শিশুদের আনন্দে ভাসালো শিক্ষা ও সংস্কৃতি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলকির সমন্বিত শিক্ষা সংস্কৃতি কার্যক্রমের আয়োজনে ২৮ মার্চ নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী শিক্ষা ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে আটটি বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। শোভাযাত্রা, ঢোলবাদন, পুতুলনাচ, ব্রতচারী নৃত্য, বিজ্ঞান মেলা, নাটক, শিশুদের আঁকা ছবির প্রদর্শনী ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় জমজমাট হয়ে ওঠে উৎসব। সকাল নয়টায় মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়। বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সমন্বিত শিক্ষা সংস্কৃতি কার্যক্রমের প্রধান নির্বাহী কবি ও সাংবাদিক আবুল মোমেন। তাঁর সঙ্গে ছিলেন আটটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা। উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ ছিল ঢোলবাদন। বাবুল জলদাস ও তাঁর দলের উদ্দাম ঢোলের বোল পরিবেশকে সত্যিকার অর্থেই উৎসবমুখর করে তোলে। এরপর শিশুদের মনোজ্ঞ ব্রতচারী নৃত্য নজর কাড়ে সবার। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় আবুল মোমেন বলেন, ‘শিশুশিক্ষাকে আনন্দময় ও সৃজনশীল করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’ আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, চট্টগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জলি মজুমদার, সহপ্রধান শিক্ষক অঞ্চল চৌধুরী, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষিকা নাজনীন আক্তার হক, জেএম সেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, ন্যাশনাল প্রাইমারি স্কুলের শিক্ষিকা দিপালী প্রভা ধর, ফুলকি সহজপাঠের সহপ্রধান শিক্ষিকা সৈয়দা সাজেদা বেগম ও সমন্বিত শিক্ষা সংস্কৃতি কার্যক্রমের কর্মসূচি সমন্বয়কারী রাশেদ হাসান। সঞ্চালনায় ছিলেন সমন্বিতের প্রকাশনা সমন্বয়কারী সোমা বড়ুয়া। এরপর আটটি স্কুলের শিক্ষকদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন আবুল মোমেন। আলোচনা পর্ব শেষে আটটি বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীরা সমবেত গান, বৃন্দ আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় আগ্রাবাদ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়, প্রবর্তক বিদ্যাপীঠ, জেএম সেন বিদ্যালয়, ন্যাশনাল প্রাইমারি স্কুল, দক্ষিণ পশ্চিম বাকলিয়া বিদ্যালয়, চট্টগ্রাম কলেজিয়েট ও ফুলকির সহজপাঠ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।মধ্যাহ্ন বিরতির পর ছিল পুতুলনাচ। পুতুলনাচ পরিবেশন করে ঢাকার এডুকেশনাল পপেট ডেভেলপমেন্ট সেন্টার। পুতুল (পাপেট) চরিত্র গিট্টুকে মঞ্চে দেখেই আনন্দে ফেটে পড়ে শিশুরা। পুতুলনাচের বিশেষ পরিবেশনা ছিল কাজী নজরুল ইসলামের ‘লিচু চোর’ কবিতা ও মুক্তিযুদ্ধ বিষয়ে। বিকেলের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয় বোধন আবৃত্তি পরিষদ, খেলাঘর, প্রমা আবৃত্তি সংগঠন, সোনারতরী, শিশু একাডেমী ও ফেইম কিডস কালচারাল ইনস্টিটিউট।বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা হাঁস ও মুরগির সমন্বিত চাষ, মিশ্র চাষ, প্রাকৃতিক রেফ্রিজারেটর, গ্রিন হাউস প্রতিক্রিয়া ও ওষুধি বৃক্ষের পরিচিতি তুলে ধরে। চিত্র প্রদর্শনীতে আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা প্রায় ১৭০টি ছবি প্রদর্শিত হয়।