বাইরে খেতে গেলে অনেক সময় পরিবারের ছোট সদস্যদের নিয়ে ঝামেলা পোহান অভিভাবকেরা। এটা খাবে তো ওটা খাবে না। দুই দণ্ড শান্তিতে বসে খাওয়াদাওয়ারও উপায় আছে বাবা-মায়ের? শিশুকে সামলাবেন না নিজেরা খাবেন?
আজকাল নগরের বেশ কিছু রেস্তোরাঁ এমন সমস্যার কথা মাথায় রেখে শিশুদের জন্য কিডস কর্নার চালু করেছে। তবে এদিক দিয়ে এগিয়ে আছে জিইসির মোড়ের সুগারবান রেস্তোরাঁ। এই রেস্তোরাঁয় কিডস কর্নারের পাশাপাশি শিশুদের জন্য বিশেষ খাবারের পদও চালু হয়েছে।
মালয়েশিয়ার বিখ্যাত সুগারবান রেস্তোরাঁর এই ফ্র্যাঞ্চাইজির কিডস কর্নারে শিশুদের জন্য সাত ধরনের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। এ কারণে ঝামেলামুক্ত থেকে খাওয়াদাওয়া করতে অনেক অভিভাবকই এই রেস্তোরাঁ বেছে নিচ্ছেন।
সম্প্রতি নগরের জিইসির মোড় এলাকার ওয়েলফুড সেন্টারের দ্বিতীয় ও তৃতীয় তলাজুড়ে অবস্থিত সুগারবান রেস্তোরাঁয় গিয়ে দেখা গেছে জমজমাট পরিবেশ। শিশুদের খেলতে পাঠিয়ে নিশ্চিন্তে খাওয়া ও আড্ডায় মেতেছেন অভিভাবকেরা। রেস্তোরাঁর ব্যবস্থাপক শহীদুল ইসলাম বলেন, ২০০৪ সালের ৩১ ডিসেম্বর চালু হওয়া এই রেস্তোরাঁ ভোজনবিলাসীদের কাছে ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে এই রেস্তোরাঁয় একসঙ্গে বসে খেতে পারে ১৪০ জন। চালুর পর থেকে এই পর্যন্ত পদের সংখ্যা বাড়লেও কমেনি খাবারের গুণগত মান।
কিডসমিল: রেস্তোরাঁয় ৩১০ টাকা থেকে শুরু করে ৩৪৫ টাকার মধ্যে রয়েছে চার ধরনের কিডস মিল। ওয়েল ফুডের এইচআর এক্সিকিউটিভ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ব্রোস্ট চিকেন, আমের জুস, চিকেন বার্গার দিয়ে এসব সেট মেন্যু তৈরি করা হয়েছে।
ফিশফিলেওব্রোস্টচিকেন: এখানকার ব্রোস্ট চিকেন ও ফিশ ফিলে দারুণ জনপ্রিয় ক্রেতা-ভোক্তাদের কাছে। এখানে প্রতি পিস ব্রোস্ট চিকেন ১২৫ টাকায় ও ফিশ ফিলে ২৬৫ টাকায় পাওয়া যাচ্ছে। চার পিস ব্রোস্ট চিকেন দিয়ে তৈরি স্ন্যাক্স বক্স ৪৭০ টাকা ও আট পিস ব্রোস্ট চিকেন দিয়ে তৈরি ডিনার বক্স মিলবে ৯২০ টাকায়। এ ছাড়া মালয়েশিয়ান স্যাভোরি রাইসের সঙ্গে ভেজিটেবল সালাদ, এক পিস ব্রোস্ট চিকেন ও সফট ড্রিংকস মিলবে ‘ওয়েস্টার্ন মিল-১’ মেন্যুতে। খরচ হবে হবে ২৮০ টাকা। এভাবে বিভিন্ন পদের খাবার দিয়ে তৈরি আট ধরনের ওয়েস্টার্ন মিল পাওয়া যাচ্ছে বিভিন্ন দামে।
এ রেস্তোরাঁয় ৩১০ টাকা দামের ‘ক্যানো মিল সিঙ্গেল’ এ পাওয়া যাচ্ছে মালয়েশিয়ান স্যাভোরি রাইস, ভেজিটেবল সালাদ, এক পিস ব্রোস্ট চিকেন, সস ও সফট ড্রিংকস। ৪১৫ টাকায় ‘ক্যানো মিল ডাবল’ কিনলে ক্যানো মিল সিঙ্গেলের সেট মেন্যুর সঙ্গে যুক্ত হবে একটি অতিরিক্ত ব্রোস্ট চিকেন।
‘নাসি লিমাক’ নামের সেট মেন্যুতে মিলবে স্যাভোরি রাইস, ফ্রেশ টমেটো ও শসা, ড্রাই ফিশ, বাদাম, ডিম, এক পিস ব্রোস্ট চিকেন ও সফট ড্রিংকস। এই সেট মেন্যুর দাম পড়বে ৩১০ টাকা। এ ছাড়া নতুন চালু হয়েছে স্যাভোরি রাইস, গ্রিলড চিকেন, ভেজিটেবল সালাদ ও সফট ড্রিংকস দিয়ে তৈরি ‘স্পাইসি পেরি পেরি ভেজিটেবল গ্রিলড চিকেন’ পদ।
বার্গার, পিৎজাওপাস্তা: সুগারবান রেস্তোরাঁয় চিকেন বার্গার, ফিশ বার্গার, ডাবল চিজ বার্গার, বিফ বার্গারসহ নয় ধরনের
বার্গার পাওয়া যাবে বিভিন্ন দামে। ‘স্পাইসি পেরি পেরি চিকেন পিৎজা সুপ্রিম’সহ ১৩ ধরনের পিৎজাও মিলবে এ রেস্তোরাঁয়। দাম পড়বে ৪৫০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা। এসব খাবারের পাশাপাশি চার ধরনের ইতালিয়ান পাস্তাও পাওয়া যাচ্ছে এ রেস্তোরাঁয়। প্রতি প্লেট ‘আলফ্রেডো পাস্তা’ ২৯০ টাকা, ‘ক্রিম চিকেন মাশরুম পাস্তা’ ২৯০ টাকা, ‘পাস্তা মেরিনারা’ ৩৪৫ টাকা ও ‘স্পাইসি পেরি পেরি গ্রিলড চিকেন পাস্তা’ পাওয়া যাচ্ছে ৩৩০ টাকায়। এসব খাবারের পাশাপাশি আমেরিকার ‘বাসকিন রবিনস’ ব্র্যান্ডের আইসক্রিম ও ইতালিয়ান কফি মিলবে এ রেস্তোরাঁয়।