েছে। মাঝেমধ্যে সন্তানের এ অবস্থা হলে সবাই কানাঘুষা করে কিংবা মুখের ওপর বলে ফেলে হয়তো মা বাচ্চাটার সার্বিক যত্ন নিচ্ছেন না। অভিভাবকের ওপর দোষটা বেশি চাপাতে চান। কিন্তু বুঝতে হবে, ‘ফেলিওর টু থ্রাইভ’ নানা কারণে হতে পারে। কখনো তা তার অপুষ্টি সমস্যা, সাধারণ স্বাস্থ্য প্রকৃতি ও মানসিক লাঞ্ছনার মিশ্রিত ফলাফল হিসেবে প্রকাশ পায়। সঠিক সময়ে সঠিক ব্যবস্থা না নিলে শিশুর সমস্যা হতে পারে।
মায়ের পুষ্টির প্রভাব তেমনটা থাকে না বলে ছয় সপ্তাহ বয়সের শিশুর ওজন তার ভবিষ্যৎ ওজনের একটা গুরুত্বপূর্ণ পরিমাপ হিসেবে বিবেচিত। তবে শিশুর প্রথম বছর বয়সে তার ওজন বাড়া যথাযথ আছে কি না, তা দেখতে ওজন নিয়ে গ্রোথ চার্টের যে রেখা, তা মিলিয়ে দেখা ভালো।
শুধু এক বছরের ওজন তেমন কাজে আসে না বরং পরবর্তী দুই মাস বা তিন মাসের ওজনে যদি শিশু না বাড়ে, তবে তা গুরুত্বের সঙ্গে নিতে হবে। এ ক্ষেত্রে তার আগের ওজন অবশ্যই লিখে রাখতে হবে। এমনকি ওজন নিতে হবে একই স্কেলে, একেক সময় ওজন নেওয়ার একেক মেশিন ব্যবহার করলে সেই পরিমাপ নিখুঁত না-ও থাকতে পারে। ওজন নেওয়ার সময় আরেকটি বিষয় মাথায় রাখতে হয়, যাতে পরনের পোশাক বেশি ওজনের না থাকে। ছোট শিশুর জন্য তাকে খালি গায়ে রেখে এবং একটু বড় বাচ্চাকে স্বল্প পোশাক পরিয়ে ওজন পরিমাপ করতে হবে।
তবে শিশুর প্রথম বছরে বাড়ন ক্ষতিগ্রস্ত হওয়ার প্রধান কারণ কম খাওয়া—কম খাওয়ানো। শিশুকে কী কী খাওয়ানো হয়, দৈনিক কতবার খাবারের মেন্যু (যেমন দুধ, নাশতা), খাওয়ানোর আগে মায়ের মানসিক অবস্থা—এভাবে খাওয়ানোর পুরো অনুপুঙ্খ ইতিহাস নেওয়া হলে রোগ নির্ণয় বেরিয়ে আসে, আর এতে করে অনর্থক ল্যাব টেস্ট এড়ানো যায়।
শিশু যদি বংশানুক্রমিক ছোট প্রকৃতির না হয়ে থাকে বা অপুষ্টিতে ভোগার চিত্র না পাওয়া যায়, তবে সে শরীরতন্ত্রে কোনো নির্দিষ্ট অসুখে আক্রান্ত কি না, তা বের করে আনতে হবে। মস্তিষ্ক, হৃদ্যন্ত্রে ত্রুটি, ব্রেইন, কিডনি, লিভারের নানা অসুখের কারণে কারও কারও ক্ষেত্রে এমন হতে পারে।
বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ