শিশুটিকে ফিরে পেতে চান দিলরুবা
হাসপাতাল থেকে শিশুচোরেরা চুরি করে নিয়ে যাচ্ছিল একটি নবজাতককে। পাচার করার সময় শিশুটির কান্না শুনে মিরসরাইয়ের ওসমানপুর এলাকার লোকজন পাকড়াও করে দুই চোরকে। উদ্ধার হওয়া ১০ দিন বয়সের নবজাতকের অবস্থা বেশ খারাপ ছিল তখন।স্থানীয় গণ্যমান্য লোকজন শিশুটি লালন-পালনের দায়িত্ব দেন জোরারগঞ্জ জেবি উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী দিলরুবা আক্তারকে। অসুস্থ শিশুটিকে মায়ের যত্ন দিয়ে সুস্থ করে তোলেন দিলরুবা। ধীরে ধীরে শিশুটি পরিবারের সবার পরম আদরের হয়ে উঠছিল। মাতৃত্বের প্রগাঢ় অনুভূতি আচ্ছন্ন করছিল দিলরুবাকে। ঠিক এই সময় আদালতের নির্দেশে শিশুটিকে দিয়ে দেওয়া হলো আরেক নিঃসন্তান দম্পতিকে। দিলরুবা এই হস্তান্তর প্রক্রিয়ার কিছুই জানতেন না। শিশুটির বিষয়ে কথা বলার জন্য থানায় ডাকা হয় তাঁকে। তারপর আদালতের রায় দেখিয়ে শিশুটিকে তুলে দেওয়া হয় এক নিঃসন্তান দম্পতিকে। ২১ সেপ্টেম্বর মিরসরাই থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতিতে ওই শিশুকে হস্তান্তর করা হয়। দিলরুবা আক্তারের আহাজারিতে থানার পরিবেশ ভারী হয়ে ওঠে।দিলরুবা অভিযোগ করেন, শিশু হস্তান্তর অথবা এই শিশুটিকে অন্য কাউকে দিয়ে দেওয়া হবে—এসব কোনো প্রক্রিয়াই তাঁকে জানানো হয়নি। বরং গত বুধবার মিরসরাই থানার কর্মকর্তারা এবং কোর্টের জিআরও দিলরুবার বাড়িতে গিয়ে জানান, শিশুটি তাঁকে দিয়ে দেওয়া হবে। এ বিষয়ে কথা বলতে তাঁকে মিরসরাই থানায় যেতে হবে। কিন্তু থানায় গিয়ে দেখা যায়, কসবার এক দম্পতিকে ওই শিশুটি হস্তান্তরের জন্যই তাঁকে কৌশলে থানায় আনা হয়েছে। এ সময় তিনি কাকুতি-মিনতি করে কান্নাকাটি করলেও কোর্টের নির্দেশের অজুহাত দেখিয়ে শিশুটিকে হস্তান্তর করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৩ জুলাই অর্জুন দত্ত ও রাজীব দত্ত নামের দুই শিশুচোরের কাছ থেকে উদ্ধার করে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা নবজাতকটিকে দিলরুবা আক্তারের জিম্মায় লালন-পালন করতে দেন। সেই থেকে ২১ সেপ্টেম্বর হস্তান্তরের আগমুহূর্ত পর্যন্ত শিশুটির লালন-পালন করেন দিলরুবা আক্তার। দিলরুবার আরও দুই মেয়ে ও এক ছেলে থাকলেও এই শিশুটিকে সবাই আপন করে নিয়েছিল বলে জানা গেছে।জানা গেছে, এ ঘটনায় থানার উপপরিদর্শক মো. নাজির আলম বাদী হয়ে একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেওয়ার সময় নবজাতকটিকে লালন-পালনের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আবেদন জানান। চট্টগ্রামের মিরসরাই আদালতের জিআরও মো. ফারুক জানান, নবজাতকটিকে স্থায়ীভাবে লালন-পালনের জন্য কুমিল্লার কসবা উপজেলার দিশারাবাড়ি গ্রামের নিঃসন্তান দম্পতি মো. জাহাঙ্গীর মিয়া ও কমলা বেগম ১৮ সেপ্টেম্বর আদালতে আবেদন করেন। ২০ সেপ্টেম্বর আদালত শুনানি শেষে ওই শিশুটিকে তিন বছরের জন্য তাঁদের কাছে হস্তান্তর করার রায় দেন। এদিকে ২১ সেপ্টেম্বর শিশুটিকে হস্তান্তরের জন্য থানায় নিয়ে আসা হলে শিশুটির পালক মা দিলরুবা আক্তারের আহাজারিতে থানার পরিবেশ ভারী হয়ে ওঠে। দিলরুবা আক্তার অভিযোগ করেন, আদালতে অভিযোগপত্র দাখিল ও রায়ের প্রক্রিয়ার পুরো বিষয়টি পুলিশ তাঁদের কাছে গোপন রেখেছিল। শিশুটি উদ্ধারের পর মিরসরাই থানায় যে মামলা হয়, সেই মামলার বাদী ছিলেন মিরসরাই থানার উপপরিদর্শক মো. নাজির আলম। তিনিও প্রথম আলোর কাছে স্বীকার করেন, তাঁকেও বাচ্চাটি হস্তান্তরের বিষয়ে কিছুই জানানো হয়নি। স্থায়ী লালন-পালনের জন্য দিলরুবাকে মানবিক কারণে হলেও অগ্রাধিকার দেওয়া উচিত ছিল বলে নাজির আলম মনে করেন।২৩ সেপ্টেম্বর দিলরুবা আক্তারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কাঁদতে কাঁদতে জানান, শিশুটিকে ফেরত না পেলে তিনি বাঁচবেন না। তিনি আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেবেন বলেও জানান। তিনি আজ রোববার আদালতের ওই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।মিরসরাই থানার উপপরিদর্শক ও ওই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মহসিন প্রথম আলোকে জানান, তিনিও জানতেন না যে ২১ সেপ্টেম্বর শিশুটিকে হস্তান্তর করা হবে। কারণ, কোর্টের জিআরও ফারুক তাঁকে (মো. মহসিন) ওই শিশুসহ দিলরুবাকে থানায় হাজির করতে বলেছিলেন। থানায় হাজির করার পর জিআরও ফারুক কোর্টের রায় দেখিয়ে শিশুটি হস্তান্তর-প্রক্রিয়া সম্পন্ন করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন শিশুটিকে আদালতের নির্দেশে হস্তান্তরের বিষয়টি স্বীকার করে বলেন, জেলা সমাজসেবা কর্মকর্তার নির্দেশে শিশুটি হস্তান্তরের সময় তিনি থানায় উপস্থিত ছিলেন।