
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শিশুদের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) চালুর কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের হাতের নাগালে এসেছে ব্যয়বহুল চিকিৎসাব্যবস্থা। এর ফলে জটিল শিশু রোগীদের মৃত্যুর হাত থেকে রক্ষা করাও সম্ভব হচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা।
জানা গেছে, চমেক শিশু স্বাস্থ্য বিভাগে এক বছর আগে ১০ শয্যাবিশিষ্ট শিশুদের নিবিড় পরিচর্যাকেন্দ্রটি চালু করা হয়। এনকেফেলাইটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত শিশুদের মাঝেমধ্যে আইসিইউ সেবা দিতে হয়। এই বিভাগ চালু হওয়ার পর থেকে শিশু স্বাস্থ্য বিভাগের জটিল রোগীদের এই সেবা দেওয়া সম্ভব হচ্ছে।
শিশু স্বাস্থ্য বিভাগটিতে প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ রোগী থাকে। এর মধ্যে প্রতিদিনই কারও না কারও আইসিইউ–সেবা দরকার হয়। এত দিন এই সেবাটি নিতে বাইরের বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হতো।
শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রণব কুমার চৌধুরী বলেন, ‘আমাদের ১০ শয্যার আইসিইউ সেবা চালু হওয়ার পর থেকে প্রতিদিনই ৮ থেকে ১০ জন রোগী থাকছে। গত এক বছর এক মাসে আমরা সাত শর বেশি রোগীকে আইসিইউতে সেবা দিয়েছি। এর মধ্যে ৬০ শতাংশকে বাঁচানো সম্ভব হয়েছে।’
প্রণব কুমার বলেন, এখানে কোনো খরচ ছাড়ায় এই সেবা পাচ্ছে রোগীরা। কিন্তু বেসরকারি হাসপাতালে নবজাতক কিংবা শিশুদের আইসিইউতে থাকলেও সেখানে খরচ অনেক বেশি। দৈনিক ৮ থেকে ১০ হাজার টাকা গুনতে হয়।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের আইসিইউর প্রতিটি শয্যায় রোগী রয়েছে। কর্তব্যরত চিকিৎসক ও নার্স তাদের সেবায় ব্যস্ত। সার্বক্ষণিক একজন চিকিৎসক ও কয়েকজন নার্স শিশু রোগীদের দেখভাল করছেন। পিএইচপি গ্রুপ চমেক হাসপাতালে এই শিশুদের আইসিইউ ইউনিট চালু করতে সহযোগিতা করেছিল।
ফাতেমা জান্নাত নামে এক অভিভাবক বলেন, ‘আমার চার বছরের ছেলে আরিফুল হক শ্বাসকষ্ট নিয়ে শিশু স্বাস্থ্য বিভাগে ভর্তি হয়েছিল। পরে দেখা গেছে তার কিডনিতে সমস্যা। তখন চিকিৎসকেরা তাকে এখানে (আইসিইউতে) রেখেছেন। এখন সে আগের চেয়ে ভালো আছে।’

চমেক হাসপাতাল ছাড়া বেসরকারিভাবে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, প্রিমিয়ার হাসপাতালের বেবি কেয়ার, ন্যাশনাল হাসপাতাল, রয়েল হাসপাতাল, সার্জিস্কোপ হাসপাতালসহ কিছু প্রতিষ্ঠানে শিশুদের এই আইসিইউ সেবা চালু রয়েছে।
বড়দের আইসিইউ–সংকট: শিশুদের মতো চমেক হাসপাতালে বড়দের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) সেবার জন্যও সাধারণ মানুষ মুখিয়ে থাকে। মাত্র ১০ শয্যার আইসিইউতে জটিল রোগীদের সেবা দেওয়া হয়। চাহিদার তুলনায় শয্যা কম হওয়ার কারণে আইসিইউর জন্য বিভিন্ন ঊর্ধ্বতন মহল থেকেও রোগী ভর্তির তদবির থাকে।
জানতে চাইলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন বলেন, ‘আমাদের আইসিইউ–সেবার জন্য অনেক অনুরোধ থাকে। কিন্তু আমি আমার জোর করে একটি রোগীকে নামিয়ে দিতে পারি না। আর আমাদের এখানে আইসিইউর জন্য কোনো খরচ লাগে না। একইভাবে শিশুদের আইসিইউ সেবাও ভালো।’
চমেক হাসপাতালের বড়দের আইসিইউতে প্রাধান্য পায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা। এরপর যেসব রোগী চমেক হাসপাতালের আইসিইউতে জায়গা না পেয়ে বাইরের কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল, তাদের প্রাধান্য দেওয়া হয়।
জানতে চাইলে চমেক হাসপাতালের অ্যানেসথলজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণয় কুমার দত্ত বলেন, ‘আমাদের এখানে মাত্র ১০টি শয্যা রয়েছে। কিন্তু আমরা পরে আরও দুটি অতিরিক্ত আইসিইউ শয্যা দিয়ে ১২টি আইসিইউ চালাচ্ছি। তবু রোগীর চাপ সামলাতে পারছি না।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, চমেক হাসপাতালের আইসিইউতে রোগীদের ওষুধ এবং খাবারও সরবরাহ করা হয়। তবে যেসব ওষুধ সরকারিভাবে সরবরাহ করা হয় না, তা বাইরে থেকে রোগীর অভিভাবকদের কিনে নিতে হয়।
প্রণয় কুমার দত্ত বলেন, ‘আমাদের আইসিইউতে রোগীদের খরচ নেই। কিন্তু বেসরকারি হাসপাতালে এই সেবা নিতে হলে দিনে গড়ে ১৫ থেকে ৩০ হাজার টাকা খরচ পড়ে।
সরকারি হাসপাতালটির বাইরে আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতাল, মেডিকেল সেন্টার, সার্জিস্কোপ, ম্যাক্স হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতালসহ কয়েকটি বেসরকারি হাসপাতালে আইসিইউ–সেবা রয়েছে।