শিশু থাকুক যতনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋতু পরিবর্তনের সময়ে শিশুর চাই একটু যত্ন। মডেল: রামিন নাওয়াফ চৌধুরী, ছবি: নকশা
ঋতু পরিবর্তনের সময়ে শিশুর চাই একটু যত্ন। মডেল: রামিন নাওয়াফ চৌধুরী, ছবি: নকশা

বদলে গেছে মৌসুম। আপনার হাঁটি হাঁটি পা পা বয়সের শিশুটিও পড়তে পারে এই সময়ের বিপাকে। আপনার শূন্য থেকে পাঁচ বছরের শিশুটির কথাই বলছি। ঋতুর পরিবর্তনের কারণে এই সময়ের রোগ-বালাইয়ে তারাই থাকে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক প্রণব কুমার চৌধুরী বলেন, শিশু কাশলেই অনেকে ফার্মেসি থেকে সাধারণ কাশির সিরাপ নিয়ে আসেন। অথচ তাঁরা জানেন না বিষাক্ত উপকরণ পাওয়ায় বিশেষ কিছু কাশির সিরাপ নিষিদ্ধ হয়ে গেছে অনেক আগেই। তাই মৌসুমি রোগ-বালাই বলে শিশুর কোনো অসুস্থতাকেই খাটো করে দেখা যাবে না। সাধারণ সর্দি-কাশি থেকে নিউমোনিয়া, হালকা শ্বাসকষ্ট থেকে ব্রংকিওলাইটিস হয়ে যেতে পারে মুহূর্তেই। তাই শিশুর জ্বরের সঙ্গে খিঁচুনি, শরীরে র‌্যাশ বা কাশি দিলে বুকের নিচে দেবে যাচ্ছে দেখলেই চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে যত দ্রুত সম্ভব।

ছবি: নকশা
ছবি: নকশা

‘বছরের এই সময়টায় রোগ-বালাইয়ের সবচেয়ে সহজ শিকার হয় শিশুরা। তবে কিছু নিয়মিত সাবধানতায় ঝুঁকি কমিয়ে আনতে পারেন অনেকখানি।’ বলছিলেন ঢাকার অ্যাপোলো হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসা কর্মকর্তা তানিয়া ইসলাম। তিনি জানালেন, শিশুরা বেশ ঘামে এই সময়ে। একই সঙ্গে বাড়তে পারে ঘামাচির প্রকোপ। ঘাম প্রতিরোধ করতে সুতির পাতলা কাপড়ে বারবার ঘাম মুছে দিতে হবে।
মনে রাখবেন, শিশুর কোমল ত্বকের ঘামাচিতে কখনোই নখ লাগাতে নেই। ঘামাচি খুঁটলে শিশুর ত্বকে সংক্রমণ হতে পারে, এতে ত্বক আরও রুক্ষ হয়ে পড়ে। ঘাম ও ঘামাচি প্রতিরোধে শিশুকে স্বাভাবিক পানিতে গোসল করাতে হবে প্রতিদিন। স্কুলপড়ুয়া শিশু হলে দুবারও গোসল দেওয়া যেতে পারে। গোসল শেষে ঘামাচিরোধী পাউডার মেখে দিন। রাতে ঘুমানোর আগে হাত-পা মুছেও ঘামাচিরোধী পাউডার মেখে দিতে পারেন।
এ সময়ে শিশুর খাবারেও বিশেষ খেয়াল রাখুন। ভিটামিন সি-সমৃদ্ধ খাবার খেতে দিন। কমলা, ডাব, ডাবের পানিসহ আঁশযুক্ত খাবারের পরিমাণ বাড়ান। ফলের রস, সবজির স্যুপ এবং প্রচুর পানি শিশুকে পানিশূন্যতার হাত থেকে রক্ষা করবে। শিশুর স্বাভাবিক খাবারেও ঝোলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তুলনামূলক হারে কমাতে হবে খাবারে মসলার পরিমাণ।
শত সাবধানতার পরও কিছু কিছু রোগ হয়েই যেতে পারে শিশুদের। তখন প্রয়োজন সতর্ক চিকিৎসার। কারণ শিশুদের নাজুক শরীরে যেকোনো কিছুর প্রভাব পড়ে দ্রুত। এমনটাই মনে করেন শিশুরোগ বিশেষজ্ঞ এবং আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের সিনিয়র রেজিস্ট্রার দেলোয়ার হোসেন মোল্লা।
তাঁর পরামর্শ হলো, সর্দি-কাশির পাশাপাশি জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া, হাম ও অ্যালার্জির সমস্যাগুলো বেশি হয় এই কয়েকটা মাসে। ঘাম থেকেই মূলত সর্দি-কাশির সমস্যাটা হয়। শুকনো কফ থেকে খুশখুশে কাশিও দেখা যায়। ঘাম ও ঘামাচি প্রতিরোধের পাশাপাশি খেয়াল রাখুন ঘরের অন্য কোনো জ্বর বা সর্দি-কাশির রোগীর সংস্পর্শে শিশু যেন না যায়, হাত না লাগে।
জ্বর-সর্দি হয়েই গেলে অনেকে গোসল বন্ধ করে দেন। এতে করে তেমন কোনো লাভ হয় না। বরং কুসুম গরম পানিতে একবার গোসল করান, নিদেনপক্ষে হাত-পা মুছে দিন। সরাসরি ফ্যানের বাতাস শরীরে লাগতে দেবেন না।
একই সঙ্গে প্রাকৃতিক টোটকা দিতে পারেন। হালকা গরম পানিতে লবণ ছিটিয়ে মধু আর তুলসীর রস খেতে দিন, লেবু চা খেতে দিন।
এই বয়সের শিশুদের ডায়রিয়া বেশ বিপজ্জনক। দেরি না করে স্যালাইন পান করান এবং ডাক্তার দেখান। আর যেকোনো সমস্যাই গুরুতর হতে শুরু করলে নিজে চিকিৎসার ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন।
 খাদিজা ফাল্গুনি