শিশুদের ঘুমের সময়

‘কত রাত ঘুমাই না! শেষ কবে ঘুমিয়েছি, মনে করতে পারছি না!’
আনন্দ, উচ্ছ্বাস আর ভালো লাগার অনুভূতি তো আছেই; পাশাপাশি নবজাতক শিশুর মা-বাবার কাছ থেকে এই অভিযোগ অবশ্যই শুনবেন। প্রতিটি শিশুই আলাদা। তাদের ঘুম, খাওয়ার অভ্যাসও কিন্তু আলাদা। অনেক শিশুই আছে, যারা রাতে ঘুমায় না। অনেকে আবার পাঁচ ঘণ্টার টানা ঘুমে রাত কাবার করে দেয়। শিশুদের ২৪ ঘণ্টায় কতক্ষণ ঘুমানো উচিত, কীভাবে ঘুম পাড়াবেন—প্রথম থেকেই এ বিষয়গুলো জানা থাকলে সুবিধা। কারণ, নবজাতক একটু ঘুমালে নতুন হওয়া মায়েরও বিশ্রাম নেওয়ার সুযোগ তৈরি হয়।
মানসিক ও শারীরিকভাবে বেড়ে ওঠার জন্য শিশুদের দরকার পরিমিত ঘুম। তবে প্রথম তিন মাস খিদে, ডায়াপার বদলানো কিংবা শারীরিক কোনো অসুবিধার কারণে একনাগাড়ে অনেক শিশুই ঘুমায় না। কিছুক্ষণ পরপরই ঘুম ভেঙে যায়। বিশেষজ্ঞরা মনে করেন, তিন মাস পর থেকে শিশুদের জন্য একটা নির্দিষ্ট ঘুমের সময় ঠিক করে ফেলা ভালো। কাজটি অবশ্যই কষ্টকর। কিন্তু একবার যদি শিশুর ঘুমের সময় ঠিক করে ফেলা যায়, তাহলে সেটা আপনার জন্য আনন্দের সংবাদ হবে। সাধারণত দিনের মধ্যে একটা সময় থাকে, যখন আপনার শিশু টানা চার-পাঁচ ঘণ্টা ঘুমাবে। তবে সব শিশুই যে ঘুমাবে তা নয়। শিশুদের ঘুম পাড়ানোর কায়দাও কিন্তু ভিন্ন। প্রথম কয়েকটা দিন একটু ধৈর্য ধরে খেয়াল করলেই বুঝে যাবেন, আপনার শিশু কী চাইছে। প্রথম কয়েকটা দিন শিশুকে আরাম, স্বস্তি দেওয়ার চেষ্টা করুন।
তিন মাস পর বাচ্চার জন্য একটি রুটিন করার চেষ্টা করুন। ঘুমের জন্য নির্দিষ্ট সময়ের আগে গোসল করাতে পারেন, পাল্টে দিতে পারেন পোশাক, আঁচড়ে দিতে পারেন চুল, গান গেয়ে শোনানো যায়, ঘরের আলো কমিয়ে দিন। ঘুমের আগে পরপর কয়েক দিন কাজগুলো করলে সে-ও বুঝতে পারবে এখন ঘুমের সময় হয়েছে। সাধারণত ছয় মাস পর থেকে শিশুরা রাতের বেলায় কিছুটা সময় ধরে ঘুমায়। রাতে বুকের দুধ খাইয়ে ঘুম পাড়ানোর অভ্যাস থাকলে সেটা এ সময়ে ছেড়ে দেওয়া ভালো।
নিচে শিশুদের ঘুমের একটি ছক দেওয়া হলো—
| বয়স | দিনের বেলায় ঘুম | রাতের বেলায় ঘুম | মোট ঘুমের সময় |
| সদ্য নবজাতক | ৮ ঘন্টা ঘুমানো দরকার। ২–৩ বারে সময় ভাগ করে মোট ৮ ঘন্টা ঘুমাবে শিশু। | ৮ ঘন্টা ৩০ মিনিট | ১৬ ঘন্টা ৩০ মিনিট |
| ১–৩ মাসের শিশু | ৭ ঘন্টার ঘুম (৩ বার) | ৮–৯ ঘন্টা | ১৪–১৬ ঘন্টা |
| ৩–৬ মাসের শিশু | ৪–৫ ঘন্টার ঘুম (৩ বার) | ১০–১১ ঘন্টা | ১৪–১৬ ঘন্টা |
| ৬–৯ মাসের শিশু | ৩ ঘন্টা ( ৩ বার) | ১১ ঘন্টা | ১৪ ঘন্টা |
| ৯–১২ মাসের শিশু | ২ ঘন্টা ৩০ মিনিট (২ বার) | ১১ ঘন্টা | ১৩ ঘন্টা ৩০ মিনিট |
| ১২ মাসের শিশু | ২ ঘন্টা ৩০ মিনিট (২ বার) | ১১ ঘন্টা | ১৩ ঘন্টা ৩০ মিনিট |