দীঘিনালার দুর্গম বব্রুবাহন কারবারিপাড়ার শিশুদের বিস্ময়ের শেষ নেই। তাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন জেলা প্রশাসক। মাথায় পরিয়ে দেবেন মুকুট। এমনটা যে বাস্তবে ঘটবে, এটা বিশ্বাস হচ্ছিল না বব্রুবাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। কিন্তু গত বৃহস্পতিবার সত্যিই তা-ই ঘটল। খুশিতে আত্মহারা শিশুদের কাছে এটি বিশেষ দিন হয়েই রইল।শিশুদের বিদ্যালয়মুখী করতে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া ২৪ শিক্ষার্থীর হাতে ফুল তুলে দেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মাসুদ করিম। এ সময় শিশুদের মাথায় কাগজের মুকুট পরিয়ে দেওয়া হয়।গ্রামের বাসিন্দার এই উদ্যোগকে স্বাগত জানান। প্রথম শ্রেণীর শিক্ষার্থী অণু রানী ত্রিপুরা ও সজীব চাকমা ফুল পেয়ে খুব খুশি। খুশিতে ডগমগ হয়ে তারা বলে, তাদের মাথায় মুকুট পরিয়ে ও ফুল দিয়ে স্যার বরণ করেছেন। তাদের খুব খুশি লাগছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিজয় ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষার পরিচালক বিনোদন ত্রিপুরা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার দে।