শিশুদের দেখভালে নেই প্রাতিষ্ঠানিক কাঠামো
জাতীয় শিশুনীতি ২০১১ অনুযায়ী, দেশে ১৮ বছরের কম বয়সের জনসংখ্যা ছয় কোটি ৩০ লাখ। তবে এই বিরাট জনগোষ্ঠীর দেখভালের জন্য দেশে কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। শিশুদের জন্য আলাদা অধিদপ্তর করার পরিকল্পনা থেকেও সরকার সরে এসেছে। শিশুদের জন্য ন্যায়পাল নিয়োগ, আলাদা কমিশন গঠন-প্রক্রিয়ায় সরকার এখনো হাত দেয়নি।ন্যায়পাল/ স্বাধীন শিশু অধিকার কমিশন: বিএনপির নেতৃত্বাধীন বিগত জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিশুদের জন্য স্বাধীন ন্যায়পাল প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব অনুমোদন করেন। শিশু অধিকার সনদ ও ১৯৮০ সালের ন্যায়পাল আইন অনুসারে এ প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।ন্যায়পাল-সংক্রান্ত ধারণার জন্য জোট সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ইউরোপের তিনটি দেশ—ফ্রান্স, সুইডেন ও নরওয়ে সফর করে। তবে ২০০৬ সালে শিশুদের জন্য ন্যায়পাল নিয়োগ-সংক্রান্ত আইনের খসড়া তৈরির পর মন্ত্রিপরিষদ এটি পর্যালোচনা করলেও অনুমোদন করেনি। তারপর আর কোনো অগ্রগতি নেই।এ বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলছেন, বর্তমান সরকারের আমলে আগের খসড়াটি নিয়ে আর কোনো কাজ হয়নি। তবে জাতীয় শিশুনীতি ২০১১-তে ন্যায়পাল নিয়োগের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। এ নীতিতে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে আইনের মাধ্যমে শিশুদের জন্য ন্যায়পাল নিয়োগ দেওয়া হবে। এ ন্যায়পাল জাতীয় কর্মসূচিতে শিশুদের অধিকার ও কল্যাণ অব্যাহত রাখার ক্ষেত্রে এবং সিআরসি বাস্তবায়ন পর্যবেক্ষণে ভূমিকা রাখবে। তবে এ শিশুনীতি বাস্তবায়নে সরকার এখনো কর্মকৌশল তৈরি করতে পারেনি। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহায়তায় শিশুবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা (২০০৫-২০১০) কতটুকু বাস্তবায়িত হয়েছে, তা পর্যালোচনা করে ২০১০ সালে। এই পর্যালোচনায় বিভিন্ন দুর্বলতার পাশাপাশি শিশুদের জন্য ন্যায়পাল না থাকায় শিশুবিষয়ক কর্মকাণ্ডে নজরদারির অভাবের কথা বলা হয়েছে।আলাদা অধিদপ্তর নেই: সরকারের সিআরসি বাস্তবায়ন-বিষয়ক পঞ্চম প্রতিবেদনে শিশুদের জন্য আলাদা অধিদপ্তর বা উইং প্রতিষ্ঠা করতে না পারার ব্যর্থতার কথা অকপটে স্বীকার করেছে সরকার। তবে যুগ্ম সচিবকে প্রধান করে মন্ত্রণালয়ে শিশু শাখা তৈরি এবং নতুন উপপরিচালকের পদ তৈরি ও নিয়োগ দেওয়ার কথা বলেছে সরকার। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মহিলা অধিদপ্তরের মতো শিশুদের জন্যও আলাদা অধিদপ্তর থাকতে হবে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, শিশুদের জন্য আলাদা অধিদপ্তর না করে মহিলা অধিদপ্তরের মধ্যে শিশুদের কিছু বিভাগ যুক্ত করে মহিলা ও শিশু অধিদপ্তর গঠন করা যায় কি না, তা নিয়ে মন্ত্রণালয় পর্যালোচনা করছে।