
ছবির নাম অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর৷ বাবার হাত ধরে যখন সিনেমা হলের দিকে যাচ্ছি, ভেতরে ভেতরে ভীষণ রোমাঞ্চ কাজ করছিল৷ করবে না-ই বা কেন, রবার্ট স্টিভেনসন পরিচালিত এই ছবিই পেক্ষাগৃহে দেখা আমার প্রথম চলচ্চিত্র৷ আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়ি৷ মনে আছে, বাবার সঙ্গে আমরা সব ভাইবোন মিলে হইহুল্লোড় করতে করতে ছবিটা দেখতে গিয়েছিলাম৷ এত দিন পর, ছবির গল্প ঠিক মনে নেই৷ তবে সেদিনের সেই রোমাঞ্চ ঠিকই মনে আছে! এর কিছুদিন পরই দেখেছিলাম ওয়ান মিলিয়ন ইয়ার্স বিসি৷ দিনে দিনে আরও কত সিনেমা দেখার সুযোগ হয়েছে৷ কিন্তু অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর-এর সঙ্গে অন্য কোনো ছবিরই তুলনা চলে না৷
প্রিয় ছবির কথা বলতে গেলে তিনটি সিনেমার কথা বলতেই হয়৷ শঙ্খনীল কারাগার, আগুনের পরশমনি আর মুক্তির গান৷ আগুনের পরশমনি আর মুক্তির গান-দুটিই মুক্তিযুদ্ধের ছবি৷ ছবি দেখতে দেখতে কখনো চোখ ভিজে গেছে, কখনো গর্বে মাথা উঁচু হয়েছে৷ কখনো মনে হয়েছে, পর্দায় নয়, ঘটনাগুলো যেন আমার চোখের সামনেই ঘটছে! বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব কটি ছবির সঙ্গেই আমাদের অনেকখানি আবেগ জড়িত৷ তাই এ ধরনের ছবিগুলো সব সময়ই পছন্দের তালিকায় ওপরের দিকে থাকে৷
এ ছাড়া প্রিয় চলচ্চিত্রের মধ্যে আছে জেমি উইস পরিচালিত দ্য গডস মাস্ট বি ক্রেজি৷ আদিবাসী বুশম্যান ও আধুনিক সমাজকে উপজীব্য করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি৷ দক্ষিণ আফ্রিকার কমেডি ধাঁচের এই ছবি দারুণ লেগেছিল! আরেকটি প্রিয় চলচ্চিত্র গ্যারি মার্শালের রোমান্টিক কমেডি ধারার ছবি প্রিটি উইমেন৷ রবার্ট ওয়াইজের দ্য সাউন্ড অব মিউজিক যখন প্রথম দেখলাম, ছবিটি ভীষণ মুগ্ধ করেছিল! দ্য সাউন্ড অব মিউজিক মূলত সংগীতধর্মী চলচ্চিত্র৷ ছবির গানগুলো এত সুন্দর, ভালো না লেগে উপায় নেই৷ চলচ্চিত্র পরিচালক ব্লেইক এডওয়ার্ডসের ব্রেকফাস্ট অ্যাট টিফানিসও বেশ ভালো লেগেছে৷ ভালো লেগেছে গ্যারি মার্শালের রানওয়ে ব্রাইড৷

গত বছরে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে রিতেশ বাত্রার দ্য লাঞ্চবক্স ছবিটি ভীষণ ভালো লেগেছে৷ ছবির গল্প অন্য রকম৷ জীবনের টানাপোড়েন ছবিতে ফুটে উঠেছে৷ ইরফান খানের অভিনয় সব সময়ই ভালো লাগে, তবে এই ছবিতে তিনি বোধ হয় নিজেকেও ছাড়িয়ে গেছেন৷ আরেকটা প্রিয় চলচ্চিত্র, বলিউডের থ্রি ইডিয়টস৷ ছবিটার নির্মাণশৈলী আর গল্প সত্যিই অসাধারণ! রাজকুমার হিরানি খুবই গুণী পরিচালক৷ ছবির সংলাপগুলো যেমন হাস্যরসাত্মক, তেমনি মনে দাগ কাটার মতো৷ ছবিতে আমির খানসহ প্রত্যেকের অভিনয়ই মুগ্ধ হয়ে দেখেছি৷
অনেকে জেনে হয়তো অবাক হবেন, শিশুতোষ ছবিও আমি খুব আনন্দ নিয়ে দেখি৷ সারা দিন এত ব্যস্ততা, সব সময়ই কাজের চাপে থাকি৷ তবু একটু অবসর পেলে যখন বাচ্চাদের জন্য তৈরি নির্মল আনন্দের কোনো ছবি দেখি, মনটা ভালো হয়ে যায়৷ ইদানীং হলিউড চমৎকার সব অ্যানিমেটেড ছবি নির্মাণ করছে৷ ছবিগুলো খুবই মজার, কিন্তু ছবির ভেতরে একটা বক্তব্যও থাকে৷ বাচ্চারা যেমন মজা পায়, তেমন কিছু শিখতে পারে৷ এ ধরনের বেশ কিছু ছবি দেখেছি৷ তবে আপ, ডেসপিক্যাবল মি আর র্যাঙ্গো বেশি প্রিয়৷
অনুলিখন: সুচিত্রা সরকার