শিশু থাকুক নিরাপদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর বয়সী সৌম্যর মা-বাবা দুজনই চাকরিজীবী। দরজায় তালা দিয়ে তাঁরা সকালে অফিসে চলে গেলে সৌম্যের সময় কাটে তার চেয়ে মাত্র পাঁচ বছরের বড় কাজের ছেলেটির সঙ্গে। একদিন লুকোচুরি খেলতে গিয়ে স্টোররুমে আটকা পড়ে যায় সৌম্য। অনেক দিন ব্যবহার না করার কারণে জং ধরে নষ্ট হয়ে গেছে দরজার তালাটা। আটকে যাওয়া দরজাটা কিছুতেই খুলতে না পেরে ভেতর থেকে চিৎকার করতে থাকে সে। এ অবস্থা দেখে দরজার বাইরে থাকা কাজের ছেলেটিও ভয় পেয়ে ইস্কাটনের ১৩ তলার ওপরের ফ্ল্যাটটির বারান্দা থেকে চিৎকার করতে থাকে। কিন্তু এত ওপর থেকে সেই ডাক পৌঁছায় না কারও কানে। অবশেষে সন্ধ্যার সময় মা-বাবা এসে স্টোররুমের তালা ভেঙে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সৌম্যকে। ‘শিশুদের বাসায় একা রেখে গেলে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। তাই শিশুটিকে বাসায় যার কাছে রেখে যাওয়া হবে, তার বয়স অবশ্যই ১৫ বা তার চেয়ে বেশি হতে হবে। সাত থেকে ১০ বছর বয়সী একটি ছেলে বা মেয়ে যে নিজেই কিনা শিশু, সে কীভাবে আরেকটি বাচ্চার দেখাশোনা করবে—এ বিষয়টি মা-বাবার মাথায় রাখতে হবে।’ বলছিলেন গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয়ের শিশু বর্ধন ও পারিবারিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোরশেদা বেগম।তিনি বলেন, অনেক মা-বাবাই বাচ্চা বা কাজের লোক যাতে দরজা খুলে বের হতে না পারে, সেজন্য দরজা বাইরে দিয়ে তালাবদ্ধ করে যান। দরজায় তালা না দিয়ে গল্পের ছলে শিশুকে বোঝাতে পারেন, যে তুমি যদি কখনো দরজা খুলে বের হও, তাহলে খারাপ লোকেরা তোমাকে ধরে নিয়ে যাবে। আর আমাদের তুমি দেখতে পাবে না। এ ছাড়া তাদের প্রিয় জিনিসগুলো দেখিয়ে বলা যেতে পারে, দরজা খোলা দেখলে বাইরের লোকেরা ঘরে ঢুকে তোমার এই জিনিসগুলো নিয়ে যাবে। মায়েরা কর্মজীবী হলে প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে হবে। তাহলে প্রতিবেশীরাই মা-বাবা বাইরে গেলে বাচ্চার খেয়াল রাখবেন। আর তা সম্ভব না হলে কর্মজীবী মা-বাবাকে অবশ্যই কোনো নিকটাত্মীয় অথবা ভালো সম্পর্ক আছে এমন কোনো বন্ধু-বান্ধবের কাছাকাছি বাসা নেওয়ার চেষ্টা করতে হবে। আর কাজের মেয়ে অথবা ছেলেটি যতই বিশ্বস্ত হোক না কেন, থানায় তার নামে একটা সাধারণ ডায়েরি করিয়ে রাখতে ভুলবেন না। অফিসে যাওয়ার সময় বাসার দারোয়ানকে জানিয়ে রাখতে হবে, তারা বাসায় না থাকলে বাসার কাউকে একা বের হতে দেখলে অথবা বাইরের কাউকে ঢুকতে দেখলে অবশ্যই যেন তাঁদের সঙ্গে সঙ্গে ফোন করে জানায়। সে ক্ষেত্রে প্রতিবেশী যদি সুহূদ হন, তাঁদের এবং বাড়ির দারোয়ানকে অবশ্যই আপনার এবং কাছের আত্মীয়স্বজনের ফোন নম্বরের একটা তালিকা দিয়ে যান। ফোনের ব্যবহার শিখিয়ে আপনার শিশু ও তার তত্ত্বাবধায়কের কাছে সবার নম্বর সংরক্ষিত করে একটি মোবাইল ফোন রেখে যান। বাসার দরজার ছিটকিনি ওপরেরটা লাগানো থাকলে টুল বা এ ধরনের উঁচু আসবাবের ওপর উঠে বাচ্চারা দরজা খুলে ফেলে। এজন্য এ ধরনের আসবাব তার চোখের আড়ালে রাখতে হবে। এ ছাড়া সব ঘরের তালা ঠিক আছে কি না, সেদিকটিও খেয়াল রাখবেন। না হলে ঘটতে পারে দুর্ঘটনা।আবার অনেক মা-বাবাই আছেন, যাঁরা স্কুলে যাওয়া শুরু করলে সেই বাচ্চাকে বাড়িতে একা রেখে যান। বাচ্চাটি যদি বাসায় এসে অসুস্থ হয়ে যায় অথবা কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, সে ক্ষেত্রে একা সে কিছুই করতে পারবে না। বিশ্বস্ত কাজের লোক না পেলে অন্তত কাছের কোনো মানুষকে এনে বাসায় রেখে যেতে পারেন; কিন্তু বাচ্চাকে কখনোই একা বাসায় রেখে যাবেন না—কথাগুলো বলছিলেন একজন কর্মজীবী মা ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা কংকনা দত্ত চৌধুরী। কাজের লোকের কাছে বাচ্চা রেখে গেলে তাকে আর অন্য কাজের দায়িত্ব দেওয়া উচিত নয়। কারণ এতে সে রান্নাঘরে গেলে বাচ্চাও তার সঙ্গে গিয়ে চুলায় হাত দিতে চাইবে। বঁটি দিয়ে কিছু কাটতে গেলে সামনে গিয়ে দাঁড়াবে। প্রয়োজনীয় সবকিছু বাইরে রেখে রান্নাঘরের দরজা আটকে যাওয়াটাই নিরাপদ মনে করেন তিনি। এ ছাড়া আমার বাচ্চারা ছবি আঁকতে ও বই পড়তে পছন্দ করে। তাই আমি বের হওয়ার আগে এই জিনিসগুলো তাদের কাছে দিয়ে যাই। এতে করে অন্যদিকে তাদের আর মনোযোগ যায় না বলে জানান তিনি। মোরশেদা বেগম বলেন, শিশুকে তার পছন্দের কোনো কাজ যেমন— টিভি দেখা অথবা খেলার আয়োজন করে দিতে হবে। তবে সে ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন কাচ বা আঘাত পাবে এমন কোনো খেলনা শিশুর হাতে দেওয়া যাবে না। বিশেষ করে ছেলে বাচ্চারা বৈদ্যুতিক যন্ত্রপাতি খুলে দেখার চেষ্টা করে। এজন্য বাসার টিভি টিভিস্ট্যান্ডের ওপর না রেখে এমন কিছুর ওপর রাখুন, যাতে সে নাগালে না পায়। বাচ্চার পছন্দের খাবারগুলো টেবিলে বের করে রেখে ফ্রিজে তালা দিয়ে রাখুন। অনেক বাচ্চাই ওয়ার্ডরোব বা আলমারির ভেতর ঢুকে থাকতে পছন্দ করে। তাই বাইরে যাওয়ার সময় আলমারির তালা বন্ধ করে যেতে ভুল করবেন না। বাচ্চা ছোট হলে ঘরে কাচের আসবাব না রাখাই ভালো। বাচ্চাকে যে পাত্রে খাবার দেবেন, তা ভঙ্গুর না হওয়াই ভালো। আরেকটি বিষয় হলো, আপনি বাসায় না থাকলে কাউকে দরজা খুলে দেওয়া হবে না, এই কথাটি আত্মীয়স্বজনদের জানিয়ে রাখুন।