শিশুদের নাটকে মুগ্ধ বাঘাইছড়ির দর্শকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চম্পক নগরের বাদশা দরিদ্র ঘরের সন্তান জাফর আলীকে লালন-পালন করেন। বড় হলে জাফরকে দেশের সেনাপতির দায়িত্বভার দেন বাদশা। কিন্তু সেনাপতি জাফরের মনে ক্ষমতা দখলের লোভ। তাই যুবরাজ মাহবুব ও উজিরপুত্র একরামকে দেশ থেকে বিতাড়িত করেন তিনি। কিন্তু শেষরক্ষা হয় না। যুবরাজ মাহবুব ও উজিরপুত্র একরাম একজোট হয়ে আক্রমণ করেন জাফরকে। দীর্ঘ যুদ্ধে পরাজিত হন জাফর।
খোদা মেহেরবান নাটকের মূল কাহিনি এমনই। পশ্চিম বড়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম বড়াদম উচ্চবিদ্যালয়ের ২৮ জন খুদে অভিনেতা-অভিনেত্রী অভিনীত এই নাটক দেখে মুগ্ধ বাঘাইছড়ির দর্শক। নাটকটি নির্দেশনায় ছিলেন মিঠুন চাকমা। ১৩ মার্চ রাত ১০টায় উপজেলা রুপকারী ইউনিয়নের একটি মাঠে খোদা মেহেরবান নাটকটি মঞ্চস্থ হয়। শিক্ষক অমর শান্তি চাকমার বিদায় ও বার্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ এই নাটক চলে প্রায় সারা রাত। তবে নাটকের বিভিন্ন পর্বের ফাঁকে ফাঁকে ছিল শিশুদের নাচ পরিবেশনা।
খোদা মেহেরবান নাটকের বিভিন্ন চরিত্রে ক্রমিক চাকমা, কৃপা চাকমা, ভূমিকা চাকমা, যুগেস্কর চাকমার অভিনয় দর্শকের মন কেড়েছে। সারা রাত হাজারও শ্রোতাকে মুগ্ধ করে রেখেছিল শিশুরা। নাটকের নির্দেশক মিঠুন চাকমা বলেন, শিশুরা যেভাবে সারা রাত অভিনয় করেছে, তা এক কথায় অসাধারণ!’ পশ্চিম বড়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব চাকমা বলেন, অমর শান্তি স্যার পশ্চিম বড়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষকতা করেছেন। কিছুদিন আগে তিনি অবসরে গেছেন। শিশুদের তিনি নাচ, গান ও অভিনয় শিখিয়েছেন।