বিকেল গড়াতেই মুখর হয়ে উঠল মুসলিম হল প্রাঙ্গণ। চারদিকে খুদে শিল্পীদের পদচারণ, হই-হুল্লোড়। আনন্দ আয়োজনে মেতে ওঠে শিশুরা। ১৭ জানুয়ারি নীহারিকা কিশোর থিয়েটারের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক উৎসবের।
তিন পর্বের অনুষ্ঠানে শুরুতে ছিল আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।
সন্ধ্যা সাড়ে ছয়টায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন নীহারিকা কিশোর থিয়েটারের কেন্দ্রীয় পরিচালক এ টি এম আব্দুল গফুর ও শিক্ষাবিদ রেজাউল হক চৌধুরী। নীহারিকা কিশোর থিয়েটারের পরিচালক রিদুয়ানুল কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। আলোচনা সভা সঞ্চালন করেন আবৃত্তিকার শফিউল আজম।
সভা শেষে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ আয়োজনে খুদে শিল্পীরা একে একে পরিবেশন করে দেশের গান, জাগরণী গান, আবৃত্তি ও কৌতুক। শেষ পর্বে ছিল মঞ্চনাটক। একটু মেঘের ছায়া নামের এ নাটকটির নির্দেশনায় ছিলেন শিবলী মাহমুদ। নাটকে ফুটে ওঠে শিশুদের বঞ্চনার কাহিনি। দেখা যায়, সমাজের উঁচু শ্রেণীর মানুষগুলো শিশুদের জন্য যে অনুদান দেন তা একশ্রেণীর মানুষ আত্মসাৎ করে।
শেষ পর্যন্ত অসহায় শিশুদের কাছে এসব অনুদান পৌঁছায় না। ভাগ্য ফেরে না বঞ্চিতদের। শেষে শিশুদের জন্য সুন্দর একটি দেশ গড়ার প্রত্যয়ের মাধ্যমে শেষ হয় নাটক।