শিশুদের নিয়ে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিস্টিক শিশুদের আঁকা ছবি দিয়ে শিশুদের ফ্যাশন হাউস শৈশব তৈরি করেছে রকমারি পোশাক। আর সেসব পোশাক নিয়েই হয়ে গেল এক দারুণ আয়োজন। ১ ডিসেম্বর ঢাকার গুলশানের ক্যাডেট কলেজ ক্লাবে তারা আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আয়োজন করে পুরস্কার বিতরণ, ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে ১২ জন অটিস্টিক শিশুর আঁকা বিভিন্ন ধরনের ছবি পোশাকে তুলে ধরা হয়।অনুষ্ঠানে শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আট বছরের অটিস্টিক শিশু ইরতিজা মুস্তাকিমকে পুরস্কার তুলে দিয়ে অভিনেতা আফজাল হোসেন বলেন, ‘আমরা সবাই বলি, আমরা বড় হয়েছি কিন্তু কোথায় বড় হয়েছি, তা আমরা নিজেরাও জানি না।’ সংগীতশিল্পী শাকিলা জাফর প্রথম শ্রেণীর অনিক রায়কে পুরস্কার তুলে দিয়ে তার মা-বাবা ও শিক্ষকদের ধন্যবাদ জানান।এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম জুনায়িদ ওয়াসিফকে পুরস্কার দিয়ে তাঁর এভারেস্ট বিজয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এভারেস্ট বিজয়ের পর প্রথমেই আমার মনে হয়েছে দেশের কথা। আমার পাখির মতো ডানা থাকলে তখনই উড়ে দেশে চলে আসতাম।’ অনুষ্ঠানে নাচ ও আবৃত্তি পরিবেশন করা হয়। ব্যান্ডসংগীতশিল্পী নকিব খান ও পিলু খান গান পরিবেশন করেন। তাঁরা অটিস্টিক শিশু তারভীর আনজুম আবীর ও প্রীতম মজুমদারকে পুরস্কার দেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান আট বছরের তামীম ইবনে আরিছকে পুরস্কার দিয়ে বলেন, ‘পৃথিবীর অনেক বড় একজন বিজ্ঞানী স্টিফেন হকিন্স অটিস্টিক। এদের মধ্যে যে কেউ স্টিফেন হকিন্স হবে না, সেটা কেউ বলতে পারে না।’ ইশমাম আর-রশীদ, আদিবা ইবনাত, সুমাইয়া মাহবুব, মো. সৌমিক আওলাদ, সিয়াম হাবীব হোসেনকে পুরস্কার দেন জাদুকর দম্পতি জুয়েল আইচ ও বিপাশা আইচ, সাংবাদিক মুন্নি সাহা, ক্রীড়াতারকা জোবেরা রহমান নীলু, ইউনিসেফ বাংলাদেশের অনুষ্ঠানপ্রধান সাইদুল হক ও শৈশবের পরিচালক মাহফুজ রহমান।অনুষ্ঠানে শৈশবের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা ফারুক বলেন, ‘অটিস্টিক শিশুদের আঁকা ছবি দিয়ে পোশাক বিক্রির ১০ শতাংশ তাদের পড়াশোনার খরচের জন্য দেওয়া হবে।’