শিশুদের টিভি কম দেখার সুফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেসব শিশু টিভি বা কম্পিউটারের সামনে কম সময় কাটায়, তাদের ঘুম বেশি পায়, শারীরিক গঠন হালকা-পাতলা থাকে। ছবি: এএফপি
যেসব শিশু টিভি বা কম্পিউটারের সামনে কম সময় কাটায়, তাদের ঘুম বেশি পায়, শারীরিক গঠন হালকা-পাতলা থাকে। ছবি: এএফপি

টেলিভিশন বা কম্পিউটারের পর্দার সামনে বেশি সময় কাটানোর সঙ্গে শিশুদের কম ঘুমানো, মুটিয়ে যাওয়া, খারাপ আচরণ এবং স্কুলে খারাপ ফলাফলের সম্পর্ক রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বলে আজ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি মেইল।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছ, যেসব শিশু টিভি বা কম্পিউটারের সামনে কম সময় কাটায়, তাদের ঘুম বেশি পায়, শারীরিক গঠন হালকা-পাতলা থাকে, স্কুলে তাদের ফল ভালো হয় এবং তাদের আচরণও ভালো। ‘জেএএমএ নেটওয়ার্ক’ জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া ও মিনেসোটার ১ হাজার ৩০০ স্কুলপড়ুয়া শিশুর দৈনন্দিন অভ্যাসের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে গবেষণাটি পরিচালিত হয়। এ ছাড়া শিশুদের প্রাথমিক সেবাদানকারী ও শিক্ষকদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে। মূলত ‘ওবেসিটি’ বা মুটিয়ে যাওয়া প্রতিরোধ প্রকল্পের অংশ হিসেবে এই তথ্য সংগ্রহ করা হয়েছিল। 

গবেষণায় নেতৃত্ব দেওয়া আইওয়া স্টেট ইউনিভার্সিটির ডগলাস জেনটিল জানিয়েছেন, ফলাফলে দেখা গেছে, মা-বাবা নজরদারি বাড়ালে টিভি বা কম্পিউটারের সামনে শিশুদের সময় কাটানোর মাত্রা কমে। এতে শিশুদের ঘুম আসার প্রবণতা বাড়ে। তারা স্কুলে ভালো করে। এ ছাড়া তাদের আগ্রাসী আচরণও কমে।

ডগলাস জেনটিলের ভাষ্য, মা-বাবার পর্যাপ্ত দেখভালের ফলে শিশুরা টেলিভিশন ও ভিডিও গেমসে কম সহিংসতা দেখে। এর প্রভাব পড়ে তাদের আচরণে। তাদের ইতিবাচক আচরণ বাড়ে, কমে আগ্রাসী আচরণ।