
শিশুদের সবজি খাওয়ানো কতটা যে কঠিন কাজ তা অনেক বাবা-মা জানেন। একদল মার্কিন গবেষক এই ঝক্কির কাজকে সহজ করতেই এক অদ্ভুত গবেষণা করেছেন। তাঁরা সম্ভবত আপনাকে একটি খুশির খবরই দিতে যাচ্ছেন। এই গবেষক দল জানাচ্ছে, সবজি কিংবা পুষ্টিকর খাবার খাওয়াতে বাচ্চাদের সামান্য ‘ঘুষ’ দিলেই এই সমস্যার সমাধান সম্ভব!
ঘুষ শব্দটি পড়েই মুখ ফিরিয়ে নেবেন না। কারণ জর্জ লোয়েইস্টেইনের নেতৃত্বে ওই গবেষক দলের দাবি, তাঁরা প্রাথমিক বিদ্যালয়পড়ুয়া কিছু শিশুর ওপর গবেষণা করেছেন। দেখা গেছে, যে বাবা-মা তাঁদের শিশুদের পুষ্টিকর খাবার ও শাকসবজি খাওয়ার সময় ‘পুরস্কার’ হিসেবে কিছু ডলার দেন, সেসব শিশু বেশ আগ্রহ নিয়ে শাকসবজি খায়।
শুধু তা-ই নয়, মজার ব্যাপার হচ্ছে ডলার দেওয়া বন্ধ করার পরও অন্তত দুই মাস পর্যন্ত সে শিশুরা নিজে থেকেই পুষ্টিকর শাকসবজি খেয়েছে। অর্থাৎ, অর্থের বিনিময়ে রীতিমতো শিশুদের খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা সম্ভব হয়েছে।
অবশ্য এই গবেষকদের মূল উদ্দেশ্য শিশুদের ‘ঘুষ’ দিয়ে খাবার খাওয়ানো ছিল না। বরং শিশুদের পুষ্টিকর শাকসবজি ও অর্থের গুরুত্ব বোঝাতেই চালিয়েছেন এই গবেষণা।
সূত্র: সিএনএন