শিশু-পরিবারে আবর্জনার হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুইদিন ধরে ফাতেমাকে কিছু খাওয়াতে পারছি না। তার শরীরে জ্ব জ্বর ভাব। ও শুধু বলছে, খালামণি আমাকে বাইরে কোথাও নিয়ে যান। একই রকম অবস্থা নিপুমণি, তানিয়া ও মতিউরেরও।’ এভাবেই সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনের (বর্জ্য ফেলার স্থান) কারণে রৌফাবাদের সরকারি শিশু পরিবারের সদস্যদের দুরবস্থার কথা তুলে ধরলেন পরিচারিকা মিনু আরা বেগম।শিশু-পরিবারের সদস্য মনীষা, বিলকিছ, সুরাইয়া। এদের প্রত্যেকের বয়স অনূর্ধ্ব-১৮ বছর। ক্ষোভ প্রকাশ করে তারা বলল, ‘যতক্ষণ দরজা-জানালা বন্ধ করে ঘুমাই, ততক্ষণ দুর্গন্ধ থেকে রক্ষা পাই। গন্ধের কারণে বাইরে খেলতে যেতে মন চায় না।’কেন এই অবস্থা, জানতে চাইলে পরিবারের একজন কর্মচারী নাম প্রকাশ না করে বলেন, ‘পাশের বিশাল মাঠে প্রতিদিন ময়লা ফেলছে সিটি করপোরেশন। উৎকট গন্ধে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। শিশুরা প্রতিদিন নানা রোগে আক্রান্ত হচ্ছে।’বর্জ্যের হানায় শিশু-পরিবার ছাড়াও রৌফাবাদ কলোনির প্রায় পাঁচ হাজার বাসিন্দাও দুর্ভোগের শিকার হচ্ছেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। ২০০০ সালে ডাম্পিং স্টেশনটি স্থাপন করা হয় বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, জেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে শিশু-পরিবারটিতে বর্তমানে ১০০ জন এতিম শিশু রয়েছে। শিশু-পরিবার ছাড়াও রয়েছে আরও দুটি প্রতিষ্ঠান। এগুলো হলো মানসিক প্রতিবন্ধী শিশু ও ছোটমণি নিবাস। ওই দুটি প্রতিষ্ঠানে শিশু রয়েছে ৮৭ জন। তিন প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত কর্মকর্তা-কর্মচারীর পরিবার-পরিজনও বাস করে প্রতিষ্ঠানসংলগ্ন সরকারি কোয়ার্টারে।যোগাযোগ করা হলে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক পারভীন মেহতাব বর্জ্যের কারণে শিশু-পরিবারসহ অন্য দুই প্রতিষ্ঠানের শিশুদের লালন-পালন ব্যাহত হওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘প্রকট দুর্গন্ধে বাচ্চারা বিভিন্ন রোগ-শোকে আক্রান্ত হচ্ছে। আমরা বিষয়টি সিটি করপোরেশনকে মৌখিকভাবে একাধিকবার জানিয়েছি। এবার এ বিষয়ে জেলা প্রশাসকের মাসিক সভায় প্রস্তাব করার দাবি তুলব।’ ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক বন্দনা দাশ বলেন, ‘আমার বিভাগে বাচ্চাদের বয়স ছয় বছর পর্যন্ত। বিশেষ করে গরমকাল এলেই বাচ্চাদের জীবনটা হয়ে উঠে দুর্বিষহ। নাকে কাপড় দিয়েও দুর্গন্ধ ঠেকানো যায় না।’ তাঁর প্রশ্ন- তাহলে বাচ্চাদের কী হবে? সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী বর্জ্যের কারণে শিশুপরিবারসহ আশপাশের এলাকায় বাসিন্দাদের ভোগান্তির কথা স্বীকার করে বলেন, ‘এই ডাম্পিং স্টেশনটি (বর্জ্য ফেলার স্থান) ২০০০ সালে স্থাপন করা হয়েছিল। তবে আমরা শিগগির সেটি সরিয়ে ফেলব।’ এদিকে রৌফাবাদ কলোনির প্রায় পাঁচ হাজার বাসিন্দা এই বর্জ্যের দুর্গন্ধের শিকার হচ্ছেন। চাঁদ মিয়া কলোনি ও বিহারি কলোনির বাসিন্দা নাঈমুর রহমান, আরিফুল ইসলাম বলেন, দুর্গন্ধে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। অনেকেই নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে।’ এ প্রসঙ্গে স্থানীয় ওয়ার্ড কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘ডাম্পিং স্টেশনের বর্জ্যের কারণে রৌফাবাদ কলোনি, সরকারি শিশু পরিবারসহ অন্যান্য প্রতিষ্ঠানের লোকজনের সমস্যার কথা জেনেছি। এই ব্যাপারে আমি মেয়র সাহেবকে বলব।’ শিশুরোগ বিশেষজ্ঞ প্রণব কুমার চৌধুরী বলেন, ‘বর্জ্যের দুর্গন্ধে শিশুদের পেটের পীড়া, ডায়রিয়া হতে পারে। একইসঙ্গে শ্বাসকষ্ট হতে পারে।’