শিশু শিক্ষার বিকল্প ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা আজকাল আমাদের শিশুরা পাচ্ছে না। এই শিক্ষা পদ্ধতি সংস্কৃতি থেকে তাদের বিযুক্ত করছে। যে শিক্ষার লক্ষ্য শুধু জিপিএ-৫ পাওয়া, সেই শিক্ষায় আর যাই হোক প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব নয়। শিক্ষা ও সংস্কৃতির সমন্বয় ঘটানো প্রয়োজন হয়ে পড়েছে। সমাজ থেকেই এ বিষয়ে প্রবল আন্দোলন গড়ে তুলতে হবে। জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আয়োজিত ‘শিশু শিক্ষার বিকল্প ভাবনা’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে বক্তারা এ কথাগুলো বলেন। সংগঠনের ৬০ বছর পদার্পণ উপলক্ষে ৮ জুলাই প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মুখ্য আলোচক ছিলেন কবি ও প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন। খেলাঘর চট্টগ্রাম মহানগর সহসভাপতি মুনীর হেলালের সঞ্চালনায় এ বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল হক, ও অধ্যাপক গাজী সালেহ উদ্দিন যুগান্তরের ব্যুরো প্রধান জসীম চৌধুরী, কবি ও সাংবাদিক ওমর কায়সার, এসওএস শিশুপল্লির প্রকল্প পরিচালক ফয়জুল কবির, প্রাবন্ধিক মীর আবু সালেহ শামসুদ্দীন, আবুল বাসার সমন্বয়কারী একে ফাউন্ডেশন ও অধ্যাপক উত্তম চৌধুরী। কবি আবুল মোমেনের ‘শিক্ষার শিকড় শিক্ষার শিখর’ শিরোনামে মূল প্রবন্ধটি পড়েন শীলা মোমেন। এর মূল বিষয় ছিল ‘বর্তমান কাঠামোর মধ্যেই প্রাথমিক শিক্ষার অর্থবহ গুণগত উত্তরণের পথ সন্ধান ও প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল শিক্ষায় সাংস্কৃতিক উপাদান সংযোজনের পরিকল্পনা উপস্থাপন।’ আবুল মোমেন বলেন, ‘শিক্ষাব্যবস্থার কারণে এখনকার শিশুরা বিভ্রান্তি নিয়ে বড় হচ্ছে। শিশুদের সঙ্গে বইয়ের যোগাযোগ দিন দিন কমছে। এখন যাঁরা চল্লিশোর্ধ তাঁরা সবাই বই পড়া যুগের মানুষ আর বাকিরা টিভি দেখা, কম্পিউটার দেখা মানুষ। সব শিক্ষার্থীর লক্ষ্য জিপিএ-৫ পেতে হবে। সব কৌশলের সেরা কৌশল পরীক্ষায় ভালো করা। আমাদের যে জ্ঞান তৈরি হচ্ছে তা বিচ্ছিন্ন। ফলে বিদেশিরা যা বলে তাই বিশ্বাস করছি—এ শিক্ষাব্যবস্থা দেশকে ভালোবাসতে শেখায় না। স্বার্থপর হতে শেখায়। ভালো ছাত্ররা বিদেশে চলে যায়।’শীলা মোমেন বলেন, ‘শিক্ষাজীবনে প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এই শিক্ষা বিপথগামী। তার জন্য বড়রাই দায়ী। শিক্ষা থেকে আমরা কি চাই জানি না বলে শিক্ষাটাকে ভুল পথে পরিচালিত করছি। শিক্ষা সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে এগুলো ঘটে চলেছে। শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত সংস্কৃতিবান মানুষ গড়ে তোলা।’ড. মাহবুবুল হক বলেন, ‘আজকাল শিক্ষার চাইতে প্রপাগান্ডা-প্রচার বেশি হচ্ছে। এ বিশ্বায়নের যুগে শিক্ষকের ব্যাপারটা গুরুত্ব দেওয়া প্রয়োজন, না হয় আমরা এগুতে পারব না। ড. গাজী সালেহ উদ্দিন বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থায় ত্রুটি আছে। আমরা শুধু নিজের জন্য ভাবি, নিজের জন্য চিন্তা করি।’ আবুল বশর বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষা প্রাণহীন হয়ে পড়ছে, আমরা কেরানী পাচ্ছি, উদ্ভাবক পাচ্ছি না। শিক্ষা ও সংস্কৃতির সমন্বয় ঘটানো প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু এ আয়োজনটা করবে কে? সমাজ থেকেই এ বিষয়ে প্রবল আন্দোলন গড়ে তুলতে হবে।’ওমর কায়সার বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের দৃষ্টি প্রসারিত করছে না বরং তাদের অন্ধ করে দিচ্ছে।’